ইমতিয়াজ আহমেদ জিতু
সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, সংগীতজ্ঞ শচীন দেব বর্মণ সংগীতের ভুবনে এক অসাধারণ ব্যক্তিত্ব। তাঁর স্মৃতিবিজড়িত কুমিল্লার বাড়িটি একটি আদর্শ সংস্কৃতি কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।
মঙ্গলবার (২৪ মার্চ) বিকেলে প্রখ্যাত সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মৃতিবিজড়িত কুমিল্লার বাড়িটি পরিদর্শনকালে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর সাংবাদিকদের এসব কথা জানান।
মন্ত্রী বলেন, ইতিমধ্যে কুমিল্লা জেলা প্রশাসনের পক্ষ থেকে তাঁর স্মৃতি বিজড়িত বাড়িটি সংরক্ষণে পরিকল্পনা হাতে নেয়া হয়েছে। পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে বরাদ্দ প্রাপ্তির বিষয়টি শেষ পর্যায়ে রয়েছে।
আসাদুজ্জামান নূর বলেন, ভবনটি সংস্কার মানেই সিমেন্ট, বালি ও রং দেয়া নয়। এটাকে পূর্বের চেহারায় ফিরিয়ে নেয়া হবে।
এ সময় সংস্কৃতি মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মঞ্জুরুর রহমান, কুমিল্লা জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার টুটুল চক্রবর্তী, সদর উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ আবদুর রউফসহ স্থানীয় সাংস্কৃতিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে মঙ্গলবার থেকে ১০দিন ব্যাপি বই মেলার উদ্বোধন উপলক্ষে কুমিল্লায় আসেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর।
উল্লেখ্য, দীর্ঘদিন থেকে সরকারী হাঁস-মুরগীর খামার হিসেবে পরিচিত ছিলো সংগীতজ্ঞ শচীন দেব বর্মণের স্মৃতিবিজড়িত কুমিল্লার বাড়িটি। এই বাড়িটিতে বসে জাতীয় কবি কাজি নজরুল ইসলাম গানের তালিম নিয়েছিলেন ।


















































