ইমতিয়াজ আহমেদ জিতু
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেছেন, তারেক রহমান লন্ডনে আইএসআই এর সাথে মিটিং করেছে। মিটিংয়ে সিদ্ধান্ত হয়েছে, হাসিনা সরকারের পতন হলে পাকিস্তানের সাথে কনফেডারেশন হবে। এর পর থেকেই বাংলাদেশে তারা নাশকতা শুরু করেছে।
সড়ক পথে সুষ্ঠুভাবে নিরাপদে যানবাহন চলাচলের লক্ষ্যে রোববার (১ মার্চ) বিকেল ৩ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত কুমিল্লা জেলা প্রশাসক মিলনায়তনে জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মত বিনিময় সভায় নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি এসব কথা বলেন।
নৌ-পরিবহন মন্ত্রী শাজাহান খান এমপি বলেন, বাংলাদেশে বহু গণতান্ত্রিক আন্দোলন হয়েছে । ১৯৫২, ৬৬, ৭১, ৯০, ৯৬ সালের আন্দোলনগুলোতে জনগণের সম্পৃক্ততা ছিল। বর্তমানে যে আন্দোলন অবিরামভাবে চলছে , তাতে জনগণের অংশগ্রহণ নেই। বিএনপি-জামায়াত আন্দোলনের নামে মানুষ পুড়িয়ে মারছে। এমন সহিংস আন্দোলন আগে কখনো হয়নি। যে আন্দোলনে জনগণের সম্পৃক্ততা হয়েছে, তা সফল হয়েছে, যেখানে জনগণ নেই, সেখানে বিফল হয়েছে।
তিনি বলেন, কেউ যদি ভাবে বোমা মেরে হাসিনা সরকারের পতন ঘটাবে, তা ভুল ধারণা । আমরা এরশাদের আমলে কার্ফু চলাকালেও মিছিল করেছি। মানুষ ১৪৪ ধারা ভেঙ্গে রাস্তায় নেমেছে । কিন্তু এ আন্দোলনে মানুষ মাঠে নামেনি। সন্ত্রাস করে কোন সরকারকে উৎখাত করা যায় না। পাকিস্তানে কয়েকদিন আগে ইমরান খান চেষ্টা করেছিল। তিনিও পারেননি। তাই এখন চুপ আছেন। বাংলাদেশেও সন্ত্রাসীরা সন্ত্রাসী কর্মকান্ড করে সরকার পতন ঘটাতে পারবে না। তাদের দমন করা হবে। পেট্রোল বোমা নিক্ষেপকারিদের দৃষ্টান্তমূলক শাস্তি হবে।
তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার জন্য মান্না সাহেব ঢাকা বিশ্ববিদ্যালয়ে লাশ ফেলার কথা বলেছেন, হল দখল করার কথা বলেছেন, তার শাস্তি হবে।
তিনি শ্রমিক মালিক পরিবহন নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নিশ্চিন্তে যানবাহন চালান। পুলিশ, বিজিবি, র্যাব ,জেলা প্রশাসন আপনাদের সহায়তা করবে।
তিনি বলেন, এখন সন্ত্রাসীরা টার্মিনালগুলোতে হামলার পরিকল্পনা করছে। নাশকতার কাজে মাদকাসক্তদের ব্যবহার করছে।
মন্ত্রী আরো বলেন, জামায়াত ইসলামী বাংলাদেশ মানে এটা বাংলাদেশের দল নয়। এটা বিদেশী এজেন্টের বাংলাদেশী শাখা। তারা সন্ত্রাসী।
মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন, কুমিল্লা সদর সাংসদ হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লা জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল, ১০ বিজিবির সিও কর্ণেল রহমান, পূর্বাঞ্চল হাইওয়ে পুলিশ সুপার রেজাউল করিম, কুমিল্লা পুলিশ সুপার টুটুল চক্রবর্তীসহ চাদঁপুর, লক্ষèীপুর, ফেনী, নোয়াখালী ও বি-বাড়িয়া জেলার পরিবহন শ্রমিক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


















































