বুধবার,১৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » জাতীয় » ত্রাণ ও খাদ্য মন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে সরকারি দলে ক্ষোভ বাড়ছে


ত্রাণ ও খাদ্য মন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে সরকারি দলে ক্ষোভ বাড়ছে


পূর্বাশা বিডি ২৪.কম :
০৪.০৭.২০১৫

Maya-Kamrul1-400x250

ডেস্ক রিপোর্টঃ

ত্রাণ ও খাদ্য মন্ত্রীর মন্ত্রিত্ব নিয়ে প্রশ্ন উঠায় বিব্রত সরকার। বিষয়টি নিয়ে দলের ভিতরে বাড়ছে ক্ষোভ। তবে মুখ খুলছেন না শীর্ষ নেতারা।

স্পর্শকাতর এই ইস্যুতে মন্তব্য করতে সরকারের নির্ধারকরা রাজি না হলেও বাণিজ্যিক মন্ত্রী তোফায়েল আহমেদ জানান, সব কিছুর শেষ আছে।

আওয়ামী লীগের নারী সংসদ সদস্য পিনু খানের ছেলে পিস্তল দিয়ে দুজনকে হত্যার বিষয়টি সরকারকে যখন বেশ বিতর্কের মুখে ঠেলে দেয়, ঠিক তখনই আলোচনায় চলে আসে দুই প্রভাবশালী মন্ত্রীর দুর্নীতিপ্রসঙ্গ। শুধু মিডিয়ায় নয়, ত্রাণ মন্ত্রী মোফাজল হোসেন চৌধুরী মায়া এবং খাদ্য মন্ত্রী কামরুল ইসলামের বিরুদ্ধে আলোচনা হচ্ছে দলীয় ফোরামে, বাড়ছে ক্ষোভও। এদিকে দুই মন্ত্রীর পদত্যাগ চেয়েছে বিএনপি, জামায়াতও।

এদিকে নৈতিকভাবে এই দুই মন্ত্রীর ক্ষমতায় থাকা উচিত নয় বলে মনে করে সুশীল সমাজ।

টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান সুলতানা কামাল বলেন, একটা পদে থেকে কিছু বলা না বলার মধ্যে দিয়েও অনেক প্রভাব খাটানো যায়, এনমকি তারা বলছেনও। নিরপেক্ষতা বজায় রাখতে, বিচার প্রক্রিয়াটাকে সহায়তা করতে তাদের পদত্যাগ করা প্রয়োজন বলে আমরা মনে করি।

এদিকে সিটি নির্বাচনের ঢাকা মহানগরের নেতা মায়া এবং কামরুলের বিতর্কিত ভূমিকায় বিরক্ত দলের হাইকমান্ড। আওয়ামী লীগের একাধিক নেতা জানিছেন শীঘ্রই সরকার ও দলের শুদ্ধিকরণ অভিযান শুরু হবে। এছাড়া মহানগর আওয়ামী লীগের কমিটিতেও বিতর্কিতরা বাদ পড়বেন।

ব্রাজিল থেকে আমদানিকৃত গমের মান ঠিক আছে কি না তা দেখার জন্য ইতিমধ্যে নির্দেশ দিয়েছে হাই কোর্ট। এদিকে ১৩ বছর সাজা হবার পর মায়ার মামলাটি আপিল বিভাগ নতুন করে বিচারের জন্য হাই কোর্টে পাঠিয়েছে।

এদিকে আওয়ামী লীগ সরকার ও নেতারা এই বিষয়ে কোন কথা বলতে চাচ্ছে না। কারণ দুই মন্ত্রীর বিরুদ্ধে উঠা অভিযোগ নিয়ে দল এবং মন্ত্রিসভার অনেকেই বিব্রত। তারা বলছেন, বিষয়টি বেশ গুরুত্বের সাথে নিচ্ছে সরকার। তবে দুটি বিষয় বিচারাধীন হওয়ায় তাদের ভবিষ্যত নির্ভর করছে আদালতের উপর।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি