মো. শহিদুল ইসলাম, চট্টগ্রাম :
বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের ডাকা এক মাসের লাগাতার অবরোধে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে পণ্য ওঠানামাসহ সকল কার্যক্রম স্বাভাবিক রয়েছে। তবে অবরোধ ও হরতালে পেট্রলবোমা মেরে গাড়িতে আগুন দেয়ার ঘটনার কারণে বন্দর থেকে পণ্য নিয়ে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল কিছুটা কমে গেছে।
ফলে সঠিক সময়ে দেশের বিভিন্ন জেলায় পণ্য না পৌঁছায় প্রতিদিন গড়ে এক হাজার কোটি টাকা লোকসান গুনতে হচ্ছে বলে জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ব্যবসায়ীরা। এমন পরিস্থিতি চলতে থাকলে অর্থনৈতিক অবস্থার চরম ধস নামার আশংকা করছেন তারা।
সাম্প্রতিক বন্দর ব্যবহারকারীদের নিয়ে চট্টগ্রাম চেম্বার আয়োজিত এক অনুষ্ঠানে এমনটি অভিযোগ করেন সভাপতি মাহবুবুল আলম। তিনি বলেন, নতুন বছরের প্রথম দিনটি শুরু হয়েছে হরতালের মধ্য দিয়ে। সেই থেকে অদ্যাবধি সারা দেশে অবরোধ, হরতাল, সহিংসতা, গাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ ইত্যাদি নৈরাজ্য চলছেই। যার কারণে অর্থনৈতিক কর্মকান্ড মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। অবরোধ ও হরতালে প্রতিদিন এসএমই খাতে ১৫০ কোটি, উৎপাদন খাতে ১০০ কোটি, পরিবহনে ৬৮ কোটি, রপ্তানিতে ৬৯৫ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে তিনি জানান।
বিজিএমইএর প্রথম সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ চৌধুরী বলেন, অবরোধ ও হরতালে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রপ্তানিমুখী শিল্প। ঢাকার সাড়ে চার হাজার তৈরি পোশাক কারখানার কাঁচামাল যায় চট্টগ্রাম বন্দর থেকে আবার উৎপাদিত পণ্য রপ্তানির জন্য আনতে হয় এখানে। কিন্তু পেট্রল বোমার কারণে মানুষের মধ্যে এখন নিরাপত্তার ব্যাপারে আতঙ্ক দেখা দিয়েছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে আগে যেখানে ১ হাজার কাভার্ডভ্যান চলতো এখন সেখানে তা ২শটিতে নেমে এসেছে। ৮-১০ হাজার টাকার গাড়িভাড়া এখন ২০-৩০ হাজার টাকায় দাঁড়িয়েছে।
বন্দর সূত্রে জানাগেছে, রপ্তানি পণ্য জাহাজীকরণও পণ্য ওঠানামায় কোনো রকম ব্যাঘাত ঘটছে না। বন্দরে আসা জাহাজ থেকে পণ্য আনলোড করা থেকে শুরু করে ট্রাক ও কাভার্ড ভ্যানে ভর্তির কাজ সঠিক সময়ের মধ্যে সম্পন্ন করা হচ্ছে। নির্ধারিত সময়ের মধ্যে বন্দর থেকে জাহাজ ছেড়ে যাচ্ছে। কিন্তু পণ্য ভর্তি ট্রাক,কাভার্ড ভ্যান ও কনটেইনারবাহী লরি বন্দর থেকে বের হতে কিছুটা ব্যাঘাত সৃষ্টি হচ্ছে। তবে অন্যান্য অবরোধ ও হরতালে তুলনায় এবার আগে থেকেই ঢাকা চট্টগ্রাম মহাসড়কে নিরাপত্তা জোরদার করায় বন্দরে পণ্য পরিবহন স্বাভাবিক রয়েছে বলে ওই সূত্রে জানায়।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল ম্যানেজার এনামুল করিম বলেন, অবরোধ ও হরতালে বন্দরে জাহাজ থেকে পণ্য উঠানামা স্বাভাবিক দিনের মত রয়েছে। অন্যদিনে শনি থেকে মঙ্গলবার এ চার দিনে গড়ে ১ হাজার ৫শ একক পণ্য ভর্তি কনটেইনার বন্দর থেকে সরবরাহ করা হয়। পরের দু’দিন বুধ ও বৃহস্পতিবার সেটি বেড়ে ১ হাজার ৮শ এককে উপরে উন্নীত হয়ে থাকে। গত ৫ জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত ত্রিশ দিনে এক দিন ছাড়া বাকি সব দিনই স্বাভাবিকের বেশি কনটেইনার সরবরাহ হয়েছে। কোনো দিন ৩ হাজার ৩শ এককও রেকর্ড হয়েছে। জানাগেছে, ৫ জানুয়ারি অবরোধ শুরু হওয়ার পর থেকে ৫ ফেব্রুয়ারি এই এক মাস স্বাভাবি ভাবে পণ্য সরবরাহ হয়েছে। এর মাঝে ১৯ জানুয়ারি ১ হাজার ৬৩৮ একক) কনটেইনার ডেলিভারি হয়েছে।
সবচেয়ে বেশি কনটেইনার (তিন হাজার ২৬৬ একক) ডেলিভারি হয়েছে ৯ জানুয়ারি। শিপিং সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, রপ্তানি পণ্য সঠিক সময়ে জেটিতে পৌঁছাতে না পারলে জাহাজীকরণ ব্যর্থ হয়। পণ্যগুলো ছাড়াই জাহাজ জেটি ত্যাগ করে। একে শিপিংয়ের ভাষায় ‘শাট আউট’ বলে। তবে এবার এ রকম একটি ঘটনাও ঘটেনি বলে নিশ্চিত করেন টার্মিনাল ম্যানেজার এনামুল করিম। তিনি বলেন, এ অবরোধ হরতাল চলাকালে পণ্য ডেলিভারি নিয়ে কারো কাছে থেকে মৌখিক কিংবা লিখিত অভিযোগ পাইনি। জানাগেছে, বৃহস্পতিবার চট্টগ্রাম বন্দর থেকে রপ্তানি পণ্য নিয়ে তিনটি কনটেইনার জাহাজ বন্দর ছেড়ে গেছে। জাহাজগুলো হলো মার্কস লাইনের কিমোলোস ট্রেডার্স, জার্মান পতাকাবাহী সি মেরিনের হানসা ক্যালিপসো ও সিঙ্গাপুরের পতাকাবাহী পিআইএলের জাহাজ কোটা আকবার। তিনটি জাহাজই নির্ধারিত রপ্তানি পণ্য নিয়ে যথাসময়ে বন্দর ছেড়ে গেছে। কোনো ‘শাট আউট’ নেই। জানা যায়, রপ্তানি পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে চট্টগ্রামের ১৬টি কনটেইনার ডিপোতে এনে জাহাজীকরণের উপযোগী করে বন্দর জেটিতে জাহাজে তোলার জন্য নেওয়া হয়। বিদ্যমান পরিস্থিতিতে ডিপোগুলোতে পণ্য ওঠানামা স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন ডিপো মালিকরা। তারা জানান, অন্য সময়ের হরতাল ও অবরোধে চট্টগ্রাম বন্দরের ভেতরে পণ্য ওঠানামা, জেটিতে পণ্য ভর্তি জাহাজ আসা, পণ্য নিয়ে জাহাজ ছেড়ে যাওয়া সব কিছুই প্রায় স্বাভাবিক থাকে। বন্দরের অভ্যন্তরে কাজে কোনো ব্যাঘাত ঘটে না। কিন্তু হরতাল-অবরোধের সময় পণ্য ভর্তি ট্রাক ও কাভার্ড ভ্যান এবং কনটেইনারবাহী লরি বন্দর থেকে বের হতে ব্যাঘাত ঘটে কিংবা অচলাবস্থার সৃষ্টি হয়। আবার রপ্তানি পণ্য দেশের বিভিন্ন স্থান থেকে মহাসড়ক হয়ে বন্দর জেটিতে নিয়ে জাহাজীকরণ করাও কঠিন হয়ে পড়ে। চিটাগাং কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি একেএম আকতার হোসেন বলেন মঙ্গরবার চট্টগ্রাম বন্দর থেকে ২ হাজার ৭০০ থেকে ২ হাজার ৮০০ টিইইউস (২০ ফুট দীর্ঘ), বুধবার ২ হাজার ১০০ থেকে ২ হাজার ২০০ টিইইউস ও বৃহস্পতিবার ১ হাজার ৭০০ থেকে ১ হাজার ৮০০ টিইইউস কনটেইনার ডেলিভারি হয়েছে। তবে কাভার্ডভ্যান, লরি, ট্রাক মহাসড়কে চলাচল কমে যাওয়ায় এবং গাড়ী ভাড়া বেশি দাবি করায় অনেকে নিরুপায় হয়ে চট্টগ্রামের বিভিন্ন স্থানে পণ্য গুদামজাত করছেন। ২০১৪ সালে বিএনপির নেতৃত্বধীন ২০ দলীয় জোটের ডাকা টানা অবরোধে বন্দর থেকে দেশের বিভিন্ন জেলায় নিবিগ্নে পণ্য পরিবহন করতে স্টেকহোল্ডারদের সঙ্গে বৈঠকের পর নৌ-পরিবহন মন্ত্রী শাহাজান খান ৪ ডিসেম্বর থেকে নৌপথে কনটেইনার পরিবহন শুরু করেন। তবে এবার এর ব্যতিক্রম হয়েছে। এবার নৌ-পথে পণ্য পরিবহণের ছেয়ে সড়ক পথে পণ্য নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে সরকার। অবরোধের মহাসড়কে পণ্যবাহী গাড়িতে হামলা রোধে র্যাব, পুলিশের বিশেষ পাহারায় পণ্য পরিবহনে নিরাপত্তা নিশ্চিত করা হয়। এতে প্রথমে কয়েক দিন শঙ্কা থাকলেও পরে পরিস্থিতির উন্নতি হতে থাকে। যদিও এখন পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী গাড়িসহ বিভিন্ন পরিবহনে বিচ্ছিন্নভাবে হামলা চলাচ্ছে দুবৃর্ত্তরা। বন্দর সচিব মো. ওমর ফারুক জানান, বন্দরের ভেতর পণ্য ওঠানামা স্বাভাবিক দিনের মতো। পণ্যের জটও নেই, সরবরাহও স্বাভাবিক। তবে হ্যাঁ, হরতাল-অবরোধ না থাকলে এই হার আরো বাড়ত। মহাসড়কে ঝুঁকি ও আতঙ্ক থাকায় বন্দর থেকে পণ্যবাহি গাড়ি যাচ্ছেন অন্যদিনের চেয়ে কিছুটা কম


























































