স্টাফ রিপোর্টারঃ
এক নদী রক্ত পেরিয়ে, বাংলার আকাশে রক্তিম সূর্য -আনার দিন আজ। এ ভূ-ভাগের সবচেয়ে বড় অর্জন, বাঙ্গালীর সহস্র বছরের জীবন কাঁপানো ইতিহাস-মহান স্বাধীনতা ও জাতীয় দিবস আজ।পরাধীনতার নাগপাশ ছিন্ন করতে ১৯৭১ সালের ২৬ মার্চ এ জনপদে ভিসুভিয়াসের মত জ্বলে উঠেছিল স্বাধীনতার অনির্বাণ শিখা। ৪৪ বছর আগে এই দিনে বিশ্বমানচিত্রে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশের অভ্যুদয় বাঙালি জাতিকে এনে দিয়েছিল আত্মপরিচয়ের ঠিকানা। বায়ান্ন’র ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান, একাত্তরের মার্চের অসহযোগ আন্দোলন এবং ২৫ মার্চ ইতিহাসের বর্বরতম গণহত্যার পর ২৬ মার্চের রক্তলাল সূর্যোদয় বয়ে এনেছিল বহু প্রতীক্ষিত স্বাধীনতা, এদিন সূচিত হয়েছিল মহান মুক্তিযুদ্ধ। ১৯৭১ সালের মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাঙালি জাতি পাক সরকার বিরোধী সর্বাত্মক অসহযোগ আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে। একাত্তরের ১ মার্চ পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন স্থগিতের তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের ঘোষণার পর আপামর জনতা বিক্ষোভে ফেটে পড়ে। মার্চের পয়লা সপ্তাহ থেকেই ঢাকাসহ সারাদেশের স্কুল-কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, অফিস, আদালত-কলকারখানা কার্যত বন্ধ হয়ে যায়। অচল হয়ে পড়ে দেশ। ১৯৭১ সালের ৭ মার্চ ঐতিহাসিক রেসকোর্স ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখো জনতার বিশাল জনসভায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, ‘‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ”। বঙ্গবন্ধুর এ ঘোষণার পর স্বাধীনতার জন্য উন্মুখ বাঙ্গালী জাতি চূড়ান্ত সংগ্রাম ও আত্মত্যাগের প্রস্তুতি গ্রহণ করে। সারাদেশে বেজে ওঠে স্বাধীনতার দামামা। বঙ্গবন্ধুর পক্ষে মেজর জিয়াউর রহমানের কণ্ঠস্বর ভেসে আসে চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে । শুরু হয় মুক্তিযুদ্ধ। এর পরে দীর্ঘ নয় মাসের ইতিহাস পাকিস্তানি হানাদার বাহিনীর নির্বিচার গণহত্যা, নারী ধর্ষণ, লুটতরাজের মাধ্যমে মানবজাতির ইতিহাসকে কলংকিত করার ন্যক্কারজনক অধ্যায়; আর এ ঘৃণ্য ইতিহাসের বিপরীতে তখন রচিত হয় ইতিহাসের মহীয়ান অধ্যায়, মুক্তিকামী বাঙালির বীরগাঁথা। একাত্তরের ১৭ এপ্রিল জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাষ্ট্রপতি করে গঠিত হয় স্বাধীন বাংলা বিপ্লবী সরকার। অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম ও প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের নেতৃত্বে পরিচালিত মহান মুক্তিযুদ্ধ শেষ হয় একাত্তরের ১৬ ডিসেম্বর ঢাকায় দখলদার বাহিনীর আনুষ্ঠানিক আত্মসমর্পণের মাধ্যমে। মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে আত্মপ্রকাশ করে স্বাধীন-সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ।
























































