
ডেস্ক রিপোর্টঃ
গঠনতন্ত্রে কিছুটা পরির্বতন এনে নতুন আঙ্গিকে বিএনপিকে সাজানোর চিন্তা -ভাবনা করছে দলীয় হাই-কমান্ড। দলের সাংগঠনিক কর্মকান্ডে গতি বাড়াতে ‘এক নেতার এক পদ’ রাখার উদ্যোগ সিদ্ধান্ত নিয়েছেন চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এটাকে কাউন্সিলের একটা চমক হিসেবেও রাখা হয়েছে। পাশাপাশি নগর কমিটিকে ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ দু’ভাগে ভাগ করার নীতিগত সিদ্ধান্তও রয়েছে দলটির। সেক্ষেত্রে কমিটিতে থাকা আহবায়ক ও সদস্য সচিবের পদ বাদ দিয়ে নতুন সংযোজন করা হতে সভাপতি ও সাধারণ সম্পাদকের পদ। বিএনপি’র একাধিক দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, যা দলের পরবর্তী কাউন্সিলে বাস্তবায়ন করা হতে পারে। নগর বিএনপি বিগত রাজপথের আন্দোলনে ব্যর্থ হয়েছে বলে তৃণমূলে যে অভিযোগ রয়েছে। সেই তকমা থেকে বেরিয়ে আসতেই মহানগর বিএনপিকে ঢেলে সাজাতে এমন সিদ্ধান্ত নিয়েছে দলীয় প্রধান।
এদিকে এক নেতার ৩/৪ পদ আঁকড়ে ধরার সুযোগও আর থাকছে না। কাউন্সিলের আগেই একাধিক পদ যারা আঁকড়ে রয়েছেন তাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানায় বিএনপির হাই কমান্ড।
এদিকে তিন সিটি করপোরেশন নির্বাচনের পরপরই বিএনপি’র সাংগঠনিক অবস্থান আরো জোরদার করতে দলের পুনর্গঠন প্রক্রিয়া পুরোদমে শুরু করার আলোচনা চলছে। সেক্ষেত্রে সর্বপ্রথম আলোচনায় উঠে এসেছে ঢাকা মহানগর বিএনপির পুনর্গঠনের বিষয়টি। কারণ কেন্দ্র থেকে শুরু করে তৃণমূল পর্যায়ের প্রায় অধিকাংশ নেতাকর্মীর কাছে বিগত আন্দোলন কর্মসূচিতে নগর বিএনপির ভূমিকা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যার ফলশ্রুতিতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াও চান শুধু মহানগরেই নয়, কেন্দ্রীয় বিএনপিতেও আগামীতে তরুণ নেতৃত্ব আসুক।
খোঁজ নিয়ে জানা গেছে, দলের সর্বশেষ জাতীয় কাউন্সিলে ‘এক নেতার এক পদ’ রাখার উদ্যোগ নেওয়া হলেও শেষ পর্যন্ত বাস্তবায়ন করা সম্ভব হয়নি। তবে এবার বেগম জিয়া ‘এক নেতার এক পদ’ এর ব্যাপারে অনড় অবস্থানে রয়েছে বলেও জানা গেছে। এমনকি চলমান রাজনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় দুই ভাগে বিভক্ত করে ঢাকা মহানগর বিএনপির নেতৃত্বে তরুণদের অগ্রাধিকার দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে নীতিনির্ধারকরা।
এ প্রসঙ্গে বিএনপি’র সহ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক এবং ঢাকা মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক আবু সাঈদ খোকন বলেন, এই মুহূর্তে নগর বিএনপি নিয়ে কেন্দ্রের কোনো পরিকল্পনা রয়েছে কি না তা আমার জানা নেই। তবে দলের হাই কমান্ড যদি ঢাকা মহানগর বিএনপির সাংগঠনিক অবস্থান আরো শক্তিশালী করতে দল পুনর্গঠন করার প্রয়োজনীয়তা অনুভব করে থাকেন তাহলে সে উদ্যোগ কিংবা সিদ্ধান্তকে অবশ্যই স্বাগত জানাই।
প্রসঙ্গত, ২০১৪ সালে ১৮ জুলাই দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসকে মহানগর বিএনপির আহ্বায়ক ও স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব-উন-নবী খান সোহেলকে সদস্য সচিব করে ৫২ সদস্যের হাই প্রোফাইলের ঢাকা মহানগর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। পরবর্তীতে আহবায়ক কমিটিকে দুই মাসের মধ্যে কাউন্সিল করে মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশ দেন বেগম জিয়া। তবে কয়েক দফায় উদ্যোগ নিয়েও আইনশৃঙ্খলা বাহিনীর অহেতুক হয়রানির জন্য নগর বিএনপির থানা-ওয়ার্র্ডের পূর্ণাঙ্গ কমিটি করা সম্ভব হয়নি বলে দলটির পক্ষ থেকে অভিযোগ রয়েছে।























































