পূর্বাশা ডেস্কঃ
দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে সংলাপের মাধ্যমে বর্তমান সংকট সমাধানের লক্ষ্যে সরকার এগিয়ে আসবে বলে আশা করছে বিএনপির নেতৃত্বাধীন ২০ দলীয় জোট।
সোমবার রাতে গণমাধ্যমে ২০ দলের পক্ষে বিএনপির যুগ্ম মহাসচিব বরকত উল্লাহ বুলুর পাঠানো এক বিবৃতিতে এ কথা বলা হয়।
বিবৃতিতে বলা হয়, ‘দেশের আপামর জনসাধারণ ও ২০-দলীয় জোট আশা করে, সরকার দেশের স্বার্থে ও মানুষের কল্যাণার্থে সংলাপের মাধ্যমে বর্তমান সংকটের সুষ্ঠু সমাধানের লক্ষ্যে এগিয়ে আসবে।’
এদিকে বিএনপির অপর যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদের ‘নিখোঁজ’ হওয়া প্রসঙ্গে বিবৃতিতে বলা হয়, ‘সালাহ উদ্দিনের পরিবার, দেশের সুশীল সমাজ, আপামর জনসাধারণ এবং দল ও জোটের শত আকুতিতেও সরকার এখনও পর্যন্ত তার কোনো সন্ধান দিচ্ছে না। এই ধরনের ধারাবাহিক হৃদয়বিদারক ঘটনায় গোটা জাতি স্তম্ভিত, হতবাক ও শোকে ¤্রয়িমান হয়ে পড়েছে।’
সালাহ উদ্দিন প্রসঙ্গে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ-এর দেওয়া বিবৃতিটিকে ‘আন্তর্জাতিক মহলসহ দেশের ষোল কোটি মানুষের উদ্বেগ উৎকণ্ঠারই প্রতিধ্বনি’ বলে নিজেদের বিবৃতিতে অভিহিত করেছে ২০ দল।
বিবৃতিতে সরকারের বিভিন্ন কর্মকা-ের সমালোচনা করে আন্দোলন কর্মসূচি শান্তিপূর্ণভাবে অব্যাহত রাখারও আহ্বান জানানো হয়।























































