সোমবার,১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ


মোদিই খালেদার সঙ্গে বৈঠকের আগ্রহ দেখিয়েছিলেন


পূর্বাশা বিডি ২৪.কম :
১০.০৬.২০১৫

khaleda-modi-400x340

 

বিশেষ প্রতিবেদন: ভারতের প্রধানমন্ত্রীর ঢাকা সফরের আগে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে নরেন্দ্র মোদির বৈঠকের বিষয়টি নিয়ে জল ঘোলা কম হয়নি। সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল মোদি খালেদার সঙ্গে দেখা করছেন না। আবার বিএনপির তরফ থেকে বলা হচ্ছিল খালেদা-মোদি বৈঠক হচ্ছে। এ নিয়ে দুই দলের মধ্যে যথেষ্ট আলোচনা হয়েছে। কিন্তু সে সময় আসলে কি হয়েছিল তা পরিস্কার করেছে কলকাতার আনন্দবাজার পত্রিকা।

বুধবার আনন্দবাজার পত্রিকায় সাংবাদিক জয়ন্ত ঘোষাল এক উপ সম্পাদকীয়তে লিখেছে, ভারতের প্রধানমন্ত্রী মোদিই প্রথম বিএনপি চেয়ারপারসন  খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের ইচ্ছা প্রকাশ করেছিলেন। মোদির পক্ষ থেকেই খালেদার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করা হয় এবং খালেদাও রাজি হন।

ওই প্রবন্ধে লেখা হয়েছে, গত বছরের সেপ্টেম্বরে নিউ ইয়র্কে জাতি সংঘের অধিবেশনে যোগ দিতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সময় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে নরেন্দ্র মোদির একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। মোদি সেই বৈঠকে হাসিনাকে বলেছিলেন, বঙ্গবন্ধু দেশ গঠন করেছিলেন, আর আপনি সেই দেশ বাঁচিয়েছেন।

বাংলাদেশ এক ছোট সার্বভৌম রাষ্ট্র। কিন্তু ছোট রাষ্ট্র হলেও এই রাষ্ট্রের সঙ্গে সুসম্পর্ক রক্ষা করা ভারতের জন্য বিশেষ জরুরি। অটলবিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখনও নিউ ইয়র্ক শহরে  জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে এলে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতেন। ভারত এই সম্পর্ককে আওয়ামি লিগ এবং বিজেপি অথবা আওয়ামি লিগ এবং কংগ্রেসের সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে চায় না।

মনমোহন সিংহ যখন প্রধানমন্ত্রী ছিলেন, তখন প্রণব মুখোপাধ্যায় গুরুত্বপূর্ণ কেন্দ্রীয় মন্ত্রী। প্রণববাবুর সঙ্গে শেখ হাসিনার ব্যক্তিগত সম্পর্কও ছিল অত্যন্ত মধুর। শেখ হাসিনার পুত্র জয়কে প্রণববাবুর বাড়িতে এসে থাকতেও আমি দেখেছি। কিন্তু ভারত-বাংলাদেশ সম্পর্ককে যাতে কংগ্রেস-আওয়ামি লিগ সম্পর্ক হিসেবে দেখা না হয়, সে কথা বার বার কংগ্রেস নেতারা বলতেন। জয়রাম রমেশ তো এই ব্যাপারে একটি বিবৃতিও দিয়েছিলেন।

এ বারও নরেন্দ্র মোদি কিন্তু শেখ হাসিনার সঙ্গে বৈঠক করার পাশাপাশি বিরোধী নেত্রী খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করলেন। প্রথমে যে কর্মসূচি সাংবাদিকদের দেওয়া হয়েছিল, তাতে প্রধানমন্ত্রীর সঙ্গে খালেদার বৈঠকের উল্লেখ ছিল না। ছিল বিএনপি-র বিরোধী দলনেতার সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের কথা। কিন্তু মোদির পক্ষ থেকেই খালেদার সঙ্গে বৈঠক করার ইচ্ছা প্রকাশ করা হয়। এবং খালেদাও রাজি হন।

জয়ন্ত ঘোষাল কলামে উল্লেখ করেন-মোদির সফরের আগে বিএনপি ঘোষণা করেছিল, সেই সময় তারা বিক্ষোভ দেখাবে। এ ব্যাপারে বিএনপি-কে গোলমাল পাকানোর জন্য ইন্ধন দিচ্ছিল জামায়াত। কিন্তু খালেদাও জামায়াতের চাপের কাছে নতিস্বীকার করেননি। খালেদার দল বলেছিল, তিস্তা চুক্তি কেন হচ্ছে না, এই দাবিতে তারা মোদির সামনে বিক্ষোভ দেখাবে। কিন্তু মোদি যাওয়ার পর আমরা দেখলাম, গোটা শহরে কোথাও মোদি-বিরোধী বিক্ষোভ দেখাল না বিএনপি। উল্টে মোদির সঙ্গে বৈঠকে বসতে খালেদা রাজি হয়ে গেলেন।

প্রধানমন্ত্রী সচিবালয়ের এক জন অফিসার আমাকে বলছিলেন, খালেদাকে ঠান্ডা করে রাখতে পারলে আসলে কিন্তু শেখ হাসিনারও লাভ। দেশের স্বার্থরক্ষার প্রশ্নে অনেক ব্যাপারেই প্রধানমন্ত্রী যেমন বিরোধী দল কংগ্রেসকে সঙ্গে রাখতে চান, ঠিক সেই ভাবেই বাংলাদেশে শেখ হাসিনাও খালেদাকে সঙ্গে রাখতে চান জাতীয় বিষয়ে।

অতীতে প্রণব মুখোপাধ্যায়, পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণ, সালমান খুরশিদ, এমনকী প্রধানমন্ত্রী মনমোহন সিংহের সঙ্গেও একাধিক বার ঢাকা গিয়েছি। যখনই গিয়েছি, তখনই দেখেছি ভারত বিরোধী নেত্রীর সঙ্গেও তাঁরা সব সময় বৈঠক করেছেন। এ বারের বাংলাদেশ সফরে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রী যে ভাবে এক প্রত্যাশা তৈরি করলেন, তা প্রশংসনীয়। যে মমতা বন্দ্যোপাধ্যায়কে মনমোহন সিংহ বাংলাদেশের ব্যাপারে কাজে লাগাতে সমর্থ হননি, সে কাজে কিন্তু বিজেপি-র প্রধানমন্ত্রী সফল হলেন।

ব্যক্তিগত সম্পর্ক আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কাঠমান্ডুতে সার্ক সম্মেলনে তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে অটলবিহারী বাজপেয়ীর দ্বিপাক্ষিক বৈঠক হয়েছিল। খালেদার তখন খুব হাঁটুর ব্যাথা। ক’দিন আগেই বাজপেয়ীর হাঁটু বদলের অপারেশন হয়েছিল। শল্যচিকিৎসক ছিলেন নিউ ইয়র্কের ডঃ রানওয়াত। খালেদাকে বাজপেয়ী রানওয়াতের কথা বলেন এবং তাঁকে পরামর্শ দেন যাতে খালেদা তাঁকে দেখিয়ে হাঁটুর অপারেশন করিয়ে নেন। এই ব্যক্তিগত আলাপচারিতা একটি অন্য রাষ্ট্রনায়কের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলা— এগুলি সবসময়েই বিশেষ তাৎপর্যপূর্ণ।

নরেন্দ্র মোদি কয়েক দিন আগেই আমাকে বলছিলেন, ‘‘পৃথিবীটা যতই বড় লাগুক, ২০-২৫ জন রাষ্ট্রনায়ক নিরন্তর নিজেদের মধ্যে যোগাযোগ রক্ষা করেন। রাষ্ট্রনায়কদের একটি ক্লাব তৈরি হয়ে গিয়েছে।’’ বস্তুত, বাংলাদেশের প্রধানমন্ত্রীও এই ক্লাবের সদস্য। বাংলাদেশ সফরে প্রধানমন্ত্রী খুশি। কিন্তু তিনি তাঁর অফিসারদের নির্দেশ দিয়েছেন, এই সফরে বাংলাদেশ নিয়ে কাজ শেষ নয়, আসলে শুরু।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি