শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


সংকট চরম হলে কী করবে আ.লীগ-বিএনপি?


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

bnp-aleg

শাহেদুল আনাম খান : আজকের এই দুর্দিনে, রাজনৈতিক অচলাবস্থায় আমরা নিজেদের কত কঠিন অবস্থানে নিয়ে এসেছি, তা নিরূপণের জন্য কোনো বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়ার দরকার নেই। চেতন বা অবচেতন মনেই হোক, ঘটনার ফলাফল ভবিষ্যতে কতদূর প্রভাব বিস্তার করবে, সে বিষয়ে চিন্তা ছাড়াই বিএনপি নির্লিপ্তভাবে হরতাল-অবরোধের মতো নাশকতামূলক কর্মসূচি চালিয়ে যাচ্ছে। আওয়ামী লীগ বিরাজমান রাজনৈতিক অস্থিরতার প্রতি তীব্র ঘৃণা প্রদর্শন করছে। তারা এর পিছনে রাজনীতিকে দায়ী করছে না। আওয়ামী লীগ মনে করে, এ সমস্যা শুধু আইন-শৃঙ্খলার বিঘœজনিত কারণে সৃষ্ট। বিশ্বাস করা কঠিন যে, আমাদের দেশের রাজনীতিকদের দূরদর্শিতা সম্পর্কে আমরা ভালো কিছু জানি না। বর্তমান সংকট চরম পর্যায়ে পৌঁছলে কী করতে পারবেন আমাদের অভিভাবক, একটি নিরীহ জাতির নীতি-নির্ধারক, এ দেশের এমপি, মন্ত্রী এবং রাজনীতিবিদরা?
বলাই বাহুল্য, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনীতি ও সহিংসতা পাশাপাশি অবস্থান করছে। দীর্ঘদিনেও এ সমস্যা সমাধানের কোনো উপায় দেখা যায়নি। তাই স্বভাবতই ধরে নেওয়া যায়, দুটি গুরুত্বপূর্ণ বিষয় চরম সাংঘর্ষিকভাবেই পাশাপাশি অবস্থান করছে এবং এ সংকট কাটিয়ে ওঠার মতো কোনো সহজ কৌশল সরকারের জানা নেই। শুধু তাই নয়, আপাতত হলেও কোনটি প্রাধান্য দেওয়া উচিত, সে বিষয়েও সিদ্ধান্ত নিতে বারবার ব্যর্থ হচ্ছে সরকার।
পেট্রলবোমা বিস্ফোরণ সহিংসতা সৃষ্টিকারীদের এক অভিনব কৌশল। এ বিষয়ে কোনো কিছুই বুঝে উঠতে পারছে না আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্দেহভাজন হিসেবে আটক করা হচ্ছে বিএনপি-জামায়াতের অগণিত নেতাকর্মীকে, সাধারণ মানুষ তো আছেই। আমাদের এখন শুধু দেখার পালা, আমাদের রাষ্ট্রীয় বিভিন্ন নীতিমালা কতটুকু কার্যকর। অন্য আরেকটি বিষয়: ‘বন্দুকযুদ্ধে নিহত’ বলে যে কোনো হত্যাকা- চালিয়ে দেওয়া আজকাল আমাদের সংস্কৃতির অংশ হয়ে গেছে বলে মনে হয়। ‘এনকাউন্টার’ আর ‘শুটআউট’ বলে সাধারণ মানুষ হত্যার অধিকার সরকারের নেই। সাধারণ মানুষের জন্য অধিক নিরাপত্তার কথা বলে বিধিবহির্ভূত হত্যা কাম্য নয়।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন অনুভব করতে পারছেন, ধীরে ধীরে সবই হারাচ্ছেন তিনি। যদি তিনি তার পথ থেকে সরে না দাঁড়ান এবং সংলাপ যদি না হয়, তাহলে সাধারণ মানুষ ভয়াবহ রাজনীতির কবলে পড়ে সর্বস্বান্ত হতে পারে। এ প্রসঙ্গে আমরা যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের মন্তব্যের দিকে তাকাতে পারি। বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকট নিরসনের লক্ষ্যে তিনি প্রধানমন্ত্রীর কাছে এসেছিলেন, ইতোমধ্যে বেশ কয়েকটি দেশে যুক্তরাষ্ট্রের সহযোগিতায় গণতন্ত্র ফিরে এসেছে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললেন, ‘কোনো দেশ যদি নিজেদের সমস্যা নিজেরা সমাধান করতে না পারে, তবে বাইরের সাহায্য যতই শক্তিশালী হোক না কেন, তা কাজে লাগবে না।’
অদৃশ্য শক্তির বলে সাহস দেখাচ্ছে সরকার, অথচ পরিস্থিতি দিনদিন খারাপের দিকেই যাচ্ছে। তাছাড়া প্রধানমন্ত্রীর এমন উদাসীনতা কখনও জনগণের কাম্য নয়। সবকিছু বাদ দিলেও সাধারণ মানুষ সমস্যার যে জটিলতা লক্ষ্য করছে, তা থেকে দু’দলের কেউ-ই বের হতে পারবে না। প্রত্যেক রাজনৈতিক দলকেই পুরোনো দৃষ্টিভঙ্গি বদলে নতুন কিছু ভাবতে হবে। এর কারণ, তাদের সমস্যা তারা নিজেরাই সৃষ্টি করেছে। আওয়ামী লীগকে যেমন সরল পথে হাটতে হবে, তেমনি বিএনপিকেও যা ঘটেছে তা ভুলে যেতে হবে। অন্যথায় জটিলতা থেকে বের হয়ে আসার কোনো পথ খুঁজে পাবে না সরকার ও বিএনপি।
ডেইলি স্টার থেকে অনুবাদ করেছেন সারোয়ার আলম



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি