সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


নির্বাচনে গা ছাড়া ভাব ছিল জামায়াতের


পূর্বাশা বিডি ২৪.কম :
৩০.০৪.২০১৫

jamaat logo-090513-main_78193

ডেস্ক রিপোর্টঃ

সিটি করপোরেশন নির্বাচনে ঢাকা ও চট্টগ্রামে গা ছাড়া ভাব ছিল বিএনপি নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের শরিক জামায়াতে ইসলামীর। জামায়াতের সমর্থিত কোনো মেয়র প্রার্থী না থাকায় বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে তারা কেন্দ্রে শক্ত অবস্থান নেননি। জামায়াত-শিবির নেতা-কর্মীরা তাদের সমর্থিত সাধারণ ও সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলরদের কীভাবে বিজয়ী করা যায় তা নিয়ে ব্যস্ত ছিলেন। এমনকি যেসব ওয়ার্ডে তাদের সমর্থিত প্রার্থী ছিল না সেখানে তারা ভোট প্রয়োগ থেকে বিরত থেকেছেন। তিন সিটিতে জামায়াত সমর্থিত সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে পাঁচজন বিজয়ী হয়েছেন।

জামায়াতের শক্ত অবস্থান না নেওয়ার কী কারণ- জানতে চাইলে ঢাকা মহানগরীর দায়িত্বশীল নেতা নূর মোহাম্মদ  বলেন, প্রথমত, মেয়র প্রার্থী ঘোষণার সময় জামায়াতের সঙ্গে আলোচনা না করা। দ্বিতীয়ত, যুদ্ধাপরাধের বিচার ও ফাঁসির রায় কার্যকর এবং দলের সাবেক আমির গোলাম আযমের মৃত্যুর পর বিএনপির নিশ্চুপ ভূমিকা। তৃতীয়ত, মামলা-হামলাসহ নানান কারণে বিপর্যস্ত জামায়াত-শিবির নতুন করে মামলায় জড়াতে চায় না। তিনি বলেন, যেসব ওয়ার্ডে জামায়াতের সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন শুধু সেসব কেন্দ্রে যেতে দলের ভোটারদের নির্দেশনা ছিল। জামায়াত সূত্র জানায়, চলমান রাজনীতিতে জামায়াত কোণঠাসা। কিন্তু সিটি নির্বাচনে বিএনপির শোচনীয় পরাজয়ের অন্যতম ফ্যাক্টর জামায়াতের নীরবতা। তাদের দাবি, রাজধানীর দুই অংশে জামায়াতের দেড় থেকে দুই লক্ষাধিক ভোটার রয়েছেন। দলের শুভাকাক্সক্ষী ও কর্মী-সমর্থক রয়েছেন আরও প্রায় তিন লক্ষাধিক, যারা ভোটের মাঠে প্রভাব সৃষ্টিতে তাৎপর্যময় ভূমিকা রাখতে পারতেন। সূত্রটি জানায়, তাবিথ আউয়ালের ব্যাপারে নমনীয় ছিল জামায়াত। কারণ তাবিথ ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইস্কানদার আলীর মেয়ের জামাই।

পাঁচ কাউন্সিলর জয়ী : তিন সিটিতে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলর পদে জামায়াতের পাঁচজন বিজয়ী হয়েছেন। তাদের মধ্যে ঢাকা উত্তরের ২২, ২৩ ও ৩৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে ডা. আমেনা বেগম গ্লাস প্রতীকে ২৪ হাজার ৭০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী শামীমা আক্তার সুমী পেয়েছেন ১১ হাজার ২৫ ভোট। ঢাকা উত্তরের ১২, ১৩ ও ১৪ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে মাসুদা আক্তার কেটলি প্রতীকে ৩১ হাজার ৭৪২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে সামসুন্নাহার লাভলী পেয়েছেন ১৪ হাজার ৩৫১ ভোট। ঢাকা সিটি উত্তরের ২৯, ৩০ ও ৩২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত আসনে কাওসার জাহান ১৬ হাজার ৮৭৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী পেয়েছেন ১৩ হাজার ৬৩০ ভোট। চট্টগ্রামে ৩৭ নম্বর মুনিরনগর ওয়ার্ডে মো. শফিউল আলম ৪৫ হাজার ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। এ ছাড়া ৬ নম্বর সংরক্ষিত আসনে ফারজানা ইয়াসমিন নিশাত ৩১ হাজার ৮০০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী পেয়েছেন ১৭ হাজার ৯০০ ভোট।


এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি