বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ককটেল বিস্ফোরণের ছবি ধারণ করার সময় দুজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের কর্মীরা


ককটেল বিস্ফোরণের ছবি ধারণ করার সময় দুজন সাংবাদিককে লাঞ্ছিত করেছেন ছাত্রলীগের কর্মীরা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৩.০৩.২০১৫

 

পূর্বাশা ডেস্কঃ

ককটেল বিস্ফোরণের ছবি ধারণ করার সময় একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের দুজন সাংবাদিককে লাঞ্ছিত করা হয়েছে। যাঁরা লাঞ্ছিত করেছেন তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী বলে পরিচয় দিয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান। সোমবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকায় এ ঘটনা ঘটে।
একাধিক প্রত্যক্ষদর্শী জানান, সন্ধ্যা সাতটার দিকে রাজু ভাস্কর্যের পাশে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় টিএসসিতে গাড়ি নিয়ে অবস্থান করছিলেন এটিএন নিউজের প্রতিবেদক ইব্রাহিম পাঠান ও চিত্রগ্রাহক শরীফুল ইসলাম। শরীফুল তাৎক্ষণিকভাবে এ ঘটনার ভিডিও ধারণ করতে গেলে কয়েকজন লোক তাঁদের ঘিরে ফেলেন। তাঁরা নিজেদের ছাত্রলীগের কর্মী পরিচয় দিয়ে ওই দুই সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করেন। ছাত্রলীগের কর্মীরা সাংবাদিকদের ব্যবহার করা গাড়ির ডান পাশের লুকিং গ্লাস ভেঙে ফেলেন।
ইব্রাহিম পাঠান  বলেন, ‘একটি অনুষ্ঠান কাভার করতে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ে যাই। ওই অনুষ্ঠান শুরু হতে দেরি হওয়ায় টিএসসির মোড়ে গাড়ি নিয়ে অপেক্ষা করতে থাকি। হঠাৎ গাড়ির পেছন দিকে ককটেল বিস্ফোরিত হয়। এর ভিডিও ধারণ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা আমাদের ওপর চড়াও হয়। পরে পুলিশ আমাদের থানায় নিয়ে আসে।’

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসানের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করলে তিনি ফোন ধরেননি।

শাহবাগ থানার পরিদর্শক (তদন্ত) এ কে এম সাইদুল হক ভূঁইয়া বলেন, ‘বিস্ফোরণে ছবি ধারণ করায় ছাত্রলীগের নেতা-কর্মীরা সাংবাদিকদের ঘিরে ফেলে। টিএসসিতে দায়িত্বরত পুলিশ তাঁদের উদ্ধার করে থানা নিয়ে আসে। পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়।’



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি