শনিবার,১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


গুরুত্বপূর্ণ নেতাদের খুঁজছেন খালেদা জিয়া


পূর্বাশা বিডি ২৪.কম :
১৪.০৩.২০১৫

Khaleda_108753-400x303

বিশেষ প্রতিনিধিঃ

চলমান আন্দালনকে চূড়ান্ত রুপ দিতে দলের গুরুত্বপূর্ণ নেতাদের খুঁজছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। পদধারী নেতাদের ঐক্যবদ্ধ করে রাজপথে নামাতে পারলে আন্দোলন সফল হবে বলে বিএনপি মনে করছে। গত ২০০৯ সালের কাউন্সিলে বিএনপির স্থায়ী কমিটিসহ অন্যান্য বেশকিছু গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনা হয়। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সর্বোচ্চ নীতিনির্ধারণী এ ফোরামে মোট সদস্য আছে ১৮ জন। তাদের মধ্যে পুরনো রাজনীতিক ড. আর এ গণি, এম শামসুল ইসলাম, বেগম সারোয়ার-ই রহমান, ব্যারিস্টার জমিরউদ্দীন সরকার, তরিকুল ইসলাম থাকলেও তারা বয়সের ভারে ন্যূব্জ বা শারীরিকভাবে অসুস্থ। এর বাইরে ড. খন্দকার মোশাররফ হোসেন, সালাউদ্দিন কাদের চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম কারাগারে রয়েছেন।

স্থায়ী কমিটির সদস্যদের মধ্যে নজরুল ইসলাম খান খালেদা জিয়ার বর্তমানে সঙ্গে গুলশান কার্যালয়ে অবস্থান করছেন। অন্য নেতারা যেমন- আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার মওদুদ আহমদ, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, ড. আব্দুল মঈন খানের মধ্যে কেউ কেউ আত্মগোপনে রয়েছেন। আবার কারও কারও বিরুদ্ধে সুবিধাবাদী রাজনীতিবিদের ‘তকমা’ও রয়েছে।

সূত্র জানায়, অতীতে বিএনপির নেতার সঙ্গে পরামর্শ করে বেগম খালেদা জিয়া যে সব রাজনৈতিক সিদ্ধান্ত নিতেন তা বাস্তবায়ন করত দলের ভ্যানগার্ড হিসেবে পরিচিত জাতীয়তাবাদী ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, কৃষক দলসহ অন্যান্য সহযোগী সংগঠন। কিন্তু এ সব সহযোগী সংগঠনের নেতারা এখন বিএনপির চালিকাশক্তিতে আসীন হলেও তাদের স্ব স্ব পদে ও দলে গতিশীল নেতৃত্বের অভাব বহুদিনের।

অতীতে এরশাদবিরোধী আন্দোলনসহ প্রতিটি সরকারবিরোধী আন্দোলনে সারাদেশের শ্রমজীবী মানুষকে নিয়ে আন্দোলন বেগবান করেছেন দীর্ঘদিন শ্রমিক দলের সভাপতির দায়িত্ব পালনকারী নজরুল ইসলাম খান। বর্তমানে তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তার আগের পদে যাকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং যারা শ্রমিক দলের কেন্দ্রীয় দায়িত্বে রয়েছেন তাদের আগের মতো ভূমিকা নেই।

যুবসমাজকে নিয়ে ৮০ ও ৯০ দশকের পুরো সময়ে যুবদলের সভাপতির দায়িত্বে থাকা মির্জা আব্বাস ও সাধারণ সম্পাদক গয়েশ্বর চন্দ্র রায় (কারাগারে) বর্তমানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য। তারা এক সময় ঢাকাসহ সারাদেশে স্বৈরাচার এরশাদ ও আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলন জোরালো করেছিলেন। কিন্তু তাদের প্রথমে বিএনপির যুগ্ম-মহাসচিব এবং বর্তমানে সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম স্থায়ী কমিটিতে নিয়ে আসা হলেও তাদের স্থলে যুবদলে কাঙ্খিত নেতৃত্ব গড়ে ওঠেনি।

অন্যদিকে স্বৈরাচার এরশাদবিরোধী আন্দোলন ও পরবর্তী সময়ে (৯৬-২০০১) আওয়ামী লীগ সরকারবিরোধী আন্দোলনে ছাত্রসমাজকে নিয়ে বিশেষ ভূমিকা পালন করেন একদল মেধাবী ডাইন্যামিক সাহসী ছাত্রনেতা। ধারাবাহিকভাবে ছাত্রদলের নেতৃত্ব দেন আমানউল্লাহ আমান (বর্তমানে বিএনপির যুগ্ম-মহাসচিব), খায়রুল কবির খোকন (শিক্ষা সম্পাদক), রুহুল কবির রিজভী আহমেদ (যুগ্ম-মহাসচিব), ইলিয়াস আলী (দীর্ঘদিন নিখোঁজ, সাংগঠনিক সম্পাদক), নাজিম উদ্দিন আলম (আন্তর্জাতিক সম্পাদক), ফজলুল হক মিলন ( কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও গাজীপুর জেলা সভাপতি), শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি (ছাত্রবিষয়ক সম্পাদক), হাবিব-উন-নবী খান সোহেল (ঢাকা হোনগর সদস্য সচিব ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি) এবং নাসির উদ্দিন আহমেদ পিন্টু (দীর্ঘদিন ধরে কারাগারে)। এ সব সাবেক ছাত্রনেতা বিএনপির কেন্দ্রীয় বিভিন্ন পদে আসীন হলেও বর্তমানে বিএনপির অন্যতম ভ্যানগার্ড ছাত্রদলের সাংগঠনিক অবস্থা নড়বড়েই বলা চলে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি