ডেস্ক রিপোর্টঃ
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় বলেছেন, মনে হচ্ছে আমি নিজের দেশেই এসেছি। ভারতের মাটির সঙ্গে আমাদের বন্ধন চিরদিনের। মনে হয়নি আমি অন্য কোনো দেশে এসেছি। মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেয়ার পর থেকেই বাংলাদেশে আসার উদ্যোগ নিয়েছি। এবার এলাম। এই সফর নিয়ে আমি আশাবাদী।
বৃস্পতিবার রাত ৯টার একটু পরে এয়ার ইণ্ডিয়ার ২৩০ বিমানে চড়ে মমতা বন্দোপাধ্যায় ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল নিয়ে ঢাকা শাহজালাল বিমান বন্দরে পৌঁছান। এ সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তাকে অভ্যর্থনা জানান। তিনি চামেলী লাউঞ্জ নিয়ে অপেক্ষমান সাংবাদিকদের উদ্দেশ্যে নিজে থেকেই বলেন, আমার ভীষণ ভালো লাগছে। এই সফর দুই দেশের জন্য মৈত্রীর সূচনা করবে।
বাংলাদেশের সঙ্গে ভারতের আবেগ জড়িয়ে আছে। বাংলাদেশে এর আগেও এসেছি ভালো লেগেছে।
বাংলাদেশের পাশাপাশি এই সফর নিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে আশাবাদী মমতা বন্দোপাধ্যায়। এর আগে তিনি কলকাতায় এই সফর সম্পর্কে সাংবাদিকদের বলেছেন, দুই বাংলার সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী হওয়া উচিত। বুধবার সাংবাদিকদের তিনি জানান যে, তার এই সফর সম্পর্ককে আরও শক্তিশালী করে তুলবে। মমতা আরও জানিয়েছেন, ঢাকার শহীদ মিনারের অনুকরণে কলকাতায় বিরলা প্ল্যানেটরিয়ামের সামনে তৈরি করা হবে ভাষা শহীদদের স্মরণে শহীদ স্মারক।
জানা গেছে, নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম, পর্যটন মন্ত্রী ব্রাত্য বসু, সাংসদ দেব, মুনমুন সেন ও সরকারের উচ্চপদস্থ আধিকারিকরা ছাড়াও সাংস্কৃতিক ও ব্যবসায়িক এক প্রতিনিধি দল ও সাংবাদিকদের একটি বড় টিমও এই সফরে রয়েছেন।
পররাষ্ট্র মন্ত্রনালয় সূত্র জানিয়েছে, পররাষ্ট্রমন্ত্রী মাহমুদ আলীর আমন্ত্রণেই মমতা বাংলাদেশ সফরে যাচ্ছেন। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর এটাই তার প্রথম বাংলাদেশ সফর। এর আগে ২০১১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে মমতার ঢাকা সফরে যাওয়া ঠিক থাকলেও শেষ মুহূর্তে তিস্তা চুক্তি নিয়ে মতবিরোধের কারণে তিনি ঢাকা সফর বাতিল করেছিলেন। তার পর থেকে বাংলাদেশের মানুষ মমতার উপর ক্ষুব্ধই ছিলেন। তবে কিছুদিন ধরে মমতাই বাংলাদেশ সম্পর্কে তার মনোভাব যে বন্ধুর সে কথা বারে বারে বলার চেষ্টা করেছেন।
সফরে তিন দিনেরে সফরে মমতা বাংলাদেশের প্রেসিডেন্ট আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে আলোচনা করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গেও মমতার বৈঠক অমিমাংসিত বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা।এছাড়া, বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গেও তিনি মিলিত হবেন। ধানমন্ডির বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ও নজরুল ইনস্টিটিউটও তিনি পরিদর্শন করবেন। সেই সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শহীদ মিনারে তিনি ফুল দেবেন। ভারতীয় হাইকমিশনে তার সম্মানে আয়োজিত এক অনুষ্ঠানেও অংশ নেবেন তিনি।
























































