ইমতিয়াজ আহমেদ জিতু
কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে টহলকালে ডিবি (গোয়েন্দা) পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করেছে শিবির কর্মীরা। এ সময় শিবির কর্মীদের সাথে ডিবি পুলিশের গুলিবিনিময়ের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হয়েছে ডিবির ৪ এসআইসহ ৬ সদস্য। ঘটনাস্থল থেকে ২ রাউন্ড গুলিসহ ২টি রিভলবার ও ৬টি পেট্রোলবোমাসহ গুলিবিদ্ধ হয়ে আহত অবস্থায় আটক হয়েছে ৪ শিবির কর্মী।
বুধবার (০৪ ফেব্রুয়ারী) ভোররাতে সদর দক্ষিণ উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কৃষ্ণপুর নামাক এলাকায় এ ঘটনা ঘটে। দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ডিবি পুলিশ এ বিষয়টি নিশ্চিত করেছেন।
আহত ডিবির সদস্যরা হলো উপ-পরিদর্শক (এসআই) আদিল মাহমুদ, শাহ কামাল আকন্দ, সহিদুল ইসলাম ও নজরুল ইসলাম ,কনষ্টেবল শ্যামল চক্রবর্তী ও বাহারুল ইসলাম। ডিবি পুলিশ সদস্যসহ আহত শিবির কর্মীদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহত অবস্থায় আটক শিবির কর্মীরা হলেন, কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল গ্রামের ইসলাম মুহুরির বাড়ীর ইছহাক মিয়ার পুত্র মোঃ বোরহান উদ্দিন (২৫), চৌদ্দগ্রাম উপজেলার মাদারপুষ্কুরনী গ্রামের আব্দুল জব্বারের বাড়ীর মোঃ আঃ বারীর পুত্র মোঃ আঃ আলী (২২), নালঘর গ্রামের মজুমদার বাড়ীর মোঃ ফজলুর রহমানের পুত্র মোঃ আবু ইউছুফ (২৫) এবং মৌলভীবাজার জেলার কুলাউরা উপজেলার পশ্চিম ঘোড়াবই গ্রামের মোঃ আবুল কালামের পুত্র আবু ছুফিয়ান (২০)। আবু ছুফিয়ান সদর দক্ষিন উপজেলার জাম্বুরা গ্রামে তার নানা আলী আকবরের বাড়িতে বসবাস করছিল।
ডিবি পুলিশ সূত্র জানিয়েছে, কুমিল্লা জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মনজুর আলমের নেতৃত্বে এসআই শাহ কামাল আকন্দ, সহিদুল ইসলাম, আদিল মাহমুদ ও আবু নাছেরের সমন্বয়ে পৃথক ২টি টিম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে রাত্রিকালীন যানবাহনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। ভোররাত ৪ টার সময় মহাসড়কের কৃষ্ণপুর নামাক এলাকায় ডিবি পুলিশের গাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে নাশকতাকারীরা।
নিক্ষিপ্ত পেট্রোল বোমা লক্ষ্যভ্রষ্ট হলে ডিবি পুলিশকে বহন করা গাড়িটি থামানো হয়। ডিবি সদস্যরা গাড়ি থেকে নামার পরপরই তাদের লক্ষ্য করে ১০/১৫ জনের নাশকতাকারি দল এলোপাথারি গুলি চালায়। এ সময় ডিবি সদস্যরাও শর্টগানের গুলি বর্ষণ করে। গোলাগুলির এক পর্যায়ে শিবিরের ৪ সদস্যকে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় আটক করা হয়। পাল্টাপাল্টি গুলি বর্ষণে ডিবি পুলিশের ৬ সদস্য আহত হয়েছে।
ডিবি’র ওসি একেএম মনজুর আলম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা সকলেই শিবির নেতা-কর্মী। ২০ দলীয় জোট নেতাদের নির্দেশেই ডিবির গাড়িতে পেট্রোলবোমা নিক্ষেপ করেছিল তারা। ডিবির সদস্যরা শর্টগানের ১৭ রাউন্ড গুলি বর্ষণ করেছে। এ ঘটনায় সদর দক্ষিন থানায় মামলার প্রস্তুতি চলছে।


















































