ডেস্ক রিপোর্ট :
ব্যাপক কারচুপির অভিযোগে বিএনপির ভোট বর্জনের মধ্যদিয়ে ঢাকা ও চট্টগ্রামে সিটি করপোরেশন নির্বাচন হয়েছে। ভোটগ্রহণ শুরুর ৪ ঘণ্টার মধ্যে বিএনপির তরফ থেকে ভোট বর্জনের কথা আসে। দলটি কোনো কর্মসূচি ঘোষণা না করলেও রাজনীতি আবারো অনিশ্চয়তার দিকে যাচ্ছে বলে অনেকে মনে করছেন। আওয়ামী লীগেরও অনেকের মতে, সিটি নির্বাচনের এ ‘চরিত্রকে’ দল সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও রাজনৈতিকভাবে পরাজিত হয়েছেন তারা। নাম প্রকাশে অনিচ্ছুক দলের তিন সিনিয়র নেতা মনে করেন, রাজনৈতিকভাবে দল হিসাবে আওয়ামী লীগ সুবিধাজনক অবস্থায় থাকতো, যদি না তিন সিটি করপোরেশন নির্বাচনের চিত্রটি অস্বস্তিজনক না হতো। তিন সিটিতে ভোটে আওয়ামী লীগ-সমর্থিত প্রার্থীরা জয়ী হলেও রাজনৈতিকভাবে দল পরাজিত হয়েছে। বিএনপিনেতাদের মুখে কথা তুলে দেওয়া হলোÑ দলীয় সরকারের অধীনে অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হয় না। রাজনৈতিক প্রতিপক্ষ এখন নানা কথা প্রচার করার সুযোগ পাবে।
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের একজন সদস্য বলেন, দেশের মানুষ শান্তি চায়, জ্বালাও-পোড়াও চায় না, সহিংসতা পছন্দ করে না। কিন্তু এটা সত্যÑ এই সিটি নির্বাচন রাজনীতিতে কোনো সুবাতাস বয়ে আনবে না। বিএনপি এখনও কোনো কর্মসূচি ঘোষণা না করলেও আমরা অনুমান করি তারা কর্মসূচি দেবে। কর্মসূচি তো আর শান্তিপূর্ণ হবে নাÑ জ্বালাও-পোড়াও, সহিংসতাই হবে। নাম প্রকাশে অনিচ্ছুক ওই আওয়ামী লীগনেতা বলেন, আমরা বলতে পারি ইস্যু তৈরি করার লক্ষ্যেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন বয়কট করেছে। কিন্তু মহানগরবাসীর ভোটাধিকারের কথা বিবেচনায় নিতেই হবে। সরকারের কী কোনো কিছু করণীয় ছিল না?
নাম প্রকাশ করতে না চেয়ে দল থেকে ৫ বার সংসদ সদস্য হয়েছেন এমন এক সিনিয়র নেতা জানান, আওয়ামী লীগের সাংগঠনিক অবস্থা দুর্বল নয় যে, জোর করে অস্ত্র দেখিয়ে নির্বাচনে জিততেই হবে। একটা ভালো নির্বাচনের মাধ্যমে দলের দু-একজন মেয়র প্রার্থী পরাজিত হলেও ক্ষতি ছিল না। দলের মধ্যমসারির একাধিক নেতা জানান, ৫ জানুয়ারির নির্বাচনের আগের পাঁচটি সিটি করপোরেশন নির্বাচনের মতোই এ নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে বলে সাধারণ মানুষের মতো তারাও আশা করেছিলেন। তাদের ধারণা ছিল, নির্বাচনে তুমুল প্রতিদ্বন্দ্বিতা হবে আওয়ামী লীগের সমর্থিত প্রার্থীর সঙ্গে।
ঢাকা ও চট্টগ্রাম মহানগরে আওয়ামী লীগের সাংগঠনিক সঠিক চিত্র বোঝা যাচ্ছে না। দলের ভেতরে কথা উঠেছে, আওয়ামী লীগ আজীবন ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠার রাজনীতি করেছে। কিন্তু সিটি নির্বাচনে তা প্রশ্নবিদ্ধ হলো কয়েকজন নেতার কারণে। এর জন্য দলকে একদিন কঠিন মূল্য দিতে হবে। আওয়ামী লীগের একাধিক সম্পাদক পদমর্যাদার নেতা বলেন, কারচুপির অভিযোগ তুলে বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জন করায় আবার রাজনৈতিক সংকট দেখা যাচ্ছে।
দলের কয়েকজন সিনিয়র নেতার অনানুষ্ঠানিক বক্তব্যের বিষয়ে মতামত জানতে চাইলে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেন, আমি কোনো বিতর্কে না গিয়েও বলতে পারিÑ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করাই ছিল বিএনপির উদ্দেশ্য। তারা পরিকল্পিতভাবে বেশিরভাগ ভোটকেন্দ্রে এজেন্ট দেয়নি। বিএনপি-সমর্থিত প্রার্থীরা নির্বাচন বর্জনের ঘোষণা দেওয়ার পর বিক্ষিপ্তভাবে কিছু অনিয়ম হলেও হতে পারে। এ ক্ষেত্রে কাউন্সিলর প্রার্থীরাই দায়ী। মাহবুব-উল আলম হানিফ আরো বলেন, রাজনীতির জন্য ইস্যু তৈরি করার লক্ষ্যেই বিএনপি পরিকল্পিতভাবে নির্বাচন বয়কট করেছে। জনগণ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে নতুন একটি ইস্যু তৈরির জন্য খালেদা জিয়া এই নির্বাচনে অংশ নিয়েছিলেন।
১৪ দলের একজন সিনিয়র নেতা বলেন, দেশের মানুষ মনে করছিলেন যে, এই নির্বাচনের মধ্য দিয়ে হয়তো রাজনৈতিক অচলাবস্থার বরফ গলার একটা সুযোগ তৈরি হলো। কিন্তু বিরোধীদের সিটি নির্বাচনে ভোট বয়কটের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতি নতুন করে একটি অনিশ্চয়তায় পড়লো এ নিয়ে খুব একটা সন্দেহ নেই।
নির্বাচন কমিশন বলেছে, নির্বাচনের সময় বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, অনিয়মের যেসব অভিযোগ তারা পেয়েছেন সেগুলো তারা খতিয়ে দেখবেন।
গত বছর ৫ জানুয়ারির সংসদ নির্বাচন বয়কট এবং এ বছর টানা কয়েক মাস ধরে সহিংস আন্দোলনের পর বিএনপি সিটি করপোরেশন নির্বাচনে অংশ নেয়।
























































