স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার বুড়িচং উপজেলা সদরে এরশাদ ডিগ্রী কলেজের সামনে ছাত্রলীগের দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ চলাকাকালে সোহাগ (৩০) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে গুরুতর আহত করা হয়েছে।
আহত সোহাগ কুমিল্লা মেডিকেল কলেজে হাসপাতালের অপারেশন থিয়েটারে রয়েছে। তার অবস্থা আশংকাজনক বলে কুমেক ইর্মাজেন্সি সূত্র জানিয়েছে।
রোববার (১৯ এপ্রিল) বেলা পৌণে ১২ টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এক মাস পূর্বে উপজেলার ষোলনল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মনির হোসেনকে কুপিয়ে আহত করে উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও গবেষণা বিষয়ক সম্পাদক মোতাহের হোসেন গ্রুপের নেতাকর্মীরা। মনির হোসেনের শরীরে তখন ৮২টি সেলাই করা হয়।
আজ বেলা পৌণে ১২ টার দিকে এরশাদ ডিগ্রী কলেজের সামনে মোতাহের হোসেন গ্রুপের ছাত্রলীগ নেতা সোহাগকে একা পেয়ে হামলা করে মনির হোসেন গ্রুপের নেতাকর্মীরা। এ সময় সোহাগকে কুপিয়ে গুরুতর আহত করা হয়। খবর পেয়ে তার গ্রুপের নেতাকর্মীরা আসলে দু’গ্রুপে বেশ কয়েকবার ধাওয়া-পাল্টা ও সংঘর্ষের ঘটনা ঘটে।
পরে আহত সোহাগ প্রথমে বুড়িচং স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত ডাক্তার তাকে কুমেক হাসপাতালে স্থানান্তর করে। কুমেক হাসপাতালে নেয়ার পথে সোহাগের এ্যাম্বুলেন্সে পুনরায় হামলায় করে মনির গ্রুপের নেতাকর্মীরা।
পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এ বিষয়ে বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, পরিস্থিতি এখন শান্ত। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।

















































