স্টাফ রিপোর্টারঃ
পরোয়ানা থাকা সত্ত্বেও সহসা গ্রেফতার হচ্ছেন না বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। আদালতের আদেশ এবং প্রধানমন্ত্রীর দেয়া গতকালের বক্তব্য এমনই শুভ ইঙ্গিত বহন করে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। গ্রেফতারি পরোয়ানা বাতিল এবং আদালত পরিবর্তন চেয়ে বেগম খালেদা জিয়ার করা দুটি আবেদনের শুনানি পিছিয়ে আগামী এপ্রিলে অনুষ্ঠিত হবে। গতকাল হাইকোর্টের একটি বেঞ্চ এ আদেশ দিয়েছেন। অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বুধবার সংসদে বেগম খালেদা জিয়াকে গ্রেফতার করা হবে এমনটি বললেও গতকাল একটি অনুষ্ঠানে তিনি তার বক্তব্যে ‘ভদ্র লোকের মতো আদালতে আত্মসমর্পণ করতে বলছেন।’
প্রধানমন্ত্রীর এ বক্তব্য অত্যন্ত যৌক্তিক এবং তাতে শুভ বার্তারও আভাস রয়েছে। সরকারের এ আচরণ দেশের চলমান সংকট সমাধানে সুড়ঙ্গের শেষ প্রান্তে আলোর রেখা বলে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন। বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গ্রেফতার না করাটা দু’দলের মধ্যে সমঝোতার কিছুটা জায়গা রাখা বলেই অনেকের ধারণা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সরকারের অন্যান্য সিনিয়র মন্ত্রীরা তাদের বক্তব্যে বিরোধী দলের আন্দোলন দমনে কঠোর অবস্থান তুলে ধরছেন। বিরোধী দলকে সহিংসতার পথ পরিহার করতে সরকারের বিভিন্ন পর্যায়ের নেতারা জোরালোভাবে বলছেন। পাশাপাশি নেতাকর্মীদের গ্রেফতার করে মামলা দিয়ে তাদের প্রচ- চাপে রাখছেন। তারপরও আলোচনা যাতে হতে পারে এ জন্য আইনিভাবে বেশ কিছুটা জায়গাও রাখা হচ্ছে। অন্যদিকে দাবি আদায় না হওয়া পর্যন্ত বিরোধী দল তাদের আন্দোলন চালিয়ে যাওয়ার অনঢ় অবস্থানে রয়েছে। তারপরও কূটনৈতিক পর্যায়ে যোগাযোগের ভিত্তিতে বিরোধী দলও তাদের আন্দোলন অনেকটা শিথিল পর্যায়ে রেখেছে। বিরোধী জোটের নেত্রী বেগম খালেদা জিয়া তার পুত্রের মৃত্যুর পরও আন্দোলন শিথিলের কোন ঘোষণা দেয়নি। সেই নেত্রী বাংলাদেশ ক্রিকেট দলের বিজয়ের পর একদিনের জন্য আন্দোলন শিথিল করেন। এতে করে সংকট সমাধানে দু’দলের মধ্যে আলোচনার জায়গা তৈরি হচ্ছে। তবে দু’দল যদি তাদের অনঢ় অবস্থানের পরিবর্তন না করে তাহলে সমঝোতার আশা করা যায় না বলেও অনেকে মনে করেন। রাজনৈতিক বিশ্লেষক ড. আকবর আলি খান এ বিষয়ে বলেন, বর্তমান পরিস্থিতিতে আমি খুব একটা আশার আলো দেখছি না। দু’দলের অনঢ় অবস্থান এখন পর্যন্ত সমঝোতার কোন আভাস দেয় না। তারপরও আশাতো করতেই হয়। আমরাও সমঝোতার আশায় আছি।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার গ্রেফতারি পরোয়ানা স্থগিতের পরবর্তী শুনানি আদালতের অবকাশকালীন ছুটির পর অর্থাৎ আগামী এপ্রিল মাসে অনুষ্ঠিত হবে। এতে করে বেগম খালেদা জিয়াকে আদালতের প্রতি সম্মান দেখাতে গিয়ে হলেও গ্রেফতার করা হবে না এমনটাই আইন বিশেষজ্ঞরা মনে করেন। গত ২৫ ফেব্র“য়ারি বেগম খালেদা জিয়া আদালতে হাজির না হওয়ায় ওইদিন তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার বিশেষ জজ আদালত-৩-এর বিচারক আবু আহমেদ জমাদার। গ্রেপ্তারি পরোয়ানা থাকা সত্ত্বেও ৪ মার্চ বুধবারও আদালতে হাজির হননি খালেদা জিয়া। আইনজীবীর মাধ্যমে আদালতে চারটি পৃথক আবেদন করেন তিনি। আবেদন নথিভুক্ত করলেও কোন আদেশ দেননি বিচারিক আদালত। আগামী ৫ এপ্রিল মামলা দুটির পরবর্তী দিন ধার্য করে বিচারিক আদালত। এ বিষয়ে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেন, বিচারিক আদালতের আদেশ অমান্য করেছেন বেগম খালেদা জিয়া। আদালত আদেশ দিলে তা মান্য করতে হয়। সেটা তিনি না করে বিচারিক আদালতের গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার ও বাতিল চেয়ে আবেদন করেছেন। আদালত সে বিষয়ে কোন আদেশ দেননি। ফলে খালেদা জিয়াকে যেকোনো মুহূর্তে গ্রেপ্তার করতে পারে আইনশৃঙ্খলা বাহিনী। তিনি বলেন, খালেদা জিয়ার আদালতের প্রতি সম্মান জানাতে হবে। তার আদালতে হাজির হয়ে আবেদন করতে হবে। তারপর আদালতের যেকোনো আদেশ আসবে। এ বিষয়ে বেগম খালেদা জিয়ার প্রধান আইনজীবী খন্দকার মাহবুব হোসেন বলেন, বেগম খালেদা জিয়া দেশের কোন সাধারণ জনগণ নন। তিনি তিনবারের প্রধানমন্ত্রী ছিলেন। তাকে গ্রেপ্তার করতে হলে আইনি প্রক্রিয়া শেষ করতে হবে। তাকে গ্রেপ্তার করছে না বহির্বিশ্বের চাপ আছে সরকারের ওপর। বেগম জিয়া গ্রেপ্তার হলে সরকারের অবস্থা খারাপ হবে বলে মনে করেন তিনি।
সরকার সহিসংতা দমনে কঠোর অবস্থানে রয়েছে। তাদের মন্ত্রী-এমপিরাও তাদের বক্তব্যেও এ বিষয়টি জোরালোভাবে বলছেন। তারপরও দেশের বিশিষ্টজনের উদ্যোগ ও কূটনৈতিক তৎপরতায় ভেতরে ভেতরে কিছুটা হলেও শুভবার্তার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পাহাড়ের বুক থেকেই শীতল ঝরনা বয়ে যায়। তেমনি সরকার যতই কঠোর হোক দেশের স্বার্থে তারাও শান্তির বার্তা হঠাৎ করেই ছড়িয়ে দেবে এমনটাই অনেকের ধারণা। চলমান সংকট নিরসনে উদ্যোগ গ্রহণের জন্য দেশে এবং দেশের বাইরে সর্বত্রই সরকারের ওপর প্রচ- চাপ রয়েছে। তেমনি সহিংসতা বন্ধ করে আলোচনার পরিবেশ তৈরির জন্য বিরোধী দলকেও কূটনীতিকরা চাপ দিচ্ছেন। এ অবস্থায় দু’দলের মধ্যেই কিছুটা পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে বিশেষজ্ঞদের চোখে।
সরকারের বর্তমান আচরণ এবং রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় জনমনে কিছুটা হলেও আশার আলো উঁকি দিচ্ছে। বিশেষ করে ভারতের পররাষ্ট্র সচিবের সফর এবং তার মনোভাব, পরে গুলশান কার্যালয়ে খালেদা জিয়ার সাথে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নসহ প্রভাবশালী ১৬টি দেশের কূটনীতিকদের দীর্ঘ বৈঠক রাজনীতির অঙ্গনে সুবাতাসের ইঙ্গিত বলে বোদ্ধারা মনে করছেন। কূটনৈতিক সূত্র মতে, বাংলাদেশের চলমান সংকট নিয়ে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন, যুত্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের সার্বক্ষণিক নজরদারি সরকার কিছুতেই এড়িয়ে যেতে পারছে না। কূটনৈতিক চাপ সরকারকে বার বার ভাবনায় ফেলেছে। সর্বশেষ সফর করে যাওয়া ভারতের পররাষ্ট্র সচিবের মনোভাবের ফলে সরকার কঠোর অবস্থান থেকে সরে এসেছে। ভারতের পররাষ্ট্র সচিব তাদের পররাষ্ট্রনীতি যে আগের মতো চলবে না তার ইঙ্গিত দিয়ে গেছেন। এর ফলে সরকার বর্তমান সংকট নিরসনের ব্যাপারে নতুন করে ভাবতে শুরু করেছে। সরকারের এই ইতিবাচক ভাবনার প্রতিফলন যত দ্রুত ঘটবে জনমনে স্বস্তি এবং দেশে শান্তি-শৃক্সখলা তত দ্রুত ফিরে আসবে এমনটাই বিশ্লেষকদের ধারণা।
বিএনপির নেতৃত্বাধীন ২০দলীয় জোটের লাগাতার অবরোধ ও হরতালে সাধারণ মানুষ যেমন উদ্বিগ্ন তেমনি সরকারের জন্য তা খুব উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। চলমান আন্দোলনে দেশের ১ লাখ ২০ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সম্প্রতি প্রধানমন্ত্রী নিজেই জাতীয় সংসদে তথ্য দিয়েছেন। তবে সংসদে প্রধানমন্ত্রী এ তথ্য দেয়ার পর আরও কিছুদিন পেরিয়ে গেছে। ব্যবসায়ী নেতাদের হিসাব মতে এখন সে ক্ষতির পরিমাণ ১ লাখ ৭০ হাজার কোটিতে দাঁড়িয়েছে। আর চলমান অবস্থানে জাতীয় সমস্যা ও দুর্যোগ বলে আখ্যায়িত করেছেন অর্থমন্ত্রী। ব্যবসায়ীরাও তাদের প্রতিটি খাতে প্রতিদিন কত টাকা ক্ষতি হচ্ছে এ তথ্য তুলে ধরে গভীর উদ্বেগ প্রকাশ করছেন। তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের অধিকারবিষয়ক সংগঠন অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংকট নিরসনে দ্রুত পদক্ষেপ গ্রহণের জন্যও তারা সরকার ও রাজনীতিবিদদের প্রতি বার বার আহ্বান জানিয়েছেন। এত কিছুর পরও দু’পক্ষ যখন অনঢ় অবস্থানে ছিল তখন ব্যবসায়ীরা দু’চোখে অন্ধকার দেখছিলেন। এ অবস্থায় বিশিষ্টজনদের উদ্যাগ ও কূটনীতিকদের তৎপরতা তাদের সামনেও আশার আলো হয়ে দেখা দিয়েছে। বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি আবদুস সালাম মুর্শেদী এ বিষয়ে বলেন, ব্যবসায়ী হিসেবে আমরা আশা করবো চলমান সংকটের দ্রুত একটি সুন্দর সমাধান। এটা আলোচনার মাধ্যমেই আসবে বলে আমরা আশাবাদী।
























































