শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


অগ্নিপরীক্ষায় দুই নেত্রী


পূর্বাশা বিডি ২৪.কম :
১১.০২.২০১৫

 

Khaleda-Hasina-400x229
ডেস্ক রিপোর্ট :
চলমান রাজনৈতিক সংকট নিরসন করতে পারছেন না প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে সংকট নিরসন করে বিএনপিকে আন্দোলন থেকে সরিয়ে নিতে চাইছেন। এজন্য কঠোর নির্দেশও দিয়েছেন তিনি। এই পর্যন্ত কয়েক দফায় তার মন্ত্রীরা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারবেন বলে সময় বেঁধে দেন। সেই ডেডলাইন ফেল করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার এখনও সফল হতে পারেনি। তবুও শেখ হাসিনা হাল ছাড়ছেন না। তার সিদ্ধান্ত, বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। আগাম নির্বাচনও হবে না। সব সংলাপের আহ্বান ও উদ্যোগ ব্যর্থ করে দিয়ে তিনি ক্ষমতায় থাকবেনই। ২০১৯ সালের আগে বিএনপির সঙ্গে সংলাপ ও সমঝোতার ইস্যুতে নমনীয় হবেন না। তার দিকে তাকিয়ে আছেন তার দলের নেতাকর্মীরা। জনগণও অপেক্ষা করছেন, তিনি কী করেন তা দেখার জন্য। সব মিলেয়ে তার পরিকল্পনা বাস্তবায়ন এবং দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়াটা তার জন্য কঠিন চ্যালেঞ্জ ও অগ্নিপরীক্ষা। সেই পরীক্ষায় তিনি এখনও উত্তীর্ণ হতে পারেননি। পারবেন কি না সেটাও কেউ নিশ্চিত করে বলতে পারছেন না। তবে তিনি শেষ পর্যন্ত চেষ্টা করেই যেতে চান। তার ঘনিষ্ট সূত্র এবং তার মন্ত্রিসভার নীতিনির্ধারক সূত্রে মিলেছে এই তথ্য।

একজন মন্ত্রী ও প্রধানমন্ত্রীর ঘনিষ্ট একজন নেতা বলেন, ‘দুই নেত্রীর অগ্নিপরীক্ষা চলছে। এতে যিনি এবার হেরে যাবেন, তার জন্য রাজনীতি অনেক কঠিন হবে। খালেদা জিয়া জয়ী হলে আওয়ামী লীগের রাজনীতিতে ব্যর্থতা লেখা হবে। সেই ব্যর্থতার ইতিহাস জীবন থাকতে লিখতে দেবেন না প্রধানমন্ত্রী। তাই বলা যায়, আমাদের নেত্রীই জয়ী হবে। এজন্য যা যা করার তিনি সব করবেন। কোনো ছাড় দেবেন না। সেভাবেই সরকার ও আওয়ামী লীগ সব ব্যবস্থা নিচ্ছে। আর ক’দিন পর দেখবেন, সব ঠিক হয়ে যাবে। স্বাভাবিক হয়ে যাবে।’

এদিকে বিএনপি ও তাদের জোটের দলগুলো ৫ জানুয়ারি থেকে আন্দোলন চালিয়ে যাচ্ছে। কিন্তু তাতে সাফল্য নেই। সরকার তাদের ওপর মানুষ পোড়ানো, সহিংসতা ও নাশকতার দায় চাপাচ্ছে। সেই ঘটনা তারা মিথ্যা প্রমাণ করতে পারেনি। সরকারকে সংলাপে বসার সুযোগ তৈরি করে দিতে গত বছর ৩১ জানুয়ারি সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সাত দফা ঘোষণা করলেও সরকার এর কোনো গুরুত্ব দেয়নি। এরপর ৩ জানুয়ারি থেকে তাকে অবরুদ্ধ করে রাখার পর খালেদা জিয়া অবরোধ চালিয়ে রাখার ঘোষণা দিয়ে এখনও চালিয়ে যাচ্ছেন। অবরুদ্ধ অবস্থা থেকে তিনি মুক্ত হয়েছেন গত মাসেই। এরপরও হরতাল করছে। তাদের প্রথমে লক্ষ্য ছিল, সরকারের সঙ্গে সংলাপ। এরপর আলোচনা করে সমঝোতা। সমঝোতা করার জন্য তারা ছাড় দিতেও চেয়েছিলেন। কিন্তু সরকার সংলাপ করবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। বিশেষ করে, কোকোর মৃত্যুর পর শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার অফিসের দরজা থেকে ফিরে আসার পর তিনি অনমনীয় রয়েছেন। যে কোনো মূল্যে বিএনপি চেয়ারপারসন, তারদল ও তার জোটের নেতাদেরকে আন্দোলন থেকে সরিয়ে নিয়ে আন্দোলন ব্যর্থ করে দিতে চাইছেন। আর এজন্য আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির নেতাকর্মী ও জোটের নেতাকর্মীদেরও আটক করছে। বিএনপির সিনিয়র নেতাদের কয়েকজন জানান, অনেক নেতাকর্মী গ্রেপ্তার ও ক্রসফায়ার আতঙ্কে এখন তারা বাড়িছাড়া। নেটওয়ার্ক যাতে সরকারের কোনো সংস্থা বের করতে না পারে, সেজন্য তারা মোবাইল ফোন বন্ধ করে রেখেছেন। নতুন করে মোবাইল ফোন ব্যবহার করছেন। অনেক নেতা পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ রাখছেন না। যেসব নেতা ঝুঁকির মুখে রয়েছেন, তাদের সঙ্গেও যোগাযোগ রাখছেন না। উল্টো তারা এখন নিরাপদে থাকার চেষ্টা করছেন। বিএনপি ও এর অঙ্গসংগঠন ও জোটের সব স্তরের নেতারা মাঠে নেই। মাঠে না থাকার কারণে আন্দোলনের সাফল্য তারা পাবে না বলে সরকার নিশ্চিত ধরে নিয়েছে। এ অবস্থায় বিএনপি চেয়ারপারসন অনেকটা মানসিকভাবে ভেঙে পড়েছেন। হতাশাও তাকে পেয়ে বসেছে। সূত্র জানায়, এ কারণে এবার তিনি আন্দোলন থেকে পিছু হটবেন না বলে সিদ্ধান্ত নিয়েছেন। সেই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য বাসা ছেড়ে অফিসে এসে রয়েছেন। পাশাপাশি তিনি নেতাকর্মীদেরও নির্দেশনা দিচ্ছেন। তারপরও মাঠে নেতারা নেই। বিশেষ করে, ঢাকার মাঠ শূন্য। ঢাকার বাইরেও কিছু নেতা রয়েছেন। তবে সেখানকার বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ নেতা বলেন, ঢাকার বাইরেও আন্দোলন সফল করার জন্য নেতা পাওয়া যাচ্ছে না। তারা এখন আত্মগোপন করে আছেন। এভাবে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে মাঠে দমননীতি চালালে আন্দোলন সফল হওয়া সম্ভব হবে না। এক পর্যায়ে মাঠ ছেড়ে দিতে হবে।

এদিকে, বিএনপি চেয়ারপারসনের ঘনিষ্ট একজন উপদেষ্টা বলেন, ‘সরকার যেভাবে মানুষ মারছে, ক্রসফায়ার করাচ্ছে, সেটার কারণে নেতারা ও মানুষ ভয় পেয়ে গেছে। এই কারণে আন্দোলনে অনেক নেতা মাঠে নেই। গ্রেপ্তার তো চলছেই। ফলে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি ঝুঁকি নিয়ে। আমাদের কাছে খবর ছিল, আগামী কয়েকদিনের মধ্যে একটা সাফল্য আসতে পারে। কিন্তু এখনও পর্যন্ত সে রকম কিছুই শোনা যাচ্ছে না। দেখাও যাচ্ছে না। আমরা সরকারের ওপর চাপ তৈরি করছি। সরকার যাতে নতিস্বীকার করে ক্ষমতা ছেড়ে দেয়, সেই চেষ্টা করছি। আমরা মাঠে থাকলেও ঢাকায় নেতারা কার্যকর কোনো উদ্যোগ নিতে পারছেন না। সেখানে আন্দোলন করতে পারছেন না বলে আন্দোলনও সফল হচ্ছে না। আমাদেরকে আন্দোলন সফল করতে হলে ঢাকার নেতাদের মাঠে নামতেই হবে। তারা গ্রেপ্তার হলেও ভালো। কিন্তু এখন যেভাবে আছে, এভাবে আন্দোলন সফল হবে না। তাদের কারণেই আন্দোলন সফল করা কঠিন হয়ে গেছে। ঢাকার কারণে আমরা ও আমাদের নেত্রী কঠিন পরীক্ষার মধ্যে রয়েছেন। এবারের পরীক্ষায় উত্তীর্ণ যে কোনো মূল্যে হতেই হবে। আমরা ও আমাদের নেত্রী এবার সফল হতে না পারলে রাজনীতিতে বিএনপি ও জোট অনেক পিছিয়ে যাবে। এবার পিছিয়ে গেলে এবং আন্দোলন ব্যর্থ হলে বিএনপির আগামী দিনে কম সময়ের মধ্যে ক্ষমতায় আসাও কঠিন হবে। জনগণেরও আশাভঙ্গ হবে।’

বিএনপির স্থায়ী কমিটির সদস্য এক নেতা বলেন, ‘বিএনপির এই অগ্নিপরীক্ষায় যেকোনো মূল্যে পাস করতেই হবে। এখন যদি আমরা আন্দোলন থেকে পিছিয়ে যাই, তাহলে দলের অস্তিত্ব হুমকির মুখে পড়বে। আন্দোলন স্থগিত করে দিলে মাঠের নেতারা এরপর আতঙ্কে থাকবে। তাদেরকে নির্যাতন ও নিপীড়ন সহ্য করতে হবে। প্রাণনাশেরও সম্ভাবনা রয়েছে। এই অবস্থায় আমরা অনেকটা চিন্তিত। আন্দোলন এবার চালিয়ে যেতে হবে। সরকার আমাদের নেত্রীকে গ্রেপ্তার করতে চাইছে। সেটা করলেও আমরা পিছু হটব না। যে কোনো মূল্যে সাফল্য আনতে হবে মনে করেই এগুচ্ছি।’

আন্দোলনের শেষ নির্দেশ কী দিয়েছেন বেগম খালেদা জিয়া, এ ব্যাপারে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট আহমেদ আযম খান বলেন, ‘আন্দোলন সফল না হওয়া পর্যন্ত আমরা পিছু হটব না। ম্যাডাম বলেছেন, মাঠে থেকেই আন্দোলন চালিয়ে নিতে হবে, সাফল্য না আসা পর্যন্ত।’ বিএনপি সূত্র জানায়, বিএনপিকে সফল করার জন্য আন্তর্জাতিক মহল সহায়তা করছে। জাতিসংঘ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়নও চেষ্টা করছে সংলাপ করানোর জন্য। তারা এক বছরেও সফল হতে পারেনি। সর্বশেষ সোমবার নাগরিক সমাজের তরফ থেকে এটিএম শামসুল হুদা রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসনকে সংলাপের জন্য চিঠি দিয়েছেন। বিএনপি সেটা স্বাগত জানালেও এবং সংলাপের ব্যাপারে আশাবাদী হলেও রাষ্ট্রপতি কোনো উদ্যোগ নেননি। কোনো প্রতিক্রিয়া দেখাননি। প্রধানমন্ত্রীর তরফ থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেছেন, তাদের এই প্রস্তাব অবাস্তব ও অগ্রহণযোগ্য। সংলাপ হওয়ার কথাও নাকচ করেছেন তিনি। শেষ পর্যন্ত নাগরিক সমাজের উদ্যোগও ব্যর্থ হতে যাচ্ছে, প্রধানমন্ত্রী ও সরকারের সংলাপ করার আগ্রহ না থাকার কারণে।

এদিকে, দুই নেত্রী অবস্থান ধরে রাখা ও পরিকল্পনা সফল করার জন্য অগ্নিপরীক্ষায় ব্যস্ত থাকায় বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের হরতাল-অবরোধে ও সরকার পরিস্থিতি স্বাভাবিক করতে না পারার কারণে ভেঙে পড়ছে শিক্ষাব্যবস্থা। পাবলিক পরীক্ষা পিছিয়ে যাচ্ছে। শিডিউল ধরে রাখা যাচ্ছে না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ রয়েছে, স্কুল-কলেজের বেশিরভাগ ক্লাস বন্ধ। কোথাও কোথাও শুক্র-শনিবার ক্লাস হচ্ছে। যাও ক্লাস হচ্ছে সেখানে উপস্থিতি কম। সব মিলিয়ে এই আন্দোলনের কারণে একাডেমিক ও মানসিকভাবে পাঁচ কোটি শিক্ষার্থী এখন বিপর্যয়ের মুখে রয়েছে। যদিও বিশিষ্টজনরা বলছেন, শিক্ষাকে রাজনীতির বাইরে রাখতে হবে। সেটা অব্যাহত থাকলে গণতন্ত্র সুদৃঢ় হবে না। শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি), মাউশি, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের হিসাব মতে, বিভিন্ন স্তরে এখন পাঁচ কোটি শিক্ষার্থী রয়েছে। এরমধ্যে মাধ্যমিক স্তরে চার কোটি ৪৪ লাখ ৫২ হাজার ৩৭৪ জন, উচ্চমাধ্যমিকে ২৫ লাখ, কলেজ ও বিশ্ববিদ্যালয় পর্যায়ে ২৩ লাখ ৫০ হাজার ৮৯৭ শিক্ষার্থী পড়াশোনা করছে। ইংরেজিমাধ্যম ও কওমি বোর্ডসহ অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানে কয়েক হাজার শিক্ষার্থী পড়ছে। বিশ্ববিদ্যালয়, কলেজ এবং অধিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে ৩০ লাখ উচ্চশিক্ষা নিচ্ছে। কিন্তু কোথাও কোথাও এখন ক্লাস হলেও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ক্লাস-পরীক্ষায় ভাটা পড়েছে। বিশেজ্ঞরা মনে করছেন, হরতাল-অবরোধ-নাশকতা ও সহিংসতার ঘটনায় শিক্ষাজীবন ধ্বংস হচ্ছে। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ মনে করেন, শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হলে আগামী দিনে এর ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে। এটা আমরা বুঝলেও হরতালের মধ্যে শিক্ষার্থীদের জীবনের ঝুঁকি নিতে পারি না। এই কারণেই পরীক্ষার সময়সূচিতে পরিবর্তন আনা হচ্ছে। তিনি হরতাল-অবরোধ-সহিংসতা বন্ধ করার জন্য বিএনপির প্রতি আহ্বান জানান। বিএনপি এ নিয়ে চিন্তিত নয়। তারা এখন শিক্ষার্থীদের চেয়ে তাদের দাবি পূরণটাকেই বড় করে দেখছেন। প্রধানমন্ত্রী বিষয়টি ভালোভাবে নেননি। তারপরও তিনি পরীক্ষা শুক্রবার-শনিবার নিয়ে হলেও শেষ করতে চান। তার লক্ষ্য, যে কোনো মূল্যে তিনি তার লক্ষ্যে পৌঁছাবেন। আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেন, ‘আমি আগেও বলেছি, এখনও বলতে চাই, বিএনপির সঙ্গে কোনো সংলাপ হবে না। তাদেরকে ক্ষমতায় আসতে হলে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুতি নিতে হবে। তারা যতই আন্দোলন করুক না কেন আমরা তাদের সঙ্গে কোনো সমঝোতা করব না। প্রচলিত সংবিধানের আলোকেই ২০১৯ সালে নির্বাচন হবে। সেই নির্বাচনে তারা চাইলে অংশ নেবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারে দাবি ও এ বিষয়টি তাদের ভুলে যেতে হবে।’ তিনি বলেন, আমরা এমন সব ব্যবস্থা নেব, তাতে করে আমরাই জয়ী হব। কোনো আন্দোলনই টিকবে না। বিদেশি শক্তি যতই কাজ করুক, তাতে লাভ হবে না।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি