ডেস্ক রিপোর্টঃ
ভারতীয় রাজনীতিতে কোনঠাসা হয়ে পড়া মমতা বন্দোপাধ্যায়ের বাংলাদেশ সফরটি ছিল মূলত: নিজের জন্যই। তিস্তা চুক্তি, সীমান্ত চুক্তিসহ নানা ইস্যুতে বাংলাদেশিদের কাছে এতোদিন ‘ভিলেন’ চরিত্র ছিল এই মমতা। তা কাটিয়ে উঠে ২০১৬ সালে পশ্চিমবঙ্গের বিধান সভার নির্বাচনে জয়ী হতেই তার এই সফর।
ভারতের ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি বা বিজেপির সঙ্গে সাপে-নেউলে সম্পর্ক তৃণমূল নেত্রী মমতার। সম্পর্ক নেই কংগ্রেস, সিপিএম কিংবা সিপিএম এর সঙ্গে। ভারতে রাজনৈতিক মিত্রহীন হয়ে পড়া মমতার একমাত্র ভরসা পশ্চিমবঙ্গের ক্ষমতা ধরে রাখা। তিস্তা চুক্তিসহ নানা ইস্যুতে তারা মমতার উপর ক্ষুব্ধ। বাংলাদেশ ছেড়ে ভারতে স্থায়ী আবাস গড়া মানুষগুলো এদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে গভীরভাবে সম্পৃক্ত। বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম, মুক্তিযুদ্ধ ও ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে তাদের একটি আত্মিক সম্পর্ক বিদ্যমান থাকায় মমতার কর্মকান্ডে ক্ষুব্ধ তারা। এই বিপুল সংখ্যক জনগোষ্ঠী আগামী নির্বাচনে একটি বড়ো ফ্যাক্টর হয়ে উঠবে। এর সঙ্গে রয়েছে সারদার অর্থ কেলেঙ্কারিসহ নানা ইস্যু। এই মুহুর্তে ভারতের যে প্রদেশে সরকার গঠনের জন্য মরিয়া হয়ে উঠেছে কেন্দ্রীয় সরকার বিজেপি তার শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ। আগামী নির্বাচনে এসব ইস্যুকে কাজে লাগিয়ে মমতাকে কুপোকাত করতে চান তারা।
দলটির সভাপতি অমিত মিশ্র ইতিমধ্যেই মমতাকে হুমকি দিয়ে রেখেছেন ২০১৬ সালে সরকার গঠন করতে আসছি বলে। মমতা বিন্দুমাত্র ঝুঁকি নিতে চাননি। আর এ কারণেই নিজ উদ্যোগেই এই সফরে এসেছেন। তাকে বাংলাদেশে আসার জন্য কোন আমন্ত্রণ জানানো হয়নি। তিনি নিজেই উদ্যোগী হয়ে এ সফরে এসেছেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এ সফরের মাধ্যমে বাংলাদেশের কোন অর্জন না হলেও মমতার অনেক অর্জন রয়েছে।
আওয়ামী লীগের এক শীর্ষ নেতা বলেছেন, তিস্তা চুক্তি, সীমান্ত চুক্তিসহ নানা ইস্যুতে ‘আমার উপর আস্থা রাখুন’ বলেই মমতা প্রমাণ করেছেন তিনি এতোদিন ভিলেন ছিলেন। তার কারণেই এসব চুক্তি করতে পারেনি কেন্দ্রীয় সরকার। তার মতে, তিস্তাসহ অন্য চুক্তিগুলো হয়ে গেলে এই সফরকে কাজে লাগিয়ে পশ্চিমবঙ্গের আগামী বিধান সভার নির্বাচনের বৈতরণী পার হতে খুব একটা বেগ পেতে হবে না। তবে গত নির্বাচনে যেভাবে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল দলটি সেটি হয়তো নাও পেতে পারে।
























































