বৃহস্পতিবার,২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ


কুমিল্লায় শত শত শিক্ষার্থীর অজান্তে ভর্তির আবেদন


পূর্বাশা বিডি ২৪.কম :
২৪.০৬.২০১৫

ইমতিয়াজ আহমেদ জিতুঃ
এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণার পর শুরু হয়েছে ভর্তি যুদ্ধ । এবার অনলাইনে ভর্তির জন্য আবেদন করতে হচ্ছে। তবে সমস্যা দেখা দিয়েছে ভর্তির ফরম পূরণ করতে গিয়ে । কুমিল্লা শিক্ষা বোর্ডে প্রতিদিনই কুমিল্লায় শতশত শিক্ষার্থী লিখিত অভিযোগ করছেন বলে বোর্ড কর্তৃপক্ষ জানায় । তাদের অভিযোগ তাদের অজান্তেই ভর্তির আবেদন করেছে প্রতারকরা। শিক্ষার্থীদের ভর্তি নিয়ে এ ধরণের প্রতারণার ঘটনায় সর্বত্র শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

এর মধ্যে কুমিল্লার মুরাদনগর উপজেলার বাইরা স্কুল এন্ড কলেজে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ দেড় শতাধিক শিক্ষার্থীর অজান্তে প্রতারণার মাধ্যমে কলেজ কর্তৃপক্ষ একাদশ শ্রেণিতে ভর্তির জন্য এসএমএস’র মাধ্যমে ভর্তির আবেদন সম্পন্ন করে ফেলে। এ ঘটনায় বৃহস্পতিবার দুপুরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা কলেজ ক্যাম্পাসে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে অধ্যক্ষসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানায়।

প্রতারিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকসহ স্থানীয় সূত্রে জানা যায়, এসএসসি পরীক্ষার ফলাফলে মুরাদনগর উপজেলার বাইরা স্কুল এ- কলেজ থেকে ১৫১ জন পরীক্ষার্থী বিভিন্ন গ্রেডে উত্তীর্ণ হয়। গত ২-৩ দিন যাবত এসব পরীক্ষার্থীরা মোবাইলে ও বিভিন্ন কম্পিউটার সেণ্টারে ভর্তির আবেদন করতে গিয়ে ব্যর্থ হয়। পরে বৃহস্পতিবার তারা ওই কলেজে গিয়ে জানতে পারে এরই মধ্যে তাদের ভর্তি আবেদন অত্র কলেজ কর্তৃপক্ষই সম্পন্ন করে ফেলেছে।

তারা জানান, বাইরা স্কুল এ- কলেজের অধ্যক্ষ কামাল উদ্দিন আহাম্মেদ ও সভাপতি আলী ইমাম কাউছার সুকৌশলে স্কুলের অফিস সহকারী আরজু বেগমের মাধ্যমে অনলাইনে শতাধিক শিক্ষার্থীর নাম ও রোল নাম্বার দিয়ে বাইরা কলেজকে প্রথম পছন্দ উল্লেখ করে এসএমএস পাঠিয়ে ভর্তির আবেদন করেছে। এতে তারা তাদের পছন্দের ভালো কোন কলেজে ভর্তি হতে পারবে না বলে ক্ষোভ প্রকাশ করে।

প্রতারণার শিকার বাইরা স্কুলের জিপিএ-৫ অর্জনকারী ছাত্রী রহিমা আক্তার ও আয়েশা আক্তার জানায়, তারা কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ বা দেবিদ্বার জোবেদা খাতুন মহিলা কলেজে ভর্তি হওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। কিন্তু কলেজের অধ্যক্ষ ও সভাপতি যোগসাজশে এ স্বপ্ন ভেঙ্গে দিয়েছে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি