স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা শাহপুর সীমান্তে ভারতীয়দের হাতে নিহত নুর ইসলামের (৫০) লাশ ফেরত দেয়ার বিষয়ে আজ রোববার বিকেল ৪ টায় বিবিরবাজরের কটকবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ’র কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে।
বিবির বাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব বৈঠকের বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
শনিবার (১৮) দিবাগত মধ্যরাতে কুমিল্লা ভারতীয়দের গণপিটুনিতে নুর ইসলাম (৫০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চিঠির মাধ্যমে বিষয়টি জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মৃত নুর ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা।
বিবির বাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব বলেন, বিএসএফ আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা করেছে, নুর ইসলাম ভারতের সোনাপুর গ্রামে চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে তার মৃত্যু হয়।
তিনি আরো জানান, তবে কোনো সীমান্ত দিয়ে নুর ইসলাম ভারতে প্রবেশ করেছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি। বিকেল ৪ টায় পতাকা বৈঠকের মাধ্যমে তার মৃতদেহ ফেরত আনা হবে।
এদিকে, স্থানীয়দের দাবি শনিবার রাত সাড়ে ১২টার পর নুর ইসলামকে শাহপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে তাকে হত্যা করা হয়েছে।

















































