শরীফ আহমেদ খান জুয়েল
চান্দিনায় জেনুইন হারবাল নামে একটি নাম সর্বস্ব নকল জুস কোম্পানীর কারখানায় অভিযান চালিয়ে মালামাল জব্দ করেছে চান্দিনা থানা পুলিশ। রবিবার দুপুরে উপজেলার মাইজখার ইউনিয়নের মেহার গ্রামের চেরাগ আলীর বাড়িতে এই নাম সর্বস্ব নকল জুস কারখানায় অভিযান চালিয়ে বিভিন্ন নাম সর্বস্ব নকল জুস, যৌন উত্তেজক সিরাপসহ পানিয় উদ্ধার করে তৈরিকৃত মালামাল জব্দ করে চান্দিনা থানা পুলিশ।চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) গোলাম মোর্সেদ জানান, চেরাগ আলীর ছেলে আবদুর রাজ্জাক (৩০) দীর্ঘ কয়েক মাস যাবৎ উপজেলার প্রত্যন্ত অঞ্চল মেহার গ্রামে একটি বাড়িতে এই নকল জুস ফেক্টরী নির্মান করে নকল ও ভেজাল জুসসহ বিভিন্ন যৌন উত্তেজক পানিয় তৈরি করে বাজারজাত করছিল। গোপন সংবাদের ভিত্তিতে রবিবার থানার উপ-পরিদর্শক স্বপন দাস ও সহকারি উপ-পরিদর্শক (এ.এস.আই) আলমগীরসহ অন্যান্য পুলিশ সদস্যরা অভিযান চালিয়ে মজুদকৃত জুস, যৌন উত্তেজক পানিয় ও তৈরিকৃত সরঞ্জাম উদ্ধার করে।এব্যাপারে চান্দিনা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে বলে জানান ওসি।

















































