ডেস্ক রিপোর্টঃ
একটা অবাধ, সুষ্ঠ ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বিরাজমান সমস্যার সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমদ। তিনি বলেন, সরকারকে সকল একগুয়েমী পরিহার করে বিরোধী দলগুলোর সাথে দ্রুত সংলাপের আয়োজন করলেই সবকিছু স্বাভাবিক হয়ে আসবে।
বৃহস্পতিবার চেয়ারম্যানের ব্যক্তিগত সহকারী গোলাম মোস্তফা স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন।
জাফর আহমদ বলেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য আহসান হাবীব লিংকনসহ বিরোধী দলের নেতা-কর্মীদের জেলে রেখে কোনো রাজনৈতিক সংকটের সমাধান হতে পারে না। মিথ্যা মামলায় নেতা-কর্মীদের বারবার রিমান্ডে নেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেন কাজী জাফর।
২০ দলীয় জোটের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করে নি:শর্ত মুক্তি ও অবিলম্বে পরিস্থিতি স্বভাবিক করে বিরোধী দলের সাথে অর্থপূর্ণ সংলাপের মাধ্যমে বর্তমান রাজনৈতিক সংকটের সমাধানের জন্য সরকারের প্রতি আহবান জানান ২০ দলীয় জোটের অন্যতম এই শীর্ষ নেতা।























































