স্টাফ রিপোর্টারঃ
আন্দোলনের ইতিটানতে দ্রুত নির্বাচন ছাড়া আর কিছুই ভাবছেন না জোট প্রধান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। মামলা পুনরুজ্জীবিত করাসহ গ্রেফতারী পরোয়ানা এমনকি ‘গৃহব›ি“শা’ থেকে কারাবন্দির হুমকিসহ কোন কিছুকেই আমলে নিচ্ছেন না তিনি। বরং দলীয় নেতাকর্মীদের কাছে বার্তা দিয়েছেন, জীবনের শেষ সময়ে নিজের চাওয়া, পাওয়ার কিছুই নেই। দেশ ও দেশের মানুষের অধিকার আদায়ের লড়াইয়ে তিনি সর্বোচ্চ ত্যাগ, মৃত্যুকেও বরণ করতে প্রস্তুত। কোন চাপের কাছে নতিস্বীকার করবেন না তিনি। অন্যদিকে সরকারের মেয়াদ পূরণ করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাও নিজ অবস্থানে অনড়। তিনিও সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত।
এদিকে চলমান আন্দোলন এবং দুই নেত্রীর অনড় অবস্থানে বিরাজমান সঙ্কট উত্তরণে নেপথ্য থেকে প্রকাশ্য জোর তৎপরতা শুরু করেছেন কূটনীতিকরা। জনগণের স্বার্থ বিবেচনা করেই একটি দীর্ঘ মেয়াদি সমাধানের পথ খুঁজছেন তারা। বিরোধী জোট নেত্রীর মতামত নিয়েছেন। সরকার প্রধানের সাথেও বসবেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন। যদিও নানামুখী কৌশলী বাধা এই চলার গতিরোধের চেষ্টা করছে।
বিএনপি প্রধান দেশে চলমান নাশকতায় কারা জড়িত এমন তথ্যচিত্র দিয়েছেন কূটনীতিকদের হাতে। সরকারের তরফ থেকেও অভিযোগের পাহাড় সাজানো হয়েছে বিরোধীদের বিপরীতে। তারপরও ক্ষমতাসীনদের চলন-বচন করণীয়তেই দুর্বার গতি পাচ্ছে তারা। পিছু হঠার কোন কারণ নেই বলে মনে করছেন আন্দোলনকারীরা।
এবার কৌশলী পথে কূটনীতিকরা
সরকারের কৌশলী বাধা ডিঙ্গাতে পাল্টা কৌশলী পথে হাঁটছেন কূটনীতিকরা। অতীতের মৌখিক বক্তব্যকে আমলে নিয়ে বিফল হওয়ায় এবার আটঘাট বেঁধেই নেমেছেন। মুখের কথাকে লিপিবদ্ধ করছেন কাগজে।
গত ৩ মার্চ মঙ্গলবার রাতে ২০ দলীয় জোট নেত্রী বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে যান ৯ দেশের কূটনীতিকরা। তাদের গমন আকস্মিক ছিল। পতাকাবিহীন একটি গাড়িতে ৯ দেশের রাষ্ট্রদূত অনেকটা প্রটোকল ব্রেক করে আসেন। নিরাপত্তায় নিয়োজিত পুলিশও বিষয়টি জানতো না।
কূটনৈতিক সূত্রে জানা যায়, গত ১ মার্চ রোববার সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন রাষ্ট্রদূতরা। পরদিন সোমবার বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাথে বৈঠক হওয়ার কথা ছিল। এ খবর বিএনপি সূত্রের। কিন্তু সরকারের ক্লিয়ারেন্স মেলেনি। তাই সাক্ষাৎ হয়নি। তবে মঙ্গলবার খালেদা জিয়ার সাথে সাক্ষাতের বিষয়টি কূটনীতিকদের কৌশলী হতে দেখা গেছে। যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাট তার গাড়ি নিয়ে অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলককের বাসায় যান। অন্যদের সাথে যোগাযোগ ও একত্রিত হন, তুরস্কের রাষ্ট্রদূত হুসেইন মুফতুগলু, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত পিয়েরে মায়াদন, কানাডা, জামার্নি, সুইজারল্যান্ড, জাপানসহ নয়টি দেশের রাষ্ট্রদূত। এরপর যুক্তরাষ্ট্র দূতাবাসের একটি সাদা রংয়ের মার্সিডিজ মাইক্রোবাস যোগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তারা কার্যালয়ে প্রবেশ করেন। এই গাড়ি থেকে যুক্তরাষ্ট্র নতুন রাষ্ট্রদূত মার্শা স্টিফেনস ব্লুম বার্নিকাটসহ পশ্চিমা ৯টি দেশের রাষ্ট্রদূতরা নামেন। স্বাগত জানানোর পর তারা দোতলায় খালেদা জিয়ার কক্ষে বসেন। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুুল কাইয়ুম উপস্থিত ছিলেন।
নাশকতার দালিলিক প্রমাণ উপস্থাপন
খালেদা জিয়ার সাথে এই রাষ্ট্রদূতদের বৈঠক হয় দীর্ঘ সোয়া ২ ঘণ্টার। আলোচনায় স্থান পায় বাংলাদেশে বিরাজমান রাজনৈতিক সঙ্কট নিরসন, মানুষের নিরাপত্তা, মানবাধিকার ও গণতন্ত্র, চলমান সহিংসতার বিষয়। পরে অস্ট্রেলিয়ার হাইকমিশনার আলোচনার বিষয়গুলোর অংশবিশেষ গণমাধ্যমকে অবহিত করেন। তিনি বলেন, মানুষের নিরাপত্তা, দেশের স্থিতিশীলতা, মানবাধিকার ও গণতন্ত্রের স্বার্থে আমরা বাংলাদেশে চলমান সহিংসতা বন্ধ করার জন্য সকল পক্ষকে আহ্বান জানাই। একই সঙ্গে আমরা চলমান রাজনৈতিক সংকট নিরসনের জন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে পারস্পরিক আস্থা গড়ে তোলার জোর দেই। এর আগে সরকারের পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক সম্পর্কেও জানান এই দূত।
সংশ্লিষ্ট সূত্র জানায়, আলোচনার ফাঁকে সাধারণ বিস্কুট ও চা দিয়ে আপ্যায়িত করা হয় রাষ্ট্রদূতদের। দীর্ঘ সময়ের বৈঠকে প্রায় সব রাষ্ট্রদূতই খালেদা জিয়ার কাছে নিজ নিজ প্রশ্ন করেন। জবাব এবং পাল্টা প্রশ্নও করেন খালেদা জিয়া।
একজন রাষ্ট্রদূত খালেদা জিয়ার কর্মসূচি এবং নাশকতার প্রসঙ্গ টানেন। এ সময় খালেদা জিয়া স্পষ্ট জানান, তার দলের কোন নেতাকর্মী নাশকতার সাথে জড়িত ছিল না, এখনো নেই এবং দৃঢ়তার সাথে অঙ্গীকার করতে পারি ভবিষ্যতেও এই কাজে জড়ানোর বিন্দুমাত্র সন্দেহ নেই।
উল্টো দালিলিক প্রমাণ (পত্রিকার রিপোর্ট ও ছবি) তুলে দেন রাষ্ট্র দূতদের হাতে। তাতে বিভিন্ন স্থানে পেট্রোলবোমা, ককটেল, ভাঙচুরের সাথে সরকারদলীয় নেতাকর্মীদের সম্পৃক্ততার রিপোর্ট ও তাদের আটকের ছবিও সরবরাহ করা হয়। চট্টগ্রামে ছাত্রলীগ নেতার কার্যালয় থেকে পেট্রোলবোমা উদ্ধার, কুমিল্লায় বাসে পেট্রোলবোমার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৩ ছাত্রলীগ নেতাকে গ্রেফতার এবং পরে স্থানীয় মন্ত্রীর তদবিরে ছেড়ে দেয়াসহ ডজন ঘটনার রিপোর্ট উপস্থাপন করেন খালেদা জিয়া।
জঙ্গি তৎপরতা প্রসঙ্গে আরেক রাষ্ট্রদূতের প্রশ্নের জবাবে খালেদা জিয়া তার সরকার আমলে জঙ্গি প্রধানসহ অন্যদের গ্রেফতারের উদাহরণ দেন। একই সঙ্গে তিনি জানান, যে জঙ্গি (শায়খ আব্দুর রহমান) বিএনপি গ্রেফতার করেছিল সে জঙ্গি নেতার শ্যালককে প্রতিমন্ত্রী করেছে এই সরকার।
ইউরোপীয় ইউনিয়নের দূত জামায়াত প্রসঙ্গ আনলে, বিএনপি চেয়ারপারসন জামায়াতের সাথে আওয়ামী লীগের অতীত জোটবদ্ধ আন্দোলনের কথা তুলে ধরেন। সাথে দেশের সর্বজন স্বীকৃত গণতন্ত্রহরণকারী খ্যাত ব্যক্তিকে এই সরকার তাদের শরিক করেছে বলেও প্রশ্নকারীকে জানান বিএনপি প্রধান।
সূত্রমতে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মধ্যবর্তী নির্বাচনের যুক্তি তুলে ধরে ৫ গত জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের আগে জাতিসংঘের মহাসচিবের বিশেষ দূত এবং শান্তিত্মবিষয়ক সহকারী মহাসচিব অস্কার ফার্নান্দেজ তারানকোর দূতিয়ালির কথাও উল্লেখ করেন। নির্বাচনের পর সরকারের তরফ থেকে যে বলা হয়েছে, ‘এটি সংবিধান রক্ষার জন্য নির্বাচন, খুব স্বল্প সময়ের মধ্যেই আরেকটি নির্বাচনের আয়োজন করা হবে’-এর ভিডিও চিত্র-তথ্যও উপস্থাপন করেন খালেদা জিয়া। সারা দেশে গুম, খুন, অপহরণ, মামলা, লাখো নেতাকর্মী কারাবন্দি, তার অবরুদ্ধতা, মিথ্যা মামলাসহ বিভিন্ন বিষয় আলোচনায় উপস্থাপন করেন সাবেক এই প্রধানমন্ত্রী। বৈঠকে সরকারের মিথ্যাচারের উদাহরণ দিতে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর ‘মিথ্যাচার’ সম্পর্কে ইউরোপীয় ইউনিয়নে প্রতিনিধিকে সাক্ষী মানেন।
আন্দোলনে তার যুক্তিকে ‘ইয়েস’ সূচক বাক্যে সমর্থন জানান দূতরা। এ সময় আলোচনার জন্য খালেদা জিয়া সব সময় প্রস্তুত বলে জানান। তবে তা হতে হবে মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখেই। এর জন্য সংলাপ হতে পারে। তাতে সরকার বা বর্হিবিশ্ব যে কেউ সংলাপের উদ্যোগ নিলেও তিনি রাজি।
বৈঠকের এক পর্যায়ে বিএনপি চেয়ারপারসনের সাথে বার্নিকাটের একান্তে ৪/৫ মিনিটের আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
আগের অবস্থানে নেই ভারতও
পররাষ্ট্রনীতিতে পরিবর্তন এনেছে প্রতিবেশী দেশ ভারত। বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার দেব মুখার্জি সম্প্রতি বিবিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন, মোদী সরকার ভারতের পররাষ্ট্র নীতির পরিবর্তন এনেছে। তা হলো প্রতিবেশী সকল দেশের সাথে সমস্যার সমাধান করে সুসম্পর্ক তৈরি করা। সার্কের চেয়েও তারা প্রতিবেশী দেশের সাথে সু-সম্পর্কের গুরুত্ব দিতে চায়। কয়দিন আগে দেশটির পররাষ্ট্র সচিব জয় শঙ্কর তার প্রতিফলনও দেখিয়েছেন। বাংলাদেশ সফরে এসে তিনি সকল বিষয় নিয়েই আলোচনা করেছেন। পাকিস্তানের সাথে আগের সরকারের বৈরী সম্পর্কের উল্টো চিত্র দেখাতে বাংলাদেশ থেকে সরাসরি পাকিস্তান সফরে যান। এদিকে সাবেক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতে রাজি থাকলেও সরকারের তরফ থেকে সহযোগিতা না করার কারণেই তা হয়নি বলে কূটনীতিক সূত্রের দাবি। এদিকে গত নির্বাচনের আগে কংগ্রেস সরকার কূটনীতির শিষ্টাচার বিসর্জন দিয়ে জনগণের পাশে থাকার বদলে সরকারই নয় ‘শেখ হাসিনার পাশে আছে ভারত’ এমন আনুষ্ঠানিক পক্ষপাত দেখিয়েছেন। কিন্তু এবার সে পরিস্থিতি নেই। প্রথমত বলেছে, দেশের জনগণই তাদের সিদ্ধান্ত নেবে, অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না মোদী সরকার। সরকারের তরফ থেকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতার সফরকে ইতিবাচক দাবি করলেও দেশে ফেরার পরই বিমানবন্দর থেকে মমতার সফর সঙ্গীকে গ্রেফতার করেছে ভারতীয় পুলিশ।
ক্ষমতাসীনদের চলন-বচনে গতি পাচ্ছে বিরোধীরা
সরকারদলীয় মন্ত্রী-এমপি, নেতাদের নানামুখী মন্তব্য এবং কর্মকান্ডে আন্দোলনের রসদ পাচ্ছে আন্দোলনকারীরা।
টানা ২ মাসের আন্দোলনের ফসল হিসেবে দেখছে সরকার প্রধানসহ তাদের মন্ত্রী-এমপিদের অসহায়ত্বকে। খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা মন্ত্রিপরিষদের সভায় সকলকে সাবধানে চলাফেরা করতে পরামর্শ দিয়েছেন। তিনি নিজেও শঙ্কা প্রকাশ করেছেন। এদিকে দলীয় এমপিদের নিজ নিজ এলাকায় যাওয়ার নির্দেশনা দিলেও হাতেগুনা কয়েকজন ছাড়া অন্যদের কেউই সে নির্দেশনা পালন করেন নি। ক্রসফায়ার, গুম, খুনের ভীতি উপেক্ষা করেই কৌশলী আন্দোলনে বিরোধী নেতাকর্মীরা। আন্তজেলার যোগাযোগ বিচ্ছিন্ন।
নাগরিক সমাজসহ বিভিন্ন মহল বলেছে, সরকার কার্যত ‘ঢাকায়বন্দি’। শুধু দেশ নয় বহির্বিশ্বের প্রতিটি দেশই আন্দোলনের অধিকাংশ দাবির সাথে একমত পোষণ করেছেন। সরকারের প্রতি জাতিসংঘসহ বিশ্বমোড়ল দেশের প্রধানদের রকমফের আহ্বানের সার কথা বিরোধী জোটের সাথে সংলাপে বসতেই হবে। এদিকে দলীয় চেয়ারপারসনকে গ্রেফতারের হুমকি দিলেও তা থেকে পিছু হটেছে সরকার। তাদের মতে, পটপরিবর্তনের আগে ঘরে ফিরলে লাশই হতে হবে, তাই রাজপথেই জীবন দিতে প্রস্তুত নেতাকর্মীরা। কর্মীদের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন জোটনেত্রী খালেদা জিয়াও। সব মিলে পিছু হঠার কোন কারণ নেই বলে মনে করছেন আন্দোলনকারীরা।
























































