
শরীফ আহমেদ খান জুয়েল,চান্দিনাঃ
সরকারি, আধা সরকারি সকল প্রতিষ্ঠানে কর্মদিবসে জাতীয় পতাকা উত্তোলন করার পাশাপাশি যে কোন জাতীয় দিবসে গুরুত্বের সাথে জাতীয় পতাকা উত্তোলন করার কথা থাকালেও কুমিল্লার চান্দিনা, দেবিদ্বার উপজেলাসহ অনেক উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় দিবসেও জাতীয় পতাকা উত্তোলন করা হয়নি।সরকারি আইনানুসারে বিভিন্ন জাতীয় দিবসে ছুটি ঘোষনায় শুধুমাত্র কর্মবিরতি থাকবে এবং প্রতিষ্ঠান যথারীতি খোলা থাকবে।মহান স্বাধীনতা দিবসে সরেজমিনে ঘুরে দেখা গেছে, সরকারি সুবিধাভোগী চান্দিনা উপজেলার মাধাইয়া ইউনিয়ন পরিষদ, শুহিলপুর ইউনিয়ন পরিষদ, দেবিদ্বার উপজেলার ভানী ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। ২৬ মার্চ ইউনিয়ন কমপ্লেক্সে পতাকা উত্তোলন না করার কথা স্বীকারও করেছেন ওইসব ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যানগণ। তবে এ ঘটনায় সতর্ক হয়ে আগামী দিনগুলো ভুল সংশোধন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা। এছাড়া ওই দুই উপজেলার কোন কমিউনিটি ক্লিনিকে জাতীয় পতাকা উত্তোলন হয়নি। এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন স্বাধীন বাংলার বীর সৈনিকগণ ও উপজেলার সচেতন মানুষ।

















































