ডেস্ক রিপোর্টঃ
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে তার গুলশান কার্যালয়ে অবস্থানকারীদের মধ্যে অনেকেরই শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া গেছে। টানা ৪৮ দিন কার্যালয়ে মধ্যে থেকে তারা ডাক্তারের সহায়তা না পাওয়ার কারণে এমনটা হচ্ছে বলে জানিয়েছেন চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার। তিনি বলেন, এসব কারণে ভেতরে অবস্থান করা অনেকেই এখন শারীরিকভাবে সুস্থতা বোধ করছেন না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান গত মঙ্গলবার ইইউ’র প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাত করতে গুলশান কার্যালয়ে যাওয়াপর আর বের হতে পারেননি। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় কার্যালয়ে যান। গ্রেফতার হতে পারেন এই আতঙ্কে তিনি আর কার্যালয়ে থেকে বের হননি। তিনিও বেশ অসুস্থতা বোধ করছেন।
দিদার বলেন, ৪৮ দিন ধরে একই স্থানে অবস্থান করার কারণে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, খালেদা জিয়ার প্রেস সচিব মারুফ কামাল খান সোহেল এবং নিরাপত্তা সমন্বয়ক কর্নেল (অব.) আবদুল মজিদ শারীরিকভাবে অসুস্থতা বোধ করছেন। তারা দীর্ঘদিন ধরে ডাক্তারের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। নিয়মিত ওষুধ গ্রহণ করতে না পারার কারণে অসুস্থতা বোধ করছেন।
তবে খাবার সংকটের কারণে কেউ অসুস্থ হয়েে পড়েছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, না, তবে আমরা খুব খারাপ সময় পার করছি। খেয়ে না খেয়ে ভেতরে অবস্থান করে দিন পার করছি।
এদিকে কার্যালয়ের ভেতরে দুজন স্ট্যাফ অসুস্থতার কারণে শুক্রবার তাদের রক্তের নমুনা সংগ্রহ করেছেন চিকিৎসক। সকালে ল্যাবএইড হাসপাতালের প্যাথলজি বিভাগের সুশীল চন্দ্র বাছার বিএনপি প্রধানের কার্যালয়ে প্রবেশ করেন।
বের হওয়ার পর তিনি বলেন, কার্যালয়ে অবস্থানরত দু’জন অফিস স্টাফের রক্ত সংগ্রহ করা হয়েছে। এখন ল্যাবে পরীক্ষার পর জানা যাবে তারা কি কারণে অসুস্থ হয়ে পড়েছেন বা বর্তমানে তাদের শারীরিক অবস্থা কোন পর্যায়ে।
দীর্ঘ সময় অবস্থান করা খালেদা জিয়ার শারীরিক অবস্থা প্রতিনিয়তই পর্যবেক্ষণে রাখা হচ্ছে বলে গুলশান কার্যালয় সুত্রে জানা গেছে। বৃহস্পতিবার রাত সোয়া ৯টার দিকে খালেদা জিয়ার শারীরিক অবস্থা পরীক্ষার জন্য গুলশান কার্যালয়ে যান অ্যাপোলো হাসপাতালের গ্যাস্ট্রোঅ্যান্টারোলজি অ্যান্ড হ্যাপাটোলজি বিভাগের চিকিৎসক প্রফেসর মুজিবুর রহমান ভূঁইয়া। রাত পৌনে ১২টার দিকে কার্যালয় থেকে বের হয়ে চিকিৎসক মজিবুর রহমান জানান, বেগম খালেদা জিয়া সুস্থ রয়েছেন।
এ বিষয়ে চেয়ারপারসনে প্রেস সচিব মারুফ কামাল খান সোহেলের কাছে জানতে চাইলে তিনি আমাদের সময়.কমকে বলেন, তিনি নিজেও শরীরে বেশ ব্যথা অনুভব করছেন। শারীরিকভাবে অনেকটা অসুস্থ হয়ে পড়েছেন। কার্যালয়ের ভেতরে যারা দীর্ঘদিন ধরে রয়েছেন তাদের অনেকেই তো নিয়মিত ডাক্তারের পরার্মশ নিয়ে চলাফেরা করেন কিন্তু এখানে থেকে সেটা সম্ভব হচ্ছে না। নিয়মিত হাটা চলা করাও যাচ্ছে না। সারাক্ষণই বসে বসে সময় পার করতে হচ্ছে।
বেগম খালেদা জিয়া সঙ্গে টানা ৪৮ দিন ধরে কার্যালয়ের মধ্যে রয়েছেন দলের ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুল কাইয়ুম, প্রেস সচিব মারুফ কামাল খান, বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাস, মাহবুব আলম ডিউ, নিরাপত্তা সমন্বয়ক অবসরপ্রাপ্ত কর্নেল আবদুল মজিদ, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা ও কিছু অফিস স্টাফ, কর্মকর্তা-কর্মচারীও ভেতরে অবস্থান করছেন।
























































