একটি ন্যায়-নিষ্ঠ সমাজ বিনির্মাণে যুদ্ধাপরাধের বিচার করা অনিবার্য বলে মন্তব্য করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বলেন, যুদ্ধাপরাধ ও মানবতাবিরোধী অপরাধ আমাদের মানবিক মর্যাদাকে ভূ-লুন্ঠিত করে, জাতিসত্ত্বার মূলে কুঠারাঘাত করে। তাই বর্তমান সরকার যুদ্ধ অপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করেছে, ইতোমধ্যে বিচারের রায় কার্যকর হচ্ছে। দুজন যুদ্ধাপরাধীর মৃত্যুদ- কার্যকর হয়েছে। পর্যায়ক্রমে সকল যুদ্ধাপরাধীর বিচার সম্পন্ন হবে বলেও জানান তিনি।
শুক্রবার রাজধাণীর ধানমন্ডিতে শহীদ জননী জাহানারা ইমামের ২১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় স্পিকার এসব কথা বলেন। এ সময়ে ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবির, সহ-সভাপতি শহীদ জায়া শ্যামলী নাসরিন চৌধুরী, ছায়ানটের সভাপতি অধ্যাপিকা সনজিদা খাতুন, উদীচী শিল্পী গোষ্ঠীর সভাপতি কামাল লোহানী, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক মুনতাসীর মামুন প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অধ্যাপক অজয় রায়কে জাহানারা ইমাম স্মৃতিপদক প্রদান করা হয়।
শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ সংবিধানের আলোকে স্বাধীনতার চেতনায় গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সরকারের পাশাপাশি সকলকে একযোগে কাজ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জিবীত গণতান্ত্রিক প্রগতিশীল সমাজ বিনির্মাণে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে বাংলাদেশকে একটি অসাম্প্রদায়িক রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে সকলকে একযোগ কাজ করতে হবে।
তিনি বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলনে প্রেরণা জুগিয়েছে সাংস্কৃতিক আন্দোলন ও সাংস্কৃতিক কর্মীরা। আমাদের জাতিসত্ত্বার সাথে মিশে আছে সাংস্কৃতিক বোধ। আমাদের সকল চিন্তা চেতনা , মেধা-মননে, এই সাংস্কৃতিক বোধ সদা জাগ্রত।























































