বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » নির্বাচনী মোড়কেই আন্দোলন বিকল্প কর্মসূচির চিন্তা-ভাবনা


নির্বাচনী মোড়কেই আন্দোলন বিকল্প কর্মসূচির চিন্তা-ভাবনা


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৫

221

বিশেষ প্রতিবেদনঃ: নির্বাচনী মোড়কেই আন্দোলন। বিরোধী ২০ দলীয় জোট ‘বল’ ঠেলে দিয়েছে নির্বাচন কমিশনের কোর্টেই। তবে নির্বাচনের চেয়ে আন্দোলনকেই বেশি গুরুত্বসহকারে দেখছে তারা। কিছুদিন ঢিলেঢালা গেলেও এবার রাজপথ নিয়ন্ত্রণে নেবার সর্বাত্মক চেষ্টা প্রয়োগ করবে বিরোধী দল। কৌশল হিসেবে এই জোট মুখে সিটি নির্বাচনে অংশ নেবার কথা বলছে। কার্যতঃ গতি কমে যাওয়া আন্দোলন জোরদারের নানামুখী চিন্তা-ভাবনা করছে পর্দার অন্তরাল থেকে। পুলিশের নিয়ন্ত্রণে থাকা রাজপথ মুক্ত করতে অভিনব কর্মকৌশলের নির্ধারণে আলোচনা করছেন বিএনপি-জোটের রাজনীতিবিদগণ। আলাপকালে এমনতর কথা জানিয়েছেন জোটের নেতৃবৃন্দ। সিটি নির্বাচনে কৌশলের অংশ হিসেবে বিএনপি নেতাদের ব্যক্তিগত তরফ থেকেই মনোনয়নপত্র কেনা হয়েছে। শরিকদের কেউ মনোনয়নপত্রও নেননি। নির্ভরযোগ্য সূত্রের দাবি, চলমান অনির্দিষ্টকালের অবরোধ, শুক্র-শনি বাদে সপ্তাহব্যাপী হরতালের বিকল্প কর্মসূচির বিকল্পের কথাও ভাবা হচ্ছে। তা হতে পারে অসহযোগ, অবস্থান বা ঘেরাও কর্মসূচি। আর সে পরিকল্পনা থেকেই নির্বাচনী উত্তাপের রাজপথকে বেছে নেয়া হচ্ছে। পরিবেশ পেলে জীবনের ঝুঁকি নিয়ে সে কর্মসূচিতে হাজির হতে পারেন জোট প্রধান বিএনপি চেয়ারপারসন ‘অবরুদ্ধ’ বেগম খালেদা জিয়া। জোটের সিনিয়র একাধিক নেতা ইনকিলাবকে জানান, নির্বাচনী মোড়কে রাজধানীতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে চায়। বিশেষ করে বিএনপি ঢাকার নেতাদের প্রতি চরম ক্ষুব্ধ। তাই এবার ঢাকা দখলে নিতে তৃণমূলকেই ঢাকামুখী করা হতে পারে।

ইতোমধ্যে দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান লন্ডনের একটি সভায় ওই স্তরের নেতাকর্মীর দৃষ্টি আকর্ষণ করেছেন। বলেছেন, তৃণমূলের একজন কর্মীই একজন জিয়া। নিজেরই সিদ্ধান্ত এবং তা বাস্তবায়নের আহ্বানও জানিয়েছেন। তারমতে, নির্বাচনে যেতে হবে কৌশলের কারণেই। শুধু বিএনপিই নয়, দেশের কোটি মানুষ মনে করে সরকার ৫ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচনের মতো আরেকটি নির্বাচন (সিটি) করে নিজেদের মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে পারে। তা করলে সেখান থেকেই চলমান আন্দোলনের গতি তীব্র হবে, তখন আর সংলাপের কথা নয়, একদফা ঘোষণা দিয়ে তা বাস্তবায়নের মতো শক্তিশালী আন্দোলন গড়ে তোলা হবে। এ প্রসঙ্গে দলের বর্তমান মুখপাত্র বরকত উল্লা বুলু বলেছেন, বর্তমানের সিটি নির্বাচন একটি মহাচক্রান্তের অংশ। সরকার একটি তামাশার মহড়া দিচ্ছে। তাদের চলমান আন্দোলন লক্ষ্যে না পৌঁছা পর্যন্ত অব্যাহত থাকবে। তিনি আরো জানান, সামনের কর্মসূচিতে মহানগর, জেলা, থানা, পৌর-সভা এমনকি ইউনিয়ন পর্যায়ে দায়িত্বপ্রাপ্ত নেতার ভূমিকা প্রশ্নবিদ্ধ বা নিষ্ক্রিয়তার প্রমাণ মিললে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হতে পারে। এমন নির্দেশ দিয়েছেন চেয়ারপারসন ও সিনিয়র ভাইস-চেয়ারম্যান। ইতোমধ্যে একটি তালিকাও তাদের হাতে দিয়েছে আভ্যন্তরীণ তদন্ত কমিটি। এদিকে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা প্রবীণ আইনজীবী খন্দকার মাহবুব হোসেন আন্দোলন প্রসঙ্গে বলেন, নেতাকর্মীদের হত্যা, গুম, মিথ্যা মামলা ও গ্রেফতার করে সরকার সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির বিজয় অর্জনে বাধা দিতে পারবে না। এই নির্বাচনের মাধ্যমে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসবে। সেখান থেকে ফিরে আসার সুযোগ নেই। সরকার পতনের আন্দোলন ত্বরান্বিত হবে ওই কর্মসূচি থেকেই। একদফার বাস্তবায়ন না করে নেতাকর্মীরা ঘরে ফিরবে না। সূত্রমতে, সরকারের অঘোষিত তিন দিন, আর বিরোধী জোটের ৮১ দিনের সব মিলিয়ে ৮৪ দিনের বিরতিহীন অবরোধ চলছে। হরতাল হয়েছে ৫২দিন। এরই মধ্যে বিএনপির মুখপাত্র সালাহউদ্দিনসহ গুম, খুন, গুলি-ক্রসফায়ার, অপহরণ, পেট্রোলবোমায় পুড়ে নিহতসহ সারাদেশে সহস্রাধিক মানুষের প্রাণহানি ঘটেছে। প্রায় দুই হাজার যানবাহন পুড়ে ছাই। বিরোধী দলীয় দুই লাখ নেতার বিরুদ্ধে ৯ হাজার মামলা। খোদ জিয়া পরিবারের কনিষ্ঠ সদস্য মরহুম আরাফাত রহমান কোকোর ছোট কন্যা জাহিয়া থেকে শুরু করে খালেদা জিয়া পর্যন্ত সবাই মামলার আসামী। দলের ভারপ্রাপ্ত মহাসচিব থেকে শুরু করে গ্রাম পর্যায়ে দলের কর্মী পর্যন্ত প্রায় অর্ধলক্ষ নেতা-কর্মী কারাগারে। গণগ্রেফতার অব্যাহত। এর গতি আরো বাড়তে পারে এমন আভাস মিলেছে- ডিবির কর্মকর্তা মনিরুল ইসলামের বক্তব্যে। কয়দিন আগেই তিনি বলেছেন, ফৌজদারী মামলায় জামিন না থাকলে কাউকেই ছাড় দেয়া হবে না। তার মানে ২০ দলীয় জোটের প্রার্থীরা যেকোন সময় আত্মগোপন থেকে প্রকাশ্যে এলেই গ্রেফতার হতে পারেন, এমন আতঙ্কও বিরাজ করছে। এ পরিস্থিতিতে আন্দোলনের বিকল্প কিছুই দেখছে না সরকারবিরোধীরা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য, লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান জানান, বিএনপি সংঘাত চায় না, সংলাপ চায়। কিন্তু সরকার সংলাপ না, সংঘাত চায়। তাই যেভাবে আন্দোলন করলে সরকার সংলাপকে ‘হ্যাঁ’ বলবে আগামীর আন্দোলনের ধরন তেমনি হবে। তিনি জানান, নির্বাচন আন্দোলনের একটি মোড়কমাত্র। সরকার ইচ্ছে করলেই পরিবেশ সৃষ্টি করে বিএনপিকে নির্বাচনে নিতে পারে। তা না করলে সরকারের পতন নিজেরাই ডেকে আনবে। বিকল্প চিন্তা মানববন্ধন, বিক্ষোভ মিছিল, কালো পতাকা মিছিল, অবরোধ এমনকি হরতালের মতো শেষ অস্ত্র ব্যবহার করেছে সরকার বিরোধীরা। এতে করে লক্ষ্য সবটুকু পূরণ না হলেও প্রাপ্তি-প্রত্যাশার কাছাকাছি মিলেছে। সরকার অব্যাহতভাবে তাদের শরিক দল জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল হিসেবে জাহির করলেও আন্দোলনের মাধ্যমে প্রকাশ পেয়েছে আসল বিরোধী পক্ষ কোনটি।

সরকার ৫ জানুয়ারির প্রশ্নবিদ্ধ নির্বাচনের সমর্থন না পেলেও ইতোমধ্যে বহির্র্বিশ্বের কাছে বিএনপি নেতৃত্বাধীন জোটই যে বিরোধী শক্তি তার স্বীকৃতি দিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অব্যাহতভাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ‘উনি কে?’-ব্যঙ্গ-বিদ্রƒপ করলেও চলমান রাজনৈতিক সঙ্কট নিরসনে তার সাথেই সংলাপ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে। ইউরোপীয় ইউনিয়ন গত বৃহস্পতিবার বৈঠক করেছে। তাতে সরকারের প্রতি যেসব দাবি-দাওয়া তুলে ধরার অভিপ্রায় জানিয়েছেন কার্যত তা বিএনপির পক্ষেই যাবে। জাতিসংঘ থেকে শুরু করে ইইউ সবাই সংলাপের উপরই গুরুত্ব দিচ্ছে। এদিকে হরতালে নাশকতা নিয়ে দেশ-বিদেশে সমালোচনা হচ্ছে। হরতালে আওয়ামী লীগ নেতাকর্মীরা নাশকতা করলেও তার দায় পড়ছে বিএনপির উপর। তাই বিকল্প কর্মসূচির কথা ভাবছে বিএনপির নীতিনির্ধারকরা। সূত্র জানিয়েছে, এপ্রিলেই বিএনপি জোট হরতাল, অবরোধ থেকে বেরিয়ে আসতে চায়। এক্ষেত্রে ইইউ, জাতিসংঘসহ প্রতিবেশী দেশগুলোর মনোভাব বুঝার চেষ্টা করবে। রাজনৈতিক সভা-সমাবেশের উপর থেকে নিষেধাজ্ঞা সম্পূর্ণভাবে প্রত্যাহার এবং সমাবেশ করার অনুমতি পেলেই জনসভার ডাক দেবেন খালেদা জিয়া। আর তাতে বাধা দিলে অসহযোগ বা অবস্থান কর্মসূচির কথা চিন্তাভাবনায় রেখেছে নীতিনির্ধারকরা। আন্দোলন আরো তীব্র করার পক্ষে জামায়াত শান্তিপূর্ণ চলমান আন্দোলনকে আরো তীব্র করার পক্ষে ২০ দলের অন্যতম শরিক জামায়াত। জোটনেত্রীর সাথে জামায়াতের এ মনোভাবের কথা জানিয়েছেন সংগঠনটির শীর্ষ নেতৃবৃন্দ। গত বৃহস্পতিবার জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান গণমাধ্যমে পাঠানো বিবৃতিতেও একই মতামত ব্যক্ত করেছেন। চলতি সিটি করপোরেশন নির্বাচনের ঘোর বিরোধী জামায়াত। তারা এই নির্বাচনকে সরকারের পাতানো ‘ফাঁদ’ হিসেবে আখ্যায়িত করেছেন। সূত্রমতে, চলতি আন্দোলনে জামায়াতের ভূমিকা জোটের অন্য শরিকদের কাছে প্রশ্নবিদ্ধ। জোটের শরিকরা বলছেন, জামায়াত চলতি আন্দোলনে কৌশলী পথ অবলম্বন করছে। তাদের যে সাংগঠনিক শক্তি আছে তার অংশবিশেষও ঢাকায় প্রয়োগ করেনি।

এ নিয়ে জোটের প্রধান দল বিএনপির কাছে নালিশও করেছে অন্য শরিকরা। তাদের নালিশ হলো- জামায়াত এখন সমচেয়ে প্রশ্নবিদ্ধ সংগঠন। এ পরিস্থিতিতে তাদের বিরুদ্ধে উত্থাপিত সকল অভিযোগের শরিক হচ্ছে জোটের অন্য শরিকরা। কিন্তু জামায়াত তার প্রতিদান দিচ্ছে না। বরং আন্দোলনে দুই চারটি মিছিল দিয়েই হাতগুটিয়ে রেখেছে। আগামী দিনের আন্দোলনে এই শরিক দলের ভূমিকা আরো জোরালো দেখতে চান জোটনেত্রী বেগম খালেদা জিয়াও। এ ম্যাসেজ পৌঁছানো হয়েছে জামায়াতের বর্তমান কা-ারীতে। এ প্রসঙ্গে জাগপা সভাপতি শফিউল আলম প্রধান বলেন, আন্দোলন সমুদ্রের জোয়ার ভাটার মতোই। সময় এবং পরিস্থিতি বুঝে কর্মসূচির ধরন পাল্টানোর আলোচনা হচ্ছে। শরিক দল বিজেপি প্রধানের কর্মকা-ে ক্ষুব্ধ অন্য শরিকরা বাংলাদেশ জাতীয় পার্টি বিজেপির প্রধান ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থকে নিয়ে শরিকদের মধ্যে সমালোচনার ঝড় বইছে। তাদের অভিযোগ, চটকদার দুই চারটি বক্তব্যতেই সীমাবদ্ধ তার সংগঠনের কার্যক্রম। এবারের আন্দোলনে পার্থ দেশের বাইরে অবস্থান করছেন। আদালত তাকে হয়রানি না করার আদেশ দিলেও তিনি রাজপথে একদিনও পা রাখেননি। শেখ পরিবারের জামাতা ব্যারিষ্টার আন্দালিব রহমান পার্থ কোনটি বড় করে দেখছেন জোট না আত্মীয়? এমন প্রশ্নযুক্ত নালিশ পড়েছে জোট নেতৃবৃন্দের কাছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি