বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেধাবী সন্তানরাই আগামী দিনে দেশ পরিচালনা করবে- হাজী বাহার


পূর্বাশা বিডি ২৪.কম :
২৮.০৩.২০১৫

News Photo-2015

মাহাবুব আলম বাবু।।

কুমিল্লা-৬ আসনের জাতীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বলেন, প্রতিভা ও গুণের মর্যাদা না পেলে কোনো প্রজন্মই আগামীতে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে না। আজকের প্রজন্ম যারা বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্ব অর্জন করছে তারা ভবিষ্যতে সমাজ ও দেশ পরিচালনায় গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সমাজ বিনির্মাণে মেধা ও প্রতিভার বিকল্প নেই। রুচি ও সৌন্দর্যের মধ্য দিয়ে একটি পরিচ্ছন্ন সমাজ গড়ে উঠবে। তিনি শুক্রবার বিকেলে কুমিল্লা ক্লাব সদস্য সন্তানদের মেধাবৃত্তি ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি আরো বলেন, কুমিল্লা ক্লাব সদস্যের মেধাবী সন্তানরা এ ক্ষেত্রে অনন্য ভূমিকা রাখবে- এ আমি আন্তরিকভাবে বিশ্বাস করি। আমি বিশ্বাস করি আগামী প্রজন্ম একটি জ্ঞান নির্ভর জাতি গঠনে আজকের কৃতি সন্তানরা ভূমিকা রাখবে এবং ২০২১ সালে একটি মধ্য আয়ের দেশ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা ক্লাবের সভাপতি জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোল। মেধাবৃত্তি কার্যক্রমের উপর বিস্তারিত উপস্থাপন করেন মেধাবৃত্তি উপ-কমিটির আহবায়ক ও ক্লাবের উর্ধ্বতন সহ-সভাপতি উপাধ্যক্ষ হাসান ইমাম ফটিক। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ আবদুল হান্নান। মেধাবী সন্তানদের পক্ষে অনুভুতি ব্যক্ত করেন কাজী সামান্তা ইনাম অতসী। অনুষ্ঠান পরিচালনা করেন মেধাবৃত্তি উপ-কমিটির সদস্য সচিব ও ক্লাবের কল্যাণ সম্পাদক মাহাবুব আলম বাবু।

অনুষ্ঠানে ক্লাব সদস্য সন্তানদের মধ্যে কলেজ ও বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৬২জনকে মেধাবৃত্তি প্রদান এবং পিএসসি ও জেএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ২৩জনকে সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানের শুরুতে সংগীত পরিবেশন করেন বিশিষ্ট সংগীত শিল্পী দীপা সিনহা ও শিউলী রায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাবের সহ-সভাপতি মোঃ নেয়ামুল হক নেকু, সাবেক সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত, সহ-সাধারণ সম্পাদক মহিবুস সামাদ মহি, কোষাধ্যক্ষ কাজী রেজাউল করিম ভুলু সহ ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, মেধাবৃত্তি উপ-কমিটির সদস্যবৃন্দ এবং অভিভাবক বৃন্দ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জিলা স্কুলের প্রধান শিক্ষিকা রাশেদা আক্তার, নবাব ফয়জুন্নেছা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি