
ডেস্ক রিপোর্ট :
৩৯ দিন পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের প্রধান গেট খুলে দেওয়া হল। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন গতকাল বুধবার বিকেল ৪টা ৫৫ মিনিটে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করতে এলে গুলশান কার্যালয়ের পশ্চিম দিকের প্রধান গেটটি খুলে দেওয়া হয়।আরাফাত রহমান কোকোর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গুলশানে গেলেও খুলে দেওয়া হয়নি কার্যালয়ের প্রধান ফটক।
ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনকে বহনকারী একটি গাড়ি খালেদা জিয়ার কার্যালয়ে গেলে ওই অফিসের স্টাফরা পশ্চিম দিকের গেটটি খুলে দেন।এ সময় তিনি গাড়িসহ কার্যালয়ের ভেতর প্রবেশ করেন। রবার্ট গিবসনকে স্বাগত জানান বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা সাবিহ উদ্দীন ও প্রেসসচিব মারুফ কামাল খান সোহেল।
গত ৩ জানুয়ারি রাত থেকে গুলশানের ৮৬নং সড়কের ৬নং বাড়িতে অবস্থান করছেন খালেদা জিয়া।খালেদা জিয়ার ছোটোছেলে আরাফাত রহমান কোকোর মৃত্যুর পর ২৭ জানুয়ারি তার মরদেহ গুলশান কার্যালয়ে আনা হয়। সে সময় উত্তরদিকের পকেটগেট দিয়ে মরদেহবাহী কফিনটি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এদিকে, ২০ দলীয় জোট নেত্রীর তিন বেলার খাবার বাসা থেকে আসে বলে জানা গেছে। এর মধ্যে তার ভাই, বোন ও বড় ছেলের শ্বশুরের বাসা থেকে খাবার আসে বলে জানা গেছে। ৫ জানুয়ারি ২০ দলের ডাকা নয়াপল্টনের সমাবেশকে কেন্দ্র করে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে অবরুদ্ধ হয়ে পড়েন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৩ জানুয়ারি রাত ১১ দিকে নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে দেখতে খালেদা জিয়া গুলশান কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ কার্যালয়ের গেট বন্ধ করে দেয়। অনেক চেষ্টা করেও তিনি কার্যালয় থেকে বের হতে পারেন নি। সেই রাত থেকে এ পর্যন্ত গুলশানের নিজ কার্যালয়ে অবরুদ্ধ অবস্থায় জীবন-যাপন করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
৫ জানুয়ারি তিনি নয়াপল্টনে যাওয়ার উদ্দেশ্যে কয়েক দফা চেষ্টা করেও গুলশান কার্যালয় থেকে বের হতে পারেন নি। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গুলশান কার্যালয়ের গেটে তালা লাগিয়ে দিয়েছিল। এর পাশাপাশি কার্যালয়ের সামনে বালুর ট্রাক রেখে খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখে।
৫ জানুয়ারি বিকেল সাড়ে ৪ টার দিকে খালেদা জিয়া কার্যালয় থেকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশ সেখানে পিপার স্প্রে নিক্ষেপ করে। পরে তিনি গেটের ভেতর দাঁড়িয়েই সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং অনির্দিষ্টকালের অবরোধের ডাক দেন।
এভাবে ১৮ জানুয়ারি পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনীর শক্ত অবস্থান থাকে খালেদা জিয়ার কার্যালয়ের সামনে। ১৮ জানুয়ারি রাতে কার্যালয়ের সামনে থেকে জলকামান ও পুলিশের অতিরিক্ত গাড়ি সরিয়ে নেওয়া হয়। নিরাপত্তায় আনা হয় শিথিলতা।
গত ৩১ জানুয়ারি দিবাগত রাতে গুলশান কার্যালয়ের বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। ২০ ঘণ্টা পর পরের দিন রাত ১০ টায় পুনরায় বিদ্যুতের সংযোগ দেয়া হয়।ডিশ, ইন্টারনেট ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। গত মঙ্গলবার টেলিফোন সংযোগ দিলেও তা পাওয়া যাচ্ছে না। অবরুদ্ধ খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তার জন্য রোববার গুলশান কার্যালয়ের দেয়ালের উপর কাঁটাতারের বেড়া দেওয়া হয়েছে






















































