
স্টাফ রিপোর্টারঃ
২০ দলীয় জোটের চলমান হরতাল ও অবরোধে নাশকতা মূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে কুমিল্লা নগরীতে জামায়াত-শিবিরের ৪ নেতাকর্মীকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ। রোববার (০১ ফেব্রুয়ারী) সকাল থেকে রাত সাড়ে ৯ টা পর্যন্ত নগরীর বিভিন্ন উপজেলায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় ।আটক হওয়া নেতাকর্মীরা হলেন, কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজ হাসপাতালের সহযোগী অধ্যাপক (শিশু বিভাগ) ডাঃ মোঃ জহিরুল আলম(৩৩) । তিনি খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কলোনীপাড়া গ্রামের মৃত সহিদ উল্ল্যাহ এর ছেলে। তিনি বর্তমানে কুমিল্লা টাওয়ার ১০ম তলা ১০-ডি তে বসবাস করেন। তিনি সেন্ট্রাল মেডিকেল কলেজ জামায়াতের সভাপতি, সেন্ট্রাল মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবির এর উপদেষ্টা ও সিলেট ওসমানী মেডিকেল কলেজ শাখা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। এছাড়া আটক হওয়া ওবায়দুল্লাহ মোঃ রিয়াদ (২৩) কুমিল্লা নগরীর চকবাজার এলাকার মোঃ আফজালুর রহমান মজুমদারের ছেলে। তিনি কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের সাবেক ছাত্র শিবির সভাপতি ছিলেন। আটক হওয়া শিবিরের কর্মী আলী হাসান খোকা(২৮) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার কালাকচুয়ার নারায়নশাহ গ্রামের সুয়া মিয়ার ছেলে এবং মোঃ মতিউর রহমান @ রিপন মুন্সি(৩৫) কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার পারুয়ারা গ্রামের আবুল হাসেম মুন্সির ছেলে। তিনি বুড়িচং উপজেলা জামায়াতের ইসলামী ওলামা মাশায়েখ সম্পাদক । কুমিল্লা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর আলম তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

















































