বিপ্লব বিশ্বাস : তাহলে পুলিশ ও ছাত্রলীগের নেতাকর্মীরা কী করছিলেন! ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিসংলগ্ন রেসকোর্স ময়দানের প্রবেশমুখের সঙ্গেই রুবেলের চায়ের দোকানের ঠিক পেছনে চেয়ার পেতে ‘তাস’ খেলেন ছাত্রলীগের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নেতাকর্মী। এর একটু সামনে প্রধান ফটক দিয়ে ঢোকার আগে বটতলায়ও একই কায়দায় আড্ডা দেন ছাত্রলীগের বর্তমান ও সাবেক কয়েকজন নেতাকর্মী। আর সেখান থেকেই শুরু পুলিশের বেষ্টনী। ঘটনাস্থলের চারপাশে এত লোকজন, এত নিরাপত্তাবেষ্টনী, তারপরও লেখক ও ব্লগার অভিজিৎ রায় কী করে খুন হলেন এবং খুনিরা কী করে নির্বিঘেœ পালিয়ে গেল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অনেকেই অভিযোগ এবং ক্ষোভ জানিয়ে বলেন, ‘ছাত্রলীগ টেন্ডারবাজি, সন্ত্রাসে অভ্যস্ত। এরা চাঁদাবাজিসহ সব ধরনের অপকর্মে পারদর্শী। এরা কারো জীবন বাঁচাতে পারে না। এরা নিতে পারে। অথচ, ঘটনার সময় কমপক্ষে ১০ জন ছাত্রলীগ কর্মী পার্কের ভেতরে অবস্থান করে তাদেরই কর্মীদের ব্যাডমিন্টন খেলা দেখছিল। আর রুবেলের চায়ের দোকানের পেছনে তাস খেলছিল আরো এক গ্রুপ। সেখানেও ১০ জন ছাত্রলীগ নেতাকর্মী। তবে কি তারা আগে থেকেই ঘটনা জানত! আর পুলিশ! তাদের কথা বলে আর লাভ কি? এখানে তো টাকার গন্ধ নেই! টাকার গন্ধ থাকলে ঠিকই পুলিশ আগ বাড়িয়ে যেত। তারা কাকে আটক করে ভয়ভীতি দেখালে টাকা আসবে, সে সব জানে। অথচ পুলিশের সামনেই অভিজিৎ রায়কে ধারালো অস্ত্র দিয়ে যখন কোপাচ্ছিল সন্ত্রাসীরা, তখন তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে তা দেখছিল। তাহলে খুনীদের সঙ্গে কি পুলিশের যোগাযোগ ছিল?’
পুলিশের রমনা বিভাগের উপকমিশনার আবদুল বাতেন বলেন, শুধু পুলিশ নয়, সেখানে অনেক সাধারণ লোকও ছিলেন। তবে, রমনা অঞ্চলের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি) এস এম শিবলী নোমান আরেক ধাপ এগিয়ে বলেন, ‘একজন পুলিশ ঘটনা দেখে মনে করেছিল, মারামারি হচ্ছে। এ রকম যে ঘটবে, সেটা আগে বুঝতে পারেনি।’
যে জায়গায় অভিজিতের ওপর হামলা হয়েছে, সে পথ দিয়েই প্রতিদিন হাজার হাজার মানুষ বইমেলায় যাওয়া-আসা করেন। আর ঘটনাস্থল থেকে টিএসসি মোড় আর সোহরাওয়ার্দী উদ্যানের প্রবেশপথের দূরত্ব কয়েক গজ। টিএসসি মোড়ে মেলার জন্য ব্যারিকেড দিয়ে পুরো ফেব্রুয়ারি মাসই পাহারায় রয়েছে পুলিশ। এ ছাড়া শাহবাগ থানা সেখান থেকে খুব কাছেই। শাহবাগ মোড়, বইমেলা পেরিয়ে দোয়েল চত্বর, ফুলার রোডের মোড়, নীলক্ষেতসহ ক্যাম্পাসের প্রতিটি প্রবেশমুখে ছিল সার্বক্ষণিক পুলিশি পাহারা।
তবে পুলিশ এ ঘটনা না বুঝলেও একটি গোষ্ঠী আগে থেকে ঘোষণা দিয়েই অভিজিৎকে খুন করে। এমনকি খুনের পর ‘আনসার বাংলা-৭’ নামের একটি সংগঠন ‘টুইট’ করে খুনের দায় স্বীকার করে। এখন তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তারা বলছেন, তাঁরা মনে করছেন, এ খুনের সঙ্গে জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে।
ডিবির কর্মকর্তারা জানান, ব্লগার রাজীব হত্যাকা-ের পর থেকে পরিকল্পনাকারী ও নেতৃত্বে থাকা রানা পলাতক আছেন। ধারণা করা হচ্ছে, এই খুনেও রানার সম্পৃক্ততা আছে। এ ছাড়া ব্লগারদের প্রাণনাশের হুমকি দেওয়ার জন্য শফিউর রহমান ফারাবীকে সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তিনি জামিনে বেরিয়ে আসেন। ফারাবী অভিজিৎকে হত্যা করতে চান এমন মন্তব্য ফেসবুকেও করেছেন। এতে বলা হয়, ‘অভিজিৎ রায় আমেরিকায় থাকে। তাই তাকে এখন হত্যা করা সম্ভব না। তবে সে যখন দেশে আসবে তখন তাকে হত্যা করা হবে।’
বৃহস্পতিবার রাতের ঘটনার প্রত্যক্ষদর্শী অনেকেই বলেন, হামলা করেছে দুজন। একজনের গায়ে ছিল সাদা শার্ট, অন্যজন কোট পরে ছিল। বয়স ৩০-৩৫ বছরের মতো। তারা মাত্র এক মিনিট সময় নিয়েছে। হামলার পর দুজন দুই দিকে চলে যায়।


























































