রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


১৩০ রানে পরাজিত হলো দ. আফ্রিকা


পূর্বাশা বিডি ২৪.কম :
২২.০২.২০১৫

 

PIC_bg_979864477
স্পোর্টস ডেস্কঃ

দক্ষিণ আফ্রিকাকে একেবারে বিধ্বস্ত করেই নতুন ইতিহাস লিখলো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারত। বিশ্বকাপে আগের তিনবারের দেখায় প্রোটিয়ারাই শেষ হাসি হাসলেও রোববার (২২ ফেব্রুয়ারি) শেষ হাসিটা আলো ছড়ালো মহেন্দ্র সিং ধোনি বাহিনীর মুখেই। চতুর্থবারের দেখায় এবারের আসরের হট ফেভারিট প্রোটিয়াদের ১৩০ রানে হারিয়ে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিল ভারত।

মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) টসে জিতে প্রথমে ব্যাট করে স্কোর বোর্ডে সাত উইকেটে ৩০৭ রান জমা করে ভারত। ৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে ৪০.২ ওভারে মাত্র ১৭৭ রানেই গুটিয়ে যায় দক্ষিণ আফ্রিকা।

নড়বড়ে শুরু প্রোটিয়াদের
৩০৮ রানের টার্গেট তাড়া করতে নেমে শুরুটা মোটেও ভালো হয়নি দক্ষিণ আফ্রিকার। দলীয় ১২ রানের মাথায় ওপেনার কুইন্টন ডি ককের উইকেট তুলে নেন মোহাম্মদ শামী। এরপর হাশিম আমলা দলীয় ৪০ রানে মোহিত শর্মার বলে পুল করতে গিয়ে মোহাম্মদ শামীর হাতে ধরা পড়লে প্রোটিয়ারা বড় ধাক্কা খায়।

পরিস্থিতি সামলালেন ডু প্লেসিস- ডি ভিলিয়ার্স
এবি ডি ভিলিয়ার্স এবং ফাফ ডু প্লেসিস তৃতীয় উইকেট জুটিতে ৬৮ রানের পার্টনারশিপ গড়লে চিন্তায় পড়ে যান ভারতের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। এই সময় এই দুই ব্যাটসম্যানের পরিকল্পিত ব্যাটিং দেখে মনে হচ্ছিল এবারও বুঝি বিশ্বকাপ মঞ্চে ভারতকে হারিয়ে দেবে প্রোটিয়ারা।

ধস নামলো প্রোটিয়া মিডল অর্ডারে
ধোনির ঠাণ্ডা মাথার পরিকল্পনায় ম্যাচে ফিরে আসে ভারত। দক্ষিণ আফ্রিকান মিডল অর্ডারে ধস নামে ডি ভিলিয়ার্সের রান আউটের মধ্য দিয়ে। তখন প্রোটিয়াদের স্কোর ২২ ওভার শেষে  ১০৭ রান। এর আগের ওভারেই অশ্বিনের ওভার থেকে আসে ১০ রান। ২৩তম ওভারে বল করতে আসেন রবিন্দ্র জাদেজা।  জাদেজার পঞ্চম বলে দুই রান নিতে গিয়ে মোহিত শর্মার অসাধারণ থ্রোতে প্রোটিয়া অধিনায়ক রান আউট হয়ে গেলে তৃতীয় উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর দলীয় ১৩৩ রানের মাথায় মোহিত শর্মা ফাফ ডু প্লেসিসের উইকেট তুলে নিলে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ভারত। এরপর একে একে জেপি ডুমিনি, ডেভিড মিলার, পারনেল ও ফিল্যান্ডার আউট হয়ে গেলে দক্ষিণ আফ্রিকার বড় পরাজয় নিশ্চিত হয়ে যায়।

ভারতের টপ অর্ডারের অসাধারণ ব্যাটিং
টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় নয় রানের মাথায় রোহিত শর্মার উইকেট হারালেও সে অভাব বুঝতে দেননি ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানরা।  দ্বিতীয় উইকেটে শেখর ধাওয়ান এবং বিরাট কোহলি ১২৭ রান যোগ করে ভারতকে বড় স্কোরের ভিত গড়ে দেন। বিরাট কোহলি ৪৬ রান করে আউট হলেও ধাওয়ান এবং রাহানের ১২৫ রানের পার্টানারশিপে ম্যাচের নিয়ন্ত্রণেই থাকে বর্তমান চ্যাম্পিয়নরা। রাহানে ৭৯ রানের একটি অনবদ্য ইনিংস খেলে দলীয় ২৬৯ রানের মাথায় আউট হন।

ধাওয়ানের সেঞ্চুরি
ভারতীয় ওপেনার শেখর ধাওয়ানের পারফরম্যান্স ছিল উজ্জ্বল। ১৬ চার আর দুই ছয়ে খেলেন ১৪৬ বলে ১৩৭ রানের অসাধারণ ইনিংস।  মূলত তার ব্যাটিংয়ের কারণেই সুবিধা করতে পারেনি প্রোটিয়াদের দুর্দান্ত বোলিং অ্যাটাক। দলীয় ২৬১ রানের মাথায় তৃতীয় ব্যাটস্যান হিসেবে আউট হন এই ওপেনার।

স্লগ ওভারে ছিল প্রোটিয়া বোলারদের রাজত্ব
তবে ভারতের ব্যাটিং ইনিংসের শেষ নয় ওভার ছিল প্রোটিয়া বোলারদের রাজত্ব।  ভারতের স্কোর ৪১ ওভারে দুই উইকেটে ছিল ২৩৭ রান। কিন্তু শেষ নয় ওভারে ভারত তাদের স্কোর বোর্ডে ৭০ রান জমা করতে সমর্থ, তার জন্যে অবশ্য পাঁচ পাঁচটি উইকেট খোয়ায় ভারত।  ধোনি শেষ দিকে ১১ বলে ১৮ রান করলে ৩০০ পেরোয় ভারতের ইনিংস।

এই জয়ের ফলে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে পুল বি’র শীর্ষে অবস্থান ধরে রাখলো ভারত। আর প্রথম ম্যাচ জিতলে এই বিশাল হারে পয়েন্ট তালিকার পাঁচে নেমে গেলো দক্ষিণ আফ্রিকা। গ্রুপে দ্বিতীয় ও তৃতীয় স্থানে আছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ ও আয়ারল্যান্ড। আর একেবারে তলানিতে আছে পাকিস্তান



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি