স্টাফ রিপোর্টারঃ
পদ্মায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ২ শতাধিক যাত্রী নিয়ে ডুবে গেছে এমভি মোস্তফা নামের একটি লঞ্চ। সারবাহী একটি কার্গোর ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে।
এদিকে, শিশু ও মহিলাসহ ৪৮ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে প্রায় অর্ধশতাধিক। গতকাল রোববার দুপুর পৌনে ১২টায় এই লঞ্চডুবির ঘটনা ঘটে। ঘিওর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জিহাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিএর আরিচা নদীবন্দর কর্মকর্তা এনামুল হক ভূইয়া বলেন, বাঘাবাড়িগামী এমভি নারগিস নামে সারবাহী একটি কার্গো জাহাজের সঙ্গে ধাক্কা লেগে লঞ্চটি মাঝ নদীতে ডুবে যায়। দুর্ঘটনাটি মাঝ নদীতে হয়েছে এবং
উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে স্থানীয়ভাবে ট্রলার ও লঞ্চ সেখানে গেছে।
পরে ঢাকা ফায়ার সার্ভিসের রেসকিউ ও ডুবুরি দলের ৮ সদস্যের একটি প্রতিনিধি দল বেলা পৌনে তিনটায় ঘটনাস্থলে আসে। তারা ১৯টি মরদেহ উদ্ধার করে।
উদ্ধার হওয়া যাত্রীদের মধ্যে রয়েছেন- ১৬ নারী, ৩ মেয়ে শিশু, ৪ ছেলে শিশু ও ১৯ জন পুরুষ রয়েছেন।
পুলিশের নিয়ন্ত্রণকক্ষে পরিচয় লিখে পাঁচটি লাশের ওপর কাগজ সেঁটে রাখা হয়। একটি লাশের পরিচয় লেখা ছিল বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের সহকারী পরিচালক ফজলুর রহমান খান (৫৬)। পরে অবশ্য তা সরিয়ে নেওয়া হয়। এ ছাড়া পরিচয় পাওয়া গেছে এমন চারজন হলেন: লাইলি বেগম (৬৫), মো. ইমরান (৮), মো?. সেলিম (২২) ও নাসির উদ্দিন (৪০)। মাগুরা জেলার শ্রীপুর থানার লাইলি বেগম (৬৪)। অপর জন ঢাকার নবাবগঞ্জের ফারুক হোসেনের ১ বছরের শিশু জুনায়েদ।
নিহত লাইলি বেগমের নাতি সাইফুল ইসলাম জানান, তার অসুস্থ দাদিকে ঢাকায় চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনায় পড়ে। তিনি আরো জানান, লঞ্চটিতে প্রায় ৩০০ জনের মতো যাত্রী ছিল। অতিরিক্ত যাত্রীর চাপই দুর্ঘটনার অন্যতম কারণ বলে অভিযোগ করেন তিনি।
এ লঞ্চটিতে সর্বোচ্চ ধারণক্ষমতা ছিল ১৩৪ জন বলে জানান বিআইডব্লিউটিসির এক কর্মকর্তা।
লঞ্চডুবির খবর পেয়ে পদ্মার পাড়ে হতাহতদের স্বজনেরা ভিড় জমাতে থাকে। তাদের আহাজারিতে পদ্মার বাতাস ভারী হয়ে উঠেছে। স্বজনদের ভিড় সামলাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হিমশিম খেতে হচ্ছে।
এদিকে, স্থানীয়ভাবে নৌপুলিশ, ফায়ার সার্ভিস হতাহতদের উদ্ধার তৎপরতা চালালেও লঞ্চটি উদ্ধারের কোনো কার্যক্রম শুরু হয়নি। মাওয়া থেকে উদ্ধারকারী জাহাজ রুস্তম রওনা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। উদ্ধারকারী জাহাজ রুস্তম বেলা ১টায় মাওয়া ঘাট থেকে রওয়ানা হয়েছে।
লঞ্চডুবির ঘটনায় সারবাহী কার্গো এমভি নারগিস-১ আটক করা হয়। পরে কার্গোটির মাস্টার মো. ইকবাল ও দুই লস্করকেও আটক করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনাকবলিত লঞ্চ থেকে সাঁতরে উদ্ধার পাওয়া যাত্রী বিমল চন্দ্র মন্ডল, তাপস কুমার দাস ও তার বন্ধু আখতার মোল্লা বলেন, এমএল মোস্তফা লঞ্চে তারা ফরিদপুর যাচ্ছিলেন। মাঝ নদীতে পৌঁছানোর পর বাম দিক থেকে এসে কার্গো জাহাজটি লঞ্চকে ধাক্কা দেয়। এতে কয়েক মিনিটের মধ্যেই ডান দিকে কাত হয়ে লঞ্চটি ডুবে যায়।
লঞ্চটিতে দুই শতাধিক যাত্রী ছিল জানিয়ে তারা বলেন, দুর্ঘটনার পর তারা সাঁতরে কার্গো জাহাজটির লাইফ টায়ার ধরে প্রাণে বেঁচে গেছেন।
উদ্ধার পাওয়া যাত্রীদের দেওয়া তথ্যে জানা যায়, দুর্ঘটনার পর শতাধিক যাত্রী সাঁতরে তীরে উঠতে সক্ষম হয়েছেন। বাকিরা লঞ্চের মধ্যেই রয়েছেন। মৃতের সংখ্যা আরো অনেক বলে উদ্ধার পাওয়া যাত্রীদের ধারণা।
জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় উপজেলা চেয়ারম্যান, বিআইডব্লিউটিএ এর চেয়ারম্যানসহ অনেকেই ঘটনাস্থলে রয়েছেন।
নৌমন্ত্রী মো. শাজাহান খান ঘটনাস্থল পরির্দশন করেছেন। প্রাথমিকভাবে নিহতের স্বজনদের ২০ হাজার টাকা করে দেওয়া হচ্ছে। নিহতদের তালিকা নির্মাণ করার পর ১ লাখ ৫ হাজার টাকা করে দেয়ার কথা ঘোষণা দেন নৌমন্ত্রী মো. শাজাহান খান।
এদিকে, এ দুর্ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
























































