
ডেস্ক রিপোর্ট ।। : বাংলাদেশ সফরকালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বৈঠক হতে পারে ৭ জুন দলীয় সূত্রে এমনটা জানা গেছে। বৈঠকটি কখন কোথায় অনুষ্ঠিত হবে এ বিষয়ে কৌশলগত কারণে এখনই জানাতে রাজী নয় বিএনপির দায়িত্বশীলরা। দলটির নেতারা মনে করেন মোদির সঙ্গে খালেদা জিয়ার সাক্ষাতের বিষয়টি কোনোভাবেই সরকার ভালো চোখে নেবে না একারণে তারা বাধা সৃষ্টি করার চেষ্টা করবে।
সূত্র জানায়, আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসছেন নরেন্দ্র মোদি। বাংলাদেশে ৩৬ ঘন্টার সফরে ৭ জুন যেকোনো সময় বৈঠকটি অনুষ্ঠিত হতে পারে। নাম প্রকাশ না করার শর্তে এমনটা জানিয়েছেন দলের কুটনৈতিক তৎপরতার সঙ্গে জড়িত এক নেতা।
জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, বিজেপির সঙ্গে বিএনপির ভালো সর্ম্পক রয়েছে অনেক আগে থেকেই। তাই ভারতের প্রধানমন্ত্রীর বাংলাদেশ সরফরকালে তিনি বিএনপি নেত্রীর সঙ্গে অবশ্যই সাক্ষাত দেবেন।
দলের স্থায়ী কমিটির অপর সদস্য লে. জেনারেল (অব.) মাহবুবুর রহমান বলেন, আমি আগেও বলেছি এখনো বলছি বিএনপি নেত্রীর সঙ্গে ভারতের প্রধানমন্ত্রীর সাক্ষাত হবে। এতে সন্দেহের কোনো কারণ নেই। তিনি বলেন, বিএনপির সঙ্গে বিজেপির একটা গভীর ও নিবিড় সর্ম্পকতো রয়েছে। এর আগে ভারতের পরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরে আসারপর নানা প্রতিবন্ধকতার পরও তিনি খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাত করেছেন। তাদের দুজনের সঙ্গে একান্তে আলাপও হয়েছে। বিএনপির সঙ্গে বিজেপির সর্ম্পক নতুন কোনো বিষয় নয় এসর্ম্পক অটল বিহারী বাজপেয়ীর সময় থেকে।
দুই নেতার সঙ্গে বৈঠকে বিএনপির পক্ষ থেকে মোদিকে বাংলাদেশের গণতন্ত্র উদ্ধারে সহযোগিতা করার আহ্বান জানানো হবে। রাজনৈতিক দলগুলোর গণতান্ত্রিক অধিকার হরণ, গুম, খুন বিনাবিচারের হত্যা, অপহরণের বিষয়গুলো নিয়ে তার সঙ্গে আলোচনা হবে যোগ করেন বিএনপির এই নেতা।
বিগত ২০১২ সালের অক্টোবর মাসে এক সপ্তাহের সফরে ভারত যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেসময় ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখ্যার্জি ও ততকালিন প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে বৈঠক করে খালেদা জিয়া। এসময় বিজেপির দায়িত্বশীল নেতাদের সঙ্গেও সৌর্হাদ্য পূর্ণ বৈঠক হয় বিএনপির। কিন্তু ভারত সফরকালে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীর সঙ্গে সাক্ষাতের চেষ্টা করেও খালেদা জিয়ার সঙ্গে তার সাক্ষাত হয়নি। কারণ হিসেবে তখন বিএনপি নেত্রীকে জানানো হয়েছিল সোনিয়া গান্ধী সাংগঠনিক কার্যক্রমের অংশ হিসেবে রাজ্য সফরে থাকায় তার সঙ্গে সাক্ষাত সম্ভব নয়। এরপর অনেকটা মনক্ষুন্ন হয় বিএনপি। ভারত সফর থেকে ফেরারপর বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলটির স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম বলেন, ভারতের সঙ্গে বিএনপির কোনো বৈরিতা নেই। তারা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র। আমাদের দেশের স্বার্থের কথা আমরা বলতে গেলেই ভারতের বিরুদ্ধে যায় এটা ভাববার কোনো কারণ নেই। কারণ আমাদের দেশের কথা আমাদেরকে বলতে হবে।
ভারত সফর শেষে ফিরে বিএনপির এমন বক্তব্যের পর আবার অদৃশ্য সুতোরটানে কংগ্রেস সরকারের বা দলের সঙ্গে সর্ম্পক বেশী দূর এগুতে পারেনি বিএনপির। সর্ম্পকের টানাপোড়ন শুরু হয় ২০১৩ সালে ৪ মার্চ বাংলাদেশ সফরে আসা ভারতের রাষ্ট্রপতি প্রনব মুখার্জির সঙ্গে খালেদা জিয়ার নির্ধারিত বৈঠকটি বাতিল করার পর থেকে। বিএনপি নেত্রী সেদিন হরতালের অযুহাত দেখিয়ে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করেননি। যদিও সেসময় এই বিষয়টি নিয়ে ভারতের পত্রপত্রিকায় বিএনপিকে জড়িয়ে নানা আলোচনা ও সমালোচনা হয়েছে। এমনকি বিএনপির অনেক নেতা এখনো মনে করেন ভারতের রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত না করাটা দলের ও দেশের জন্য ক্ষতি হয়েছে। যার পরিণতি বিএনপিকে ভোগ করতে হচ্ছে। ভারতের রাষ্ট্রপতির সঙ্গে বিএনপির অসৌজন্যমুলক আচারণের জন্য কংগ্রেস ২০১৪ সালের ৫ জানুয়ারির নিবার্চনে এক তরফাভাবে আওয়ামী লীগকে সর্মথন দেয়।
তবে বিএনপির দায়িত্বশীলদের মধ্যে আবার কেউ কেউ মনে করেন এরফলে বিএনপির সঙ্গে বিজেপির সর্ম্পকের উন্নয়ন ঘটেছে। কারণ এসব নেতারা মনে করেন কংগ্রেসের সঙ্গে সর্ম্পক বিএনপির জন্য স্থায়ী নয়। কারণ কংগ্রেস আগাগোড়াই বাংলাদেশ আওয়ামী লীগ ও শেখ মুজিব পরিবারের সঙ্গে বেশী ঘনিষ্ঠ। তাই বিএনপি চেষ্টা করেও কংগ্রেসের সঙ্গে সর্ম্পকটা টেকসই হবে না। এসব বিবেচনায় বিএনপি কংগ্রেসের বিকল্প বিজেপির সঙ্গে সর্ম্পক উন্নয়নের বিষয়টি বেশী গুরুত্ব দিয়েছে। যার বহি:প্রকাশ ঘটে ভারতের সাধারণ নির্বাচনে কংগ্রেস সরকারের শোচনীয় পরাজয়ের পর বিজেপি ক্ষমতাসিন হওয়ায় বিএনপির মধ্যে এক ধরণের স্বস্তি দেখা যায়।
এদিকে দলের সূত্র জানায়, মোদির সফর নিয়ে বিএনপির পক্ষ থেকে স্বাগত জানানো হয়েছে। পাশাপাশি মোদির সঙ্গে বৈঠকের বিষয়টি নিশ্চিত করতে বিজেপির সঙ্গে সর্ম্পকিত নেতাদেরকে কাজে লাগানো হয়েছে। তারা ইতিমধ্যে বিজেপির নীতিনির্ধারকদের সঙ্গে যোগাযোগ করেছেন। যোগাযোগ রাখছেন ভারতের পরাষ্ট্রমন্ত্রণালয়ের সঙ্গেও। কারণ সরকারি সুচীতে প্রধানমন্ত্রী, বিরোধী দলের নেতা ও পরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের কথা থাকলেও বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সাক্ষাতের বিষয়টি উল্লেখ নেই। আর এ কারণে বিএনপিকে এখন অপেক্ষা করতে হচ্ছে ভারতের সিদ্ধান্তের জন্য।
আগামী ৬ জুন বাংলাদেশ সফরে আসছেন মোদি। আসন্ন সফরে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদা জিয়ার বৈঠকের এজে-া নিয়ে কাজ করছেন দলের দায়িত্বপ্রাপ্ত নেতারা। তিস্তা চুক্তি, বাণিজ্য ঘাটতি, সীমান্ত সমস্যার সমাধান, সীমান্তে বাংলাদেশী নাগরিকদের হত্যা বন্ধ সহ ৫ জানুয়ারির ভোটারবিহীন নিবার্চনের বিষয় নিয়েও বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্র জানায়।























































