নয় বছর আগে এই মাঠের রিজার্ভ বেঞ্চে বসেছিলেন তিনি। বিশ্বকাপ কোয়ার্টার ফাইনালে চোখের সামনে তার আর্জেন্তিনা তখন জার্মানির বিরুদ্ধে ১-১ ড্র করছে। ম্যাচ অতিরিক্ত সময়ে যায়। তবুও ওয়ার্ম আপ করার ডাক পড়েনি তার। টাইব্রেকারে একের পর এক ব্যর্থতা দেখতে হয়েছিল তাকে। হারের যন্ত্রণা রিজার্ভ বেঞ্চে বসেই অনুভব করতে হয়েছিল।
আজ আর তাকে রিজার্ভ বেঞ্চে বসিয়ে রাখার সাহস কোনও কোচের নেই। আজ তিনি তরুণ কোনো উঠতি তারকা নন। আজ বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। বা হয়তো সেরাই। তিনি- লিওনেল মেসি। যিনি ফিরতে চলেছেন তার সেই ‘অপয়া’ বার্লিনে। যে মাঠে দুঃস্বপ্নের দিন দেখতে হয়েছিল তাকে, সেই মাঠেই স্বপ্নের ট্রফি জেতার লড়াই এ বার তার সামনে।
তিনি, সুয়ারেজ ও নেইমার মিলে এখনও পর্যন্ত ১২০ গোল করেছেন। সাফল্যের রহস্য কী? মেসির মতে, ‘‘মাঠের বাইরেও আমরা খুব ভালো বন্ধু। যে কারণে মাঠে একসঙ্গে খেলতে অসুবিধা হয় না।’’ শনিবার গোল করতে পারলে মেসি প্রথম ফুটবলার হবেন যিনি তিনটা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে গোল করবেন। সে সব নিয়ে অবশ্য ভাবছেন না মেসি। যার কাছে, ব্যক্তিগত রেকর্ডের আগেও বেশি চ্যাম্পিয়ন্স লিগ ট্রফি। ‘‘গত দুটো ফাইনালে গোল করেছি। দুটোই স্মরণীয় ছিল। তবে ট্রফিটা না জিততে পারলে কোনো কিছুরই মূল্য নেই।’’ সমর্থকদের জন্য ফের ত্রিমুকুট জিততে চান এলএম টেন। ২০০৯-এর পর ফের সেই নজিরের সামনে বার্সেলোনা। ‘‘বার্সেলোনা আমায় অনেক কিছু দিয়েছে। এ বার আমার ফিরিয়ে দেওয়ার পালা। সমর্থকদের থেকে পাওয়া ভালবাসা ভুলতে পারব না কোনো দিন,’’ বলছেন বার্সা মহাতারকা। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলতে আজ শুক্রবার সকালেই বার্লিন যাবে বার্সেলোনা।
মেসি যখন তার ‘অপয়া’ মাঠে ফিরছেন, জুভেন্টাসের ফুটবলাররা আবার তাদের স্বপ্নের মঞ্চে প্রত্যাবর্তন করতে চলেছেন। আন্দ্রে পির্লো, জিয়ানলুইগি বুফোঁ-র মতো তারকারা এই বার্লিনের মাঠেই তাদের কেরিয়ারের সর্বশ্রেষ্ঠ মুহূর্তটা উপভোগ করেছিলেন। ২০০৬ সালে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতেছিল ইতালি। শনিবার সেই স্মরণীয় মাঠে নামার আগে কাপ জয়ের স্মৃতি থেকে উদ্দীপ্ত হতে চাইছে ইতালির ক্লাব। জুভেন্টাসের অন্যতম সেরা মিডফিল্ডার আন্দ্রে পির্লো বলছেন, ‘‘অনেক বছর কেটে গিয়েছে। কিন্তু বিশ্বকাপ ফাইনালের কথা আজও ভুলতে পারি না। সেই এক আনন্দটাই আবার ফিরে পেতে চাই শনিবার রাতে।’’ পির্লোর মতে ফাইনালে ‘ফেভারিট’ সেই বার্সেলোনাই। ‘‘কোনো সন্দেহ নেই বার্সেলোনা বেশি শক্তিশালী। কিন্তু আমরা জানি কী করতে হবে। এটা আমার চতুর্থ ফাইনাল। আশা করছি চ্যাম্পিয়ন্স লিগ জিতেই জুভেন্টাস ছাড়ব।’’
ফাইনালের আগে আবার বড় ধাক্কা জুভেন্টাসের। দলের ডিফেন্সের স্তম্ভ জিওর্জিও কিয়েলিনি চোটের জন্য খেলতে পারবেন না। যার জায়গায় হয়তো পরিবর্তে আসবেন অ্যাঞ্জেলো ওগবোনা।
এর আগে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে উঠেও ব্যর্থতার স্বাদ পেতে হয়েছিল জিয়ানলুইগি বুফোঁকে। প্রায় প্রতিটা বড় ট্রফি জিতে নেওয়া ইতালীয় গোলকিপার চ্যাম্পিয়ন্স লিগ জিতেই অবসর নিতে চান। ‘‘আমরা বার্লিনে শুধু ঘুরতে যাওয়ার জন্য যাচ্ছি না। যাচ্ছি ট্রফি জিততেই।’’
বুফোঁর হুঙ্কারেই পরিষ্কার, জুভেন্টাসও অঘটন ঘটাতে তৈরি। তাদের সামনেও যে ত্রিমুকুট জেতার চ্যালেঞ্জ।

























































