বিশেষ প্রতিনিধি
গ্রেপ্তার হওয়ার পর আন্দোলন যাতে থেমে না যায়, সেজন্য দলের মাঠপর্যায়ের নেতা-কর্মীদের বিশেষ নির্দেশনা পাঠিয়েছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তার পক্ষে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান ৭৫টি সাংগঠনিক জেলার মধ্যে ৫৪ জেলার শীর্ষ নেতাদের কাছে এ নির্দেশনা পৌঁছে দিয়েছেন। গত ৩ দিন ধরে তিনি এ বার্তা পাঠিয়েছেন বলে দলীয় সূত্রে জানাগেছে।
গত বুধবার দুটি দুর্নীতি মামলায় খালেদা জিয়াসহ তিন আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক আবু আহমেদ জমাদার এদিন তাদের জামিন বাতিল করে পরোয়ানা জারির আদেশ দেন। খালেদার আইনজীবীরা পরোয়ানা বাতিলের আবেদন করলে তাও নাকচ হয়ে যায়।
বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে ২০০৮ সালের ৩ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট অর্থ আত্মসাতের অভিযোগে এবং ২০১১ সালের ৮ আগস্ট তেজগাঁও থানায় জিয়া চ্যারিটেবল ট্রাস্টের দুর্নীতির অভিযোগে এ দুটি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন। গত বছর ১৯ মার্চ অভিযোগ গঠনের মধ্য দিয়ে আদালত বিএনপির চেয়ারপারসনসহ আসামিদের বিচার শুরু করেন।
খালেদা জিয়া গ্রেপ্তার হলে আন্দোলন থেমে যাবে না জানিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, তিনি গ্রেপ্তার হলে আন্দোলনের প্রভাব পড়বে, এমনটি ভাবার কারণ নেই। তখন আন্দোলন আরো জোরদার ও বেগবান হবে। এতে কোনো নির্দেশনা লাগবে না। আন্দোলন তার আপন গতিতেই চলবে।
দলের গুলশান কার্যালয়ের সূত্র বলছে, গ্রেফতার নয়, আন্দোলন নিয়ে বেশি ভাবছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। কার্যালয়ে তার সঙ্গে থাকা নেতাদের সঙ্গে কথা বলার সময় আন্দোলনই আলোচনার প্রধান বিষয়বস্তু থাকছে। কার্যালয়ে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বেগম জিয়ার নির্দেশনা অনুযায়ী গত ৩ দিনে অন্তত অর্ধশতাধিক নেতার সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন আশঙ্কা প্রকাশ করে মনোবল অটুট রেখে আন্দোলন চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছেন।
খালেদা জিয়ার নির্দেশনা পাওয়ার কথা স্বীকার করে একাধিক জেলা বিএনপির সভাপতি সাধারণ সম্পাদক বলেন, আন্দোলন চাঙ্গা করতে খালেদা জিয়ার নির্দেশনা দিয়েছেন দলের শীর্ষনেতা নজরুল ইসলাম খান। আমরা প্রস্তুত আছি। খালেদা জিয়া গ্রেপ্তার হলে আন্দোলন আরও গতিশীল করতে নির্দেশনা অনুযায়ী রাজপথে নামবো।
























































