ইমতিয়াজ আহমেদ জিতু,
কুমিল্লা শাহপুর সীমান্তে ভারতীয়দের হাতে নিহত নুর ইসলামের (৫০) লাশ ফেরত দিয়েছে ভারতীয় বিএসএফ সদস্যরা। অপর আহত বাংলাদেশি আব্দুল মজিদকে এখনো ফেরত দেয়া হয়নি।
রোববার বিকেল ৪ টায় কুমিল্লা সদরের বিবিরবাজরের কটকবাজার সীমান্তে বিজিবি-বিএসএফ’র কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। এ সময় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম ও সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পাল উপস্থিত ছিলেন। বিকেল ৫ টায় লাশটি ফেরত দেয়া হয়।
শনিবার (১৮) দিবাগত মধ্যরাতে কুমিল্লা ভারতীয়দের গণপিটুনিতে নুর ইসলাম (৫০) নামের এক বাংলাদেশির মৃত্যু হয়। রোববার সকালে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) চিঠির মাধ্যমে বিষয়টি জানায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
মৃত নুর ইসলাম কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রাজাপাড়া গ্রামের বাসিন্দা। আহত আব্দুল মজিদ একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে। আব্দুল মজিদ ভারতের সোনাপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বিবির বাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব নিহত নুর ইসলামের লাশ ফেরত পাওয়ার বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে জানান, সদর দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রশান্ত পালের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
বিবির বাজার বিজিবির কমান্ডার সুবেদার মাহবুব বলেন, বিএসএফ আমাদের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে বলা করেছে, নুর ইসলামসহ তার সহযোগি ভারতের সোনাপুর গ্রামে চুরির উদ্দেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয়দের গণপিটুনিতে নুর ইসলামের মৃত্যু হয়। গুরুতর আহত হয় আব্দুল মজিদ নামের আরো এক বাংলাদেশি।
তিনি আরো জানান, তবে কোনো সীমান্ত দিয়ে নুর ইসলাম ও তার সহযোগি ভারতে প্রবেশ করেছে তা চিঠিতে উল্লেখ করা হয়নি।
এদিকে, স্থানীয়দের দাবি শনিবার রাত সাড়ে ১২টার দিকে নুর ইসলাম ও তার সহযোগি আবদুল মজিদকে শাহপুর সীমান্ত থেকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরে নুর ইসলামকে হত্যা করা হয়।

















































