কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইড়া গ্রামের টনকী এলাকায় কবরস্থানের পাশের ধানক্ষেত থেকে বিকাশ ও মোবাইল ব্যবসায়ী বাবুর (২২) এর গলাকাটা লাশ উদ্ধার করে মুরাদনগর থানা পুলিশ।
বুধবার বেলা ১১টায় পুলিশ লাশটি উদ্ধার করে।
নিহত ব্যবসায়ী বাবু উপজেলার রাজা চাপিতলা (দঃপাড়া) গ্রামের আবু জাহেরের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বুধবার সকালে বাইড়া গ্রামের কয়েকজন কৃষক জমিতে সেচ দেয়ার সময় ধানক্ষেতে একটি লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। সংবাদ পেয়ে মুরাদনগর থানার (উপ-পরিদর্শক) এসআই জালালের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ ব্যাপারে মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মৃতদেহটি ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল (কুমেক) মর্গে প্রেরণ করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলার প্রস্তুতি চলছে।


















































