ডেস্ক রিপোর্ট :
আসন্ন সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার জন্য আহ্বান জানালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, গণতন্ত্র উন্নয়ন ও শান্তির লক্ষ্যে বিএনপি জামাতের নাশকতা, নৈরাজ্য এবং অব্যাহত সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকতে হবে। বৃহত্তর স্বার্থে দলের যে কোনো সিদ্ধান্ত মেনে নিতে হবে। দলের সিদ্ধান্ত অমান্য করলে এর পরিণতি ভালো হবে না।
শুক্রবার রাতে প্রধানমন্ত্রীর সরকারী বাসভবন গণভবনে ঢাকা মহানগর আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে মত বিনিময় কালে তিনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের পক্ষ থেকে উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন এ তথ্য জানিয়েছেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনের বিষয়ে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ, সভাপতিমন্ডলির সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া প্রমুখ। মতবিনিমিয় সভায় ঢাকা মহানগর ও এর অধীনস্ত থানা ও ওয়ার্ড কমিটির নেতা এবং বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থীরা উপস্থিত ছিলেন। সভায় আওয়ামী লীগ সভাপতি ঢাকা উত্তর সিটি করপোরেশনে দল সমর্থিত মেয়র প্রার্থী আনিসুল হক ও দক্ষিণে সাঈদ খোকনকে নগর নেতাদের সাথে পরিচয় করিয়ে দেন।
মতবিনিময় সভায় দলীয় নেতাকর্মীদের উদ্দেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন ও উন্নয়ন নিশ্চিত করার জন্য বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে দেশের মানুষ আজ শান্তি চায়। স্বাধীনতা বিরোধী অপশক্তিকে রুখতে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নাই।
সভাসূত্র জানায়, আওয়ামী লীগ সভাপতি মেয়র ও কাউন্সিলর পদে দল সমর্থিত প্রার্থীদের বিজয়ী করতে নগর নেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি দ্রুত কাউন্সিলর পদে প্রতিটি ওয়ার্ডে একক প্রার্থী চূড়ান্ত করতে পূর্বে গঠিত ১৫ টি নির্বাচন পরিচালনা কমিটিকে নির্দেশনা দিয়েছেন। এ কমিটিগুলো নির্বাচন কমিশন ঘোষিত মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন পর্যন্ত একক প্রার্থী চূড়ান্ত করার কাজ করবেন।
সূত্র জানায়, শেখ হাসিনার বক্তব্যের আগে কয়েকজন থানা ও ওয়ার্ডের নেতা বক্তব্য রাখেন। তারা ত্যাগী, যোগ্য ও দুঃসময়ে নেতাকর্মীদের পাশে থাকবে এমন নেতাদের কমিশনার পদে দলীয় সমর্থন দিতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ করেন। তৃণমূলের এ নেতারা তাদের বক্তব্যে আওয়ামী লীগ সভাপতি যাকেই সমর্থন দেবেন তার পক্ষে কাজ করবেন বলে জানান।
সূত্র জানায়, সভায় কয়েকজন নেতা শুধুমাত্র থানার নেতাদের নিয়ে একটি মতবিনিময়ের আয়োজন করতে আওয়ামী লীগ সভাপতিকে অনুরোধ করেন। তাদের এ অনুরোধ বিবেচনা করার আশ্বাস দিয়েছেন শেখ হাসিনা। তিনি শিগগিরই ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার নেতাদের নিয়ে আলাদা ভাবে বসবেন বলেও জানান।
























































