বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মেয়রদের শপথ হতে পারে আগামী মাসের প্রথম সপ্তাহে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৯.০৪.২০১৫

29110-400x319
স্টাফ রিপোর্টারঃ

ঢাকার উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকরা বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। আর সেই সঙ্গে শিগগিরই নব নির্বাচিত মেয়রদের বরণ করে নেওয়ারও প্রস্তুতি শুরু হয়ে যাবে সিটি কর্পোরেশন কার্যালয়গুলোতে। সিটি কর্পোরেশনের নির্বাচনের ফলাফলের গেজেট প্রকাশ হবার পরই সেটা করা হবে। মেয়ররা যদি এখন যে সব চেয়ার টেবিল রয়েছে সেটাতে বসলে নতুন করে কোন কিছুই কেনা হবে না। আর যদি তারা আগের চেয়ারে না বসেন তাহলে চেয়ার, টেবিল ও অন্যান্য আসবাবপত্রও পরিবর্তন করা হবে। পাশাপাশি মেয়রদের বসার রুমেও চুনকাম করা হবে। সেই হিসাবে পরিকল্পনা করছেন সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তারা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, গেজেট প্রকাশের পর নতুন মেয়রদের শপথ গ্রহণ হবে।

এদিকে ঢাকার দুই সিটি কর্পোরেশন বর্তমানে দায়িত্বপালনরত প্রশাসকরা এখন রুটিন কাজ করছেন। রুটিনের কাজের বাইরে যে সব কাজ রয়েছে সেগুলো রেখে যাচ্ছেন পরবর্তী মেয়রের জন্য। বেশ কয়েকটি পদে দক্ষিণ সিটি কর্পোরেশন নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার পথে রয়েছে। কিন্তু সেটা চূড়ান্ত করেনি। সেটা পরবর্তী মেয়রের জন্য রেখে গেছেন। উত্তরের প্রশাসকও রুটিন কাজ করছেন।

এদিকে সূত্র জানায়, নতুন মেয়রদের শপথ গ্রহণ কবে হবে এই ব্যাপারে এখনও দিনক্ষণ চূড়ান্ত হয়নি। তবে তা শিগগিরই হয়ে যাবে বলে জানান সংশ্লিষ্ট সূত্র। সূত্র জানায়, আগামী মাসের প্রথম সপ্তাহে শপথ গ্রহণ হতে পারে মেয়রদের। আর না হলে এর পরের সপ্তাহে অবশ্যই শপথ গ্রহণ ও দায়িত্ব নিবেন তারা।

স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা বলেন, শপথ গ্রহণের কাজটি আমাদের মন্ত্রী মহোদয় করছেন। তিনিই ঠিক করবেন কবে শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করেই তা করবেন। তবে আমি যেটা শুনেছি নির্বাচন কমিশন চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে। সেটা ঘোষণা করে গেজেট প্রকাশ করবে। গেজেট প্রকাশ করার পর ঠিক করা হবে শপথ গ্রহণের দিন। সব মিলিয়ে সপ্তাহ খানেক লাগতে পারে। তিনি বলেন, সম্ভবত মন্ত্রী মহোদয়ই শপথ পড়াবেন। সব মিলিয়ে আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে যে সময় লাগবে সেটাই।

দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক শওকত মোস্তফা বলেন, ২০১১ সালের পর আর কখনো কোন মেয়র নির্বাচিত হননি ঢাকায়। চলছে প্রশাসকদের দিয়ে। আর আমরা যারা প্রশাসক হিসাবে কাজ করছি তারা অতিরিক্ত সচিবের মর্যাদা ভোগ করি। কিন্তু যখন নির্বাচিত মেয়র ছিলেন তখন এটা ছিল মন্ত্রী মর্যাদার। কিন্তু সেটা থাকলেও এখন আর ওই নিয়ম নেই। আবার নির্বাচিত মেয়ররা আমাদের পদবী মর্যাদারও হয়তো হবে না। তাদের মর্যাদা মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রী মর্যাদা যে কোন একটি করতে হবে। আমার মনে হয় এটা করার জন্য সরকার কিছুটা সময় নিতে পারে। গেজেট প্রকাশের পর এবং মর্যাদার বিষয়টি সেটা ঠিক হয়ে গেলে তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান হবে। যদি মন্ত্রী মর্যাদা দেওয়া হয় তাহলে প্রধানমন্ত্রী শপথ পড়াবেন। আর প্রতিমন্ত্রী মর্যাদা দিলে শপথ পড়াবেন স্থানীয় সরকার মন্ত্রী। তিনি বলেন, আমরা মনে করছি সব মিলে হয়তো এক থেকে দুই সপ্তাহ লাগবে। এরপরে তারা দায়িত্ব নিতে পারবেন।

মসিউর রহমান রাঙ্গা বলেন, আসলে এখন কোন মেয়রের মর্যাদা মন্ত্রী কিংবা প্রতিমন্ত্রীদের সমান কোনটি দেওয়া হয়নি। ঢাকা চট্টগ্রামে নতুন করে দেওয়া হবে কিনা সেটা বলতে পারছি না।

একটি সূত্র জানায়, এর আগে সিটি নির্বাচনের কোনটিতে আওয়ামী সমর্থিত প্রার্থী মেয়র নির্বাচিত হতে পারেনি। বিএনপির প্রার্থীরাই জয়ী হয়। তারা মেয়র হলেও তেমন কোন কাজ করতে পারেনি। বেশ কয়েকজন মেয়রদের পদ হারাতে হয়েছে। ঢাকা চট্টগ্রামে এখন সরকারি দলের মেয়র। সেই হিসাবে সরকার কি করে সেটা দেখতে হবে।

দক্ষিণের প্রশাসক বলেন, আমরা বিদায়ের প্রস্তুতি নিয়ে রেখেছি। নব নির্বাচিত মেয়ররা যেদিন দায়িত্ব নিবেন এর আগের দিন আমরা শেষ অফিস করবো। এর মধ্যে আমাদের পোস্টিংও হয়তো সরকার কোন জায়গায় করে দিবে। তিনি বলেন, নিয়ম হচ্ছে নতুন মেয়র যেদিন থেকে অফিস শুরু করবেন সেদিন আমরা তাকে সংবর্ধনা জানাবো ও বরণ করে নিবো। এরপর তাকে চেয়ারে বসিয়ে দিয়ে আমরা চলে যাবো। তিনি বলেন, আমি সেই হিসাবে প্রস্তুতি রেখেছি।

নতুন মেয়র আসার পর কি কি কাজ দিয়ে শুরু হতে পারে তার কর্মকান্ড এই ব্যাপারে তিনি বলেন, ২০১১ সালের পর সিটি কর্পোরেশনের মাধ্যমে বড় ধরনের তেমন কাজ হয়নি। রুটিন কাজ করা হয়েছে। আমিও নিয়ম মাফিক রুটিন কাজ করেছি। সিটি নির্বাচনের জন্য বেতন দেওয়ার কাজটিও বন্ধ ছিল। এখন আবার শুরু করেছি। বেশ কয়েকটি পদের জন্য আমি নিয়োগ পরীক্ষা নিয়েছিলাম, ভাইবাও হয়েছে কিন্তু নতুন মেয়র এসে তাদের নিয়োগ দিবেন বলে সেটা আর চূড়ান্ত করে যাওয়া সম্ভব হবে না। তিনি নিয়োগ দিবেন। এখানে অনেক কাজ করার সুযোগ আছে। তারা জনগণের সুবিধা বাড়ানোর জন্য যেসব উদ্যোগ নিবেন তা বাস্তবায়ন করার জন্য সরকার সহযোগিতা করলে নতুন নতুন প্রকল্প বাস্তবায়ন হতে পারে।
সিটি কর্পোরেশন সূত্র জানায়, নিয়ম হচ্ছে একজন প্যানেল মেয়র নির্বাচিত হওয়ার পর পাঁচ বছর মেয়াদ পূরণ করবেন। মেয়াদ শেষ হওয়ার আগে ও পরে মিলিয়ে যখনই করা হোক ১৮০ দিনের মধ্যে নির্বাচন হতে হবে। কিন্তু নিয়ম অনুযায়ী পাঁচ বছর মেয়র পূরণ করার পর নতুন মেয়র দায়িত্ব নিবেন। চট্টগ্রামের ক্ষেত্রে মেয়রের দায়িত্ব নিতে কিছুটা সময় লাগতে পারে। কারণ সেখানে নির্বাচন হয়ে গেলেও মেয়রের মেয়াদ পাঁচ বছর পূরণ হয়নি। সেটা করার জন্য অপেক্ষা করবে নাকি আগের মেয়র পদ থেকে পদত্যাগ করায় এখনই নতুন মেয়রকে দায়িত্ব দিবে সেটা দেখতে হবে। চট্টগ্রামে এটা নিয়ে কিছুটা বিলম্ব হরেও হতে পারে। কিন্তু ঢাকায় ২০১১ সাল থেকে কোন মেয়র না থাকায় ১৮০ দিনের কিংবা মেয়রের পাঁচ বছরের মেয়াদ পূরণের ঝামেলা নেই। আবার যারা প্রশাসক হিসাবে রয়েছেন তাদের মেয়াদও ছয় মাস পূরণ করার কোন বাধ্যবাধকতা নেই। বর্তমান দক্ষিণের প্রশাসক শওকত মোস্তাফা ও উত্তরের মেয়র রাখাল চন্দ্র বর্মন দুইজনকে গত বছর ১১ ডিসেম্বর তাদেরকে নিয়োগ করা হয় ছয়মাসের জন্য। ইতোমধ্যে তাদের মেয়াদ চার মাস ২৯ দিন হয়ে গেছে। যেদিন থেকে মেয়ররা শপথ নিবেন এরপর থেকেই আর তারা পদে নেই বলেই ধরে নিতে হবে।

এদিকে দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা মিহির কুমার দাস বলেন, আমরা আশা করছি নতুন মেয়র সহসাই দায়িত্ব নিবেন। আমাদের এখনও তাকে বরণ করার প্রস্তুতি শুরু হয়নি। শপথ গ্রহণের অনুষ্ঠান ঠিক হলেই সেটা ঠিক হবে। এরমধ্যে তাদের বসার রুমটি পরিপাটি করতে হবে। তিনি বলেন, সাদেক হোসেন খোকা মেয়র থাকাকালীন যে মেয়রের চেয়ার ছিল, এখন সেটি নেই। সেটাকে প্রশাসক আসার পর বদল করা হয়েছে। কাঠের চেয়ার দেওয়া হয়েছে। এখনকার মেয়র কাঠের চেয়ারে বসতে চাইলে সেটা রাখা হবে, রং করা হবে। আর তিনি বসতে না চাইলে তার পছন্দ মতো নতুন চেয়ার আনা হবে। অন্যান্য কোন জিনিস পরিবর্তন করতে চাইলে সেটাও করা হবে। দক্ষিণের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রশাসকের বিদায় ও নতুন মেয়রকে বরনের জন্য প্রয়োজনীয় সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন করবেন। উত্তরেও তাদের প্রধান নির্বাহী কর্মকর্তা এই জন্য কাজ করবেন।

এদিকে সূত্র জানায়, উত্তরের প্রশাসক ড. রাখাল চন্দ্র বর্মনও বিদায়ের প্রস্তুতি নিচ্ছেন। তিনিও রুটিন কাজের বাইরে বিশেষ কোন কাজ করেননি। নগরবাসীর সাধারণ সেবা নিশ্চিত করা ও কর্পোরেশনের রুটিন কাজের বাইরে তাদের কেমন কোন কাজ ছিল না। নতুন মেয়র আসার পর নতুন নতুন প্রকল্প হাতে নেওয়া হতে পারে বলে জানান সংশ্লিষ্ট সূত্র।

উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসকের ব্যক্তিগত কর্মকর্তা আবুল হোসেন দেওয়ার বলেন, আমাদের স্যার চলে যাবেন। তবে এখনও দিনক্ষণ ঠিক হয়নি। সেটা ঠিক হলে নতুন (মেয়র) স্যারের জন্য সব কিছু তৈরি করা হবে। তিনি উত্তর সিটি কর্পোরেশনের পুরনো অফিসেই বসবেন।

উল্লেখ, দক্ষিণ সিটি কর্পোরেশনের বহুতল বিশিষ্ট নিজস্ব নগর ভবন থাকলেও উত্তরে সেটা নেই। সিটি কর্পোরেশনকে দুই ভাগে ভাগ করার পর ছোট পরিসরের অফিস নিয়ে গুলশানে উত্তর সিটি কর্পোরেশনের কর্মকান্ড পরিচালিত হচ্ছে। নতুন মেয়র আসার পর উত্তর সিটি কর্পোরেশনের বহুতল ভবনের কাজও শুরু করা হতে পারে।

এদিকে সিটি কর্পোরেশন সূত্র জানায়, চট্টগ্রামে ও ঢাকায় দুই সিটি কর্পোরেশনে সরকারি দলের সমর্থিত প্রার্থীরা নির্বাচনে জয়ী হওয়ায় এখন দুই নগরীর উন্নয়নের জন্য ব্যাপক ভাবে কর্মপরিকল্পনা হাতে নেওয়া ছাড়াও আধুনিক নগরায়ন ও নগরবাসীর সকল সুযোগ সুবিধা নিশ্চিত করার জন্য সরকার উদ্যোগ নিতে চাইছে। সেই সঙ্গে সিটি কর্পোরেশনের সঙ্গে সম্পৃক্ত সেবা প্রদানকারী সংস্থাগুলোকেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের মাধ্যমে ও অন্যান্য মন্ত্রণালয়ের মাধ্যমে তাদের কাজের সমন্বয় করে ব্যাপক উন্নয়ন করতে চাইছে। সেই ক্ষেত্রে একাধিক ফ্লাইওভারেরও পরিকল্পনা গ্রহণ করা হতে পারে বলে জানা গেছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি