ইমতিয়াজ আহমেদ জিতুঃ
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোঃ নাসিম এমপি বলেছেন, ২০১৯ সালের আগে নির্বাচন হবে না। কোন সংলাপও হবে না। খালেদা জিয়া আপনি এখন নির্বাচনের কথা ভুলে যান। আগামী চার বছরে দল গোছান এবং আপনার বেয়াদব ছেলেকে সামলান। ২০১৯ সালে খেলা হবে এবং সেই খেলায় আমরা জিতব।
শনিবার (০৭ ফেব্রুয়ারী) বিকেল সাড়ে ৪ টায় চৌদ্দগ্রাম উপজেলার মিয়াবাজারে ১৪ দলের উদ্যোগে আয়োজিত নাশকতা ও সন্ত্রাস বিরোধী জনসভায় তিনি এসব কথা বলেন।
মোঃ নাসিম আরো বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারী নির্বাচন না হলে দেশে এখন মার্শাল ল থাকত। জননেত্রী জীবন বাজী রেখে নির্বাচন করেছিলেন বিধায় আজ দেশে গণতন্ত্র আছে । সবাই কথা বলতে পারছেন । যার কারণে এখন দেশে মার্শাল ল নেই।
তিনি বলেন, জামায়াতের কথা শুনে খালেদা জিয়া আপনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। আপনি কেন নির্বাচনে আসলেন না ? আপনি নির্বাচনের ট্রেন মিস করেছেন। কংগ্রেস ১০ বছর ক্ষমতায় ছিলেন । কংগ্রেস একজন আঞ্চলিক মোদির কাছে হেরেছেন । তারা তো ক্ষমতায় থাকতে পারেননি। আপনি নির্বাচনে আসলেন না। এখন জ্বালাও পোড়াও করে মানুষ খুন করছেন। যাত্রীবাহি বাসে কাপুরুষের মত আগুন দিয়ে ৮ জনকে হত্যা করেছেন। কি অপরাধ ছিল তাদের ? তারা তো কোন রাজনৈতিক দলের কর্মী নন।
মোঃ নাসিম আরো বলেন, খালেদা জিয়া আপনি আ’লীগকে ভয় দেখাচ্ছেন । আপনার ধারণা ভুল। আ’লীগ ভয় পায় না । আ’লীগ আন্দোলনের দল। আপনি পেট্রোল বোমা মেরে মানুষ হত্যা করছেন। মনে রাখবেন, বাঘে ধরলে বাঘে ছাড়ে,কিন্তু হাসিনা ধরলে ছাড়ে না। কয়েক দিনের মধ্যে আপনার কালো হাত ভেঙ্গে দেয়া হবে। আপনাকে বুঝিয়ে দিবো।
স্বাস্থ্যমন্ত্রী আরো বলেন, যতই মানুষ খুন করা হউক না কেন, যতই দাবি করুক না কেন, খালেদা জিয়ার কাছে মাথা নত নয়।
তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে বলেন, গুন্ডা ও খুনিদের যারা শায়েস্তা করতে পারবেন তারা থাকবেন, অন্যথায় থাকতে পারবেন না। ১৪ দলের লোকেরা যেভাবে বলবে সেভাবে অপরাধিদের শায়েস্তা করবেন।
জনসভায় উপস্থিত ছিলেন পরিকল্পনামন্ত্রী আ ফ ম মোস্তফা কামাল এমপি, রেলপথমন্ত্রী মুজিবুল হক মুজিব, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া, মইন উদ্দিন বাদল এমপি, বুড়িচং-ব্রাক্ষণপাড়া আসনের সাংসদ এড. আব্দুল মতিন খসরু, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, লাকসাম-মনোহরগঞ্জ আসনের সাংসদ তাজুল ইসলাম,কুমিল্লা দক্ষিণ জেলা আ’লীগের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক অধ্যক্ষ আফজল খান এড. প্রমুখ।


















































