ডেস্ক রিপোর্টঃ
তিন সিটির নির্বাচনে নানান অনিয়মের কারণে একে সঠিকভাবে দেখছে না ব্যাপক আগ্রহ নিয়ে নির্বাচন পর্যবেক্ষণ করা বিদেশি রাষ্ট্র ও সংস্থাগুলো। তাদের দূতাবাস বা আবাসিক কার্যালয়ের প্রতিনিধিদের মাধ্যমে পাঠানো বিশ্বাসযোগ্য তথ্য ও প্রতিবেদনের ভিত্তিতে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ মনে করা হচ্ছে। তবে এখন উন্নয়ন সহযোগী রাষ্ট্র, সংস্থা ও জোটগুলোর প্রত্যাশা- নির্বাচন নিয়ে যেসব অভিযোগ এসেছে, তার নিরপেক্ষ তদন্ত এবং সে মোতাবেক ব্যবস্থা নির্বাচনের গ্রহণযোগ্যতা কিছুটা হলেও বাড়াতে পারে। এ ধরনের মত জানিয়ে ইতিমধ্যে বক্তব্য ও বিবৃতি দিয়েছে জাতিসংঘ, ইউরোপিয়ান ইউনিয়ন ও মার্কিন পররাষ্ট্র দফতর। এ ছাড়াও ঢাকায় কর্মরত যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের কূটনীতিকসহ আন্তর্জাতিক পর্যবেক্ষকরাও নির্বাচনে বিশ্বাসযোগ্য জালিয়াতির তথ্য পাওয়ার কথা উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। ইউরোপিয়ান ইউনিয়নের ব্রাসেলস সদর দফতর থেকে নির্বাচনের পর প্রকাশ করা এক বিবৃতিতে বলা হয়েছে, বাংলাদেশের ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম প্রশ্নবিদ্ধ সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতার বিশ্বাসযোগ্য রিপোর্ট পেয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন। আন্তর্জাতিক সম্প্রদায়ের একটি স্বচ্ছ, শান্তিপূর্ণ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের আহ্বানের পরও ভোট জালিয়াতি, ভীতি প্রদর্শন ও সহিংসতার জোরালো অভিযোগ পাওয়া গেল। এর ফলে বিএনপি নির্বাচন বয়কটের সিদ্ধান্ত নেয়। সিটি নির্বাচনে ভোটারদের সম্পূর্ণরূপে গণতান্ত্রিক মতামত প্রয়োগের সুযোগও দেওয়া হয়নি। যদিও আন্তর্জাতিক সম্প্রদায়গুলো শান্তিপূর্ণ, অংশগ্রহণমূলক ও স্বচ্ছ নির্বাচনের দাবি জানিয়ে আসছিল। নির্বাচনের অনিয়ম এবং সংঘর্ষের ঘটনায় অবশ্যই সুষ্ঠু তদন্ত করতে হবে। ইইউ আশা প্রকাশ করে, রাজনৈতিক দলগুলো সকল প্রকার সহিংসতা, চলমান রাজনৈতিক অস্থিরতা পরিহার করে একটি শক্তিশালী গণতন্ত্রের জন্য গঠনমূলক রাজনৈতিক আচরণ করবে। ঢাকায় আবাসিক প্রতিনিধির আনুষ্ঠানিক বিবৃতির মাধ্যমে ভোট গ্রহণের আগের দিন সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আহ্বান জানিয়েছিল জাতিসংঘ। তবে ভোট গ্রহণের পরদিন নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে নিয়মিত সংবাদ ব্রিফিংকালে দৃষ্টি আকর্ষণ করা হলে মহাসচিব বান কি মুনের মুখপাত্র বলেছেন, ভোট জালিয়াতির অভিযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নির্বাচন বর্জনের বিষয়টি জাতিসংঘ মহাসচিব অবগত রয়েছেন। তিনি সব অভিযোগ তদন্ত করে দেখার জন্য উপযুক্ত কর্তৃপক্ষকে উৎসাহিত করেন। তিনি বিরোধী দলকে তাদের উদ্বেগ জানানোর জন্য গণতান্ত্রিক প্রতিষ্ঠান ব্যবহারেও উৎসাহিত করেন। মুখপাত্র বলেন, জাতিসংঘ মহাসচিব সব পক্ষকে তাদের মতপার্থক্যগুলো শান্তিপূর্ণ উপায়ে ব্যক্ত করার আহ্বান জানান। মহাসচিব চলমান পরিস্থিতির একটি শান্তিপূর্ণ সমাধান খুঁজে পেতে রাজনৈতিক নেতাদের প্রতি তার আহ্বান পুনর্ব্যক্ত করেন। এর আগে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ এবং মার্কিন কূটনীতিক পৃথক বিবৃতিতে নির্বাচনে ‘কারচুপির ব্যাপক এবং বিশ্বাসযোগ্য অভিযোগ’ তদন্তের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসন বিএনপির নির্বাচন বর্জনের সিদ্ধান্তে হতাশা ব্যক্ত করে বলেন, সব পক্ষ আইন মেনেই তাদের প্রতিক্রিয়া জানাবে। মার্কিন রাষ্ট্রদূত মার্শা স্টিফেন্স ব্লুম বার্নিকাট সব পক্ষকে সহিংসতা থেকে বিরত থাকার আহ্বান জানান। এ ছাড়া সিটি নির্বাচন বিষয়ে এশিয়ান হিউম্যান রাইটস, টিআইবিসহ আন্তর্জাতিক সম্প্রদায়গুলো বিবৃতি দিয়ে বলেছে, সিটি নির্বাচনে ভোট জালিয়াতি ও সহিংসতা হয়েছে। প্রত্যেকেই নির্বাচনের অনিয়মগুলো সঠিকভাবে তদন্তের কথা বলেছে।
সিটি নির্বাচনে অনিয়ম ও সহিংসতা অস্ট্রেলিয়া ও কানাডার উদ্বেগ : সিটি নির্বাচনে অনিয়ম ও সহিংসতার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন ঢাকায় অস্ট্রেলিয়ার হাইকমিশনার গ্রেগ উইলকক ও কানাডার হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে। গতকাল এক যৌথ বিবৃতিতে এ উদ্বেগের কথা জানিয়ে বলা হয়, বাংলাদেশের সরকার ও বিরোধী পক্ষের দীর্ঘ সময়ের সংঘাতের পর সিটি নির্বাচনকে অস্ট্রেলিয়া ও কানাডা গণতান্ত্রিক পদ্ধতি শক্তিশালী করা ও আত্দবিশ্বাস বাড়ানোর একটি সুযোগ হিসেবে দেখেছিল। এখন দুই হাইকমিশনার নির্বাচন কমিশনার ও অন্য দায়িত্বশীলদের অনিয়ম ও সহিংসতার অভিযোগগুলো দ্রুত ও নিরপেক্ষ তদন্ত করার আহ্বান জানিয়েছেন। এর মাধ্যমে যারা আইন ভাঙার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনারও আহ্বান জানান।
দুই হাইকমিশনার সব রাজনৈতিক দলকে শান্তিপূর্ণ, বিধিসম্মত ও গণতান্ত্রিক আচরণ করারও অনুরোধ জানান। তারা বলেছেন, বাংলাদেশের জনগণ এমন একটি পরিবেশের যোগ্য যেখানে রয়েছে শান্তিপূর্ণ আবহ, মানবাধিকার সমুন্নত ও আইনের শাসন সুপ্রতিষ্ঠিত। যৌথ বিবৃতির শেষ লাইনে বলা হয়, অস্ট্রেলিয়া ও কানাডা বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী সম্পর্কে বিশ্বাসী।
























































