একটি আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিতে আগামী নভেম্বরে ঢাকা সফরের আমন্ত্রণ জানানো হয়েছে জাতিসংঘ মহাসচিব বান কি-মুনকে। তবে তার সফরের বিষয়টি চূড়ান্ত হয়েছে কি না, সে বিষয়ে কিছু জানাতে পারেননি মহাসচিবের মুখপাত্র ফারহান হক।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত এ কে এ মোমেন বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে জানান, নভেম্বরে ঢাকায় ‘পার্টনার্স ইন পপুলেশন অ্যান্ড ডেভেলপমেন্ট (পিপিডি)’ সম্মেলনে অংশ নিতে মহাসচিবকে এই আমন্ত্রণ জানানো হয়েছে।
রাষ্ট্রদূত বলেন , বৃহস্পতিবার মহাসচিবের সঙ্গে আমার কথা হয়েছে। তবে ঢাকা সফর সম্পর্কে তিনি কিছু বলেননি।”
জনসংখ্যা ও উন্নয়ন বিষয়ে কাজের জন্য বাংলাদেশ, ভারত, চীনসহ নিম্ন ও মধ্যম আয়ের ২৬টি দেশের এই জোট পিপিডির যাত্রা শুরু হয় ১৯৯৪ সালে। ঢাকায় পিপিডির সদর দফতরেই আগামী নভেম্বরে এই সম্মেলন হবে।























































