বৃহস্পতিবার,১৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ


কামারুজ্জামানের ফাঁসির পরোয়ানা কারাগারে


পূর্বাশা বিডি ২৪.কম :
১৯.০২.২০১৫

bccnews24.com-kamrujjaman-400x330

ডেস্ক রিপোর্টঃ

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধে ফাঁসির সাজাপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের ফাঁসি পরোয়ানা কারাগারে পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ পরোয়ানা জারি করেন। মৃত্যু পরোয়ানা ঢাকা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হচ্ছে।

এর আগে, বুধবার মোহাম্মদ কামারুজ্জামানের আপিলের পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চারজন বিচারপতির স্বাক্ষর শেষে বুধবার দুপুরে ৫৭৭ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করা হয়।

নিয়মানুযায়ী, কামারুজ্জামান ১৫ দিন সময় পাবেন রিভিউ করার জন্য। যদি এই সময়ের মধ্যে কামারুজ্জামান রিভিউ করেন তাহলে রিভিউ নিষ্পত্তি হওয়ার পর রায় কার্যকর করতে পারবে সরকার।

আর তিনি যদি রিভিউ না করেন তবে সরকারকে রায় কার্যকর করতে ১৫ দিন অপেক্ষা করতে হবে বলে আপিল বিভাগ বলেছেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদ- কার্যকর হওয়া কাদের মোল্লার রিভিউয়ের আবেদনের রায়ে এ সব কথা উল্লেখ করেছেন আপিল বিভাগ।

রায়ে আরও বলা হয়েছে, আপিল বিভাগ রুলসে রিভিউ দায়েরের ক্ষেত্রে যে সময়সীমার কথা বলা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস আইনের অধীনে রায়ের রিভিউর ক্ষেত্রে তা প্রযোজ্য নয়। এ ক্ষেত্রে ১৫ দিনের সময়সীমা অনুসরণ করতে হবে এবং অগ্রাধিকারের ভিত্তিতে রিভিউ আবেদন নিষ্পত্তি হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি