বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদির সফরে কানেকটিভিটি গুরুত্ব পাবে


পূর্বাশা বিডি ২৪.কম :
২৭.০৫.২০১৫

narendra-modis-oath-taking-ceremony-6000-men-air-defence-to-secure-rashtrapati-bhavan-monday4
ডেস্ক রিপোর্ট ।। চুয়াল্লিশ বছরের জমে থাকা স্থলসীমান্ত সমস্যার সমাধান করে বেশ ফুরফুরে মেজাজেই বাংলাদেশ সফর করবেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তবে বাংলাদেশের উত্তরাঞ্চেলের বাঁচা-মরার সমস্যা তিস্তার পানি বন্টন নিয়ে আপাতত সমাধান হচ্ছে না বলেই মনে করছেন বিশ্লেষকরা। যদিও ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীসহ বিজিপির সিনিয়র নেতারা মোদির সফরেই তিস্তার পানি বন্টনের সমাধান করার কথা বলছেন। কিন্তু পশ্চিমবঙ্গকে কেন্দ্র করে ভারতের অভ্যন্তরীণ রাজনীতির কারণেই আপাতত তিস্তা চুক্তি হচ্ছে না বলে অনেকে মনে করেন। সাবেক বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল (অবঃ) আ ল ম ফজলুর রহমান বলেন, স্থলসীমান্ত চুক্তি বাস্তবায়নে ভারতের সংসদে বিল পাশ দুই দেশের জন্যই একটি ইতিবাচক দিক। ভারত পাকিস্তান ভাগের পর থেকেই এই ছিটমলবাসী ছিল দুর্ভোগে। কিন্তু এখন মনে হচ্ছে ছিটমহলবাসী মুক্তি পেতে যাচ্ছে। তবে একইসাথে বাংলাদেশ এই চুক্তির ফলে যেমন ভূমি পাচ্ছে তেমনি একটি বড় জনসংখ্যাও পাবে। বাংলাদেশে চাকুরির সুযোগ সুবিধাসহ অন্যান্য নাগরিক সুবিধাতে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষ সবাই সমান সুযোগ সুবিধা ভোগ করায় ছিটমহলের মানুষ এদেশে থাকার সিদ্ধান্ত নিবে বলেই মনে হচ্ছে।

আ ল ম ফজলুর রহমান বলেন, স্থলসীমান্ত চুক্তি হলেই সীমান্তে বিএসএফ’এর মানুষ মারা বন্ধ হবে একথা বলা যাবে না। সীমান্তে হত্যা বন্ধ করতে হলে ভারতীয়দের মানসিকতার পরিবর্তন প্রয়োজন। তিনি বলেন, সীমান্ত খোলা থাকায় এপারের গরুগুলো ঘাস খেতে খেতে যখন ভারতে চলে চায় তখন দরিদ্র কৃষক তার অর্থ উপার্জনের অবলম্বনটি যখন আনতে যায় তখনই বিএসএফ তাদের গুলি করছে। এই গুলি সীমান্ত চুক্তিতে বন্ধ হবে না। তা করলে হলে ভারতীয়দের মনে পরিবর্তন করতে হবে।

তিনি বলেন, পাহাড়ী সীমান্ত ছাড়া অন্যান্য সীমান্ত দিয়ে প্রতিনিয়তই ভারতীয় গরু আসছে। ভারতে গরু খাওয়া হয় না বলেই লক্ষ লক্ষ গরু এপারে চলে আসছে। আর সীমান্তের মানুষের আয় রোজগারের কোন মাধ্যম না থাকায় তারা এই গরুর ব্যবসার সাথে জড়িত হয়ে পড়েছে। দুই দেশের সীমান্তে সাড়ে চারশ’র বেশি বিজিবি ক্যাম্প রয়েছে। যদি এসব পয়েন্টের পাশে বৈধ পথে গরু আমদানি করে তার মাংস, চামড়া, হাড় প্রক্রিয়াজাত করে এখান থেকেই দেশের ভেতর এবং বাইরে বিশেষ করে চীনে রপ্তানি করা যেতে পারে। বিডিআর মহাপরিচালক থাকা অবস্থায় এধরণের একটি প্রস্তাব সরকারের কাছে দেয়া হয়েছিল। চীন পৃথিবীর অন্যতম গরুর মাংস আমদানিকারক।

আন্তর্জাতিক বিশ্লেষক অধ্যাপক ড. তারেক শামছুর রেহমান বলেন, মোদি নির্বাচনের আগেই আঞ্চলিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে গুরুত্বারোপ করেছিলেন। তার এক বছরের কার্যক্রমে দেখা যায় তিনি শুধু আঞ্চলিক নয় আন্তর্জাতিক নেতৃত্বেও প্রভাব বিস্তারের পথেই হাঁটছেন। বিশ্ব নেতৃত্বে ভারতকে প্রতিষ্ঠিত করতে হলে আঞ্চলিক সম্পর্ক সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বিষয়টি ভারতের বর্তমান সরকার খুব ভালো ভাবেই অনুধাবন করছে। একইসাথে তারা অর্থনৈতিক উন্নয়নের পথ কেউ সুগম করার চেষ্টা করে যাচ্ছে। সেই কারণেই মোদি তার সফরে কানেকটিভিটি বাড়ানোর ওপর অধিক গুরুত্বারোপ করবেন বলে মনে হচ্ছে। বাংলাদেশের পায়রায় গভীর সমুদ্রবন্দর নির্মাণে আগ্রহী ভারত। চট্টগ্রাম ও মংলা সমুদ্রবন্দর ব্যবহার করে বাংলাদেশের ওপর দিয়ে আরও ১৫টি রুটে ট্রানজিটও চায় ভারত। এছাড়া তাদের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে পণ্য এবং যাত্রী পরিবহনে নৌ, সড়ক, রেল ও সমুদ্রপথে সংযোগ বাড়াতে চায়। এজন্য উপযুক্ত অবকাঠামো উন্নয়নে ভারত প্রয়োজনীয় সহায়তা দিতেও প্রস্তুত।

ভারতকে সুপ্রতিষ্ঠিত করতেই মোদির বিশেষ ঝোঁক হল ব্যবসা-বাণিজ্য জোরদারের মাধ্যমে উন্নয়ন ত্বরান্বিত করা। আর অর্থনৈতিক কর্মকা-ের জন্য কানেকটিভিটি অপরিহার্য। যোগাযোগ অবকাঠামোর উন্নয়ন হলেই অর্থনীতির গতি বাড়বে।
সাবেক পররাষ্ট্র সচিব তৌহিদ হোসেন বলেন, মোদি এবারের সফরকালে ট্রানজিটের ব্যাপারে বড় কোনো চাপ সৃষ্টি করবেন না। কারণ এটা তার প্রথম সফর। তিনি সম্ভবত কানেকটিভিটির জন্য অবকাঠামো উন্নয়নে সহায়তার প্রতি জোর দেবেন। অবকাঠামো উন্নয়ন হয়ে গেলে ট্রানজিট পাওয়ার বিষয়ে ভারতের পক্ষে বড় একটি যুক্তি দাঁড় করানো সম্ভব হবে। এই মুহূর্তে ট্রানজিটের পক্ষে বড় যুক্তি দেখানো সম্ভব নয়।

তৌহিদ হোসেন মনে করেন, সীমান্ত চুক্তি সম্পাদন করে ভারত আসলে বাংলাদেশকে কিছু দেয়নি। দীর্ঘদিনের ঝুলে থাকা একটি সমস্যার নিষ্পত্তি করেছে। তার বিনিময়ে ট্রানজিট পাওয়া যৌক্তিক নয়। তাছাড়া তিস্তা চুক্তি এখনই হচ্ছে না। মোদি তার সফরে মমতা ব্যানার্জিকে সঙ্গে নিয়ে আসার মানে হল তিস্তার ইস্যুতে কিছু অগ্রগতি হতে পারে। ফলে এই সফরেই ট্রানজিটের জন্য জোরালো কিছু হওয়ার কথা নয়। ট্রানজিট নিয়ে নীতিগত আলোচনা হতে পারে।

বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার বীণা সিক্রিও মনে করেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আসন্ন বাংলাদেশ সফরে অর্থনৈতিক, নিরাপত্তা, সন্ত্রাস দমন, প্রভৃতি ইস্যুর সাথে কানেকটিভিটি গুরুত্বপূর্ণ ইস্যু হিসেবে আলোচনা হবে। নৌ ট্রানজিটসহ অন্যান্য ট্রানজিটের ব্যাপারে অনেক চুক্তি ও ডকুমেন্ট ইতিমধ্যেই দু’দেশের মধ্যে রয়েছে। এখন সেগুলোর কার্যকর ব্যবহারের লক্ষ্যে আরও আলোচনা হবে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি