তাওহিদ হোসেন মিঠুঃ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার পেন্নাই এলাকায় কার্ভাডভ্যান ও সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে আঃ করিম (২৮) ও আবুল কালাম (২২) নামের দুই ভাই নিহত হয়েছে। এ ঘটনায় ৪ জন আহত হয়েছেন।
রোববার (২৮ জুন) সকাল ৭ টার দিকে এ দুঘর্টনা ঘটে।
নিহতরা হলেন, দাউদকান্দি উপজেলার কুশিয়ারা গ্রামের আঃ মান্নান মোল্লার পুত্র আঃ করিম (২৮) ও আবুল কালাম (২২)। হতাহতরা সবাই সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী ছিলেন। আহতদের গৌরীপুর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত সেবার জন্য ঢাকা প্রেরণ করা হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার উপ-পরিদর্শক ( এসআই) মোঃ রফিকুল ইসলাম বাংলানিউজকে জানায়, পেন্নাই এলাকায় ঢাকাগামী একটি কার্ভাডভ্যানের সাথে বিপরীত দিক থেকে সিএনজি চালিত অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলে দুই ভাইয়ের মৃত্যু হয়।
লাশ ও দুঘর্টনা কবলিত গাড়ি দুটি দাউদকান্দি হাইওয়ে থানা পুলিশ হেফাজতে রয়েছে।

















































