সোমবার,১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ
  • প্রচ্ছদ » খেলা » রেকর্ডের পাতায় পাকিস্তানের রোমাঞ্চকর জয়, আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তিনে পাকিস্তান


রেকর্ডের পাতায় পাকিস্তানের রোমাঞ্চকর জয়, আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে তিনে পাকিস্তান


পূর্বাশা বিডি ২৪.কম :
০৭.০৭.২০১৫

pakistan

ডেস্ক রিপোর্ট :

১৭১ রানের এই ইনিংসটা সম্ভবত আজীবন মনে রাখবেন ইউনুস খান। এই ইনিংসটা চিরস্মরণীয় হয়ে থাকবে পাকিস্তানের ক্রিকেট ইতিহাসেও। এটাই যে পাকিস্তানকে এনে দিল রোমাঞ্চকর এক জয়। নিজেদের টেস্ট ইতিহাসে তো বটেই, এশিয়াতেই যেকোনো দলের এটি দ্বিতীয় সর্বোচ্চ রান তাড়া করে জেতার রেকর্ড। শ্রীলঙ্কাকে সাত উইকেট হারিয়ে ২-১-এ সিরিজ জিতল পাকিস্তান।

তিন ম্যাচ টেস্ট সিরিজের তৃতীয় ও শেষ টেস্টে স্বাগতিক শ্রীলংকাকে ৭ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নিয়েছে সফরকারী পাকিস্তান। মঙ্গলবার টেস্টের পঞ্চম ও শেষ দিনে ইউনিস খানের ১৭১ রানের হার না মানা ইনিংসের সুবাদে মাত্র ৩ উইকেট হারিয়ে ৩৭৭ রানের পাহাড় টপকে ম্যাচ ও সিরিজ জয় করে নেয় মিসবাহ-উল-হকের দল। এই দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারস্বরূপ আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে ষষ্ঠ স্থান থেকে এক লাফে তিনে উঠে এসেছে পাকিস্তান।

র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে থেকে শ্রীলংকা সিরিজ শুরু করে পাকিস্তান। ইংল্যান্ড ও ভারতের সমান ৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তখন ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে থাকায় টেস্টে র‌্যাংকিংয়ের ষষ্ঠ স্থানে ছিল মিসবাহ-উল-হকের দল। তবে শ্রীলংকার বিপক্ষে  তিন টেস্টের দুটিতে জিতে ৪ রেটিং পয়েন্ট বেড়ে ১০১ পয়েন্ট নিয়ে এখন তিনে উঠে এসেছে পাকরা। ৯৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে।

misbah

গেল বছরের অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতের নিরপেক্ষ ভেন্যুতে অস্ট্রেলিয়াকে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজে পরাজিত করে র‌্যাংকিংয়ের তৃতীয় স্থানে উঠে আসে পাকিস্তান। এরপর নভেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১-১ ব্যবধানে টেস্ট সিরিজ ড্র করলেও তিনেই থাকেন মিসবাহরা।

তবে বাংলাদেশের মাটিতে বৃষ্টির কারণে একটি টেস্ট ড্র হওয়ায় এবং ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ড ভালো ফলাফল করায় তিন থেকে ছয়ে নেমে যায় পাকিস্তান। শ্রীলংকাকে তাদের মাটিতে হারিয়ে র‌্যাংকিংয়ের তিন নম্বর স্থান পুনরুদ্ধার করেন মিসবাহ-ইউনিসরা।

misbah-younis

সর্বোচ্চ ১৩০ রেটিং পয়েন্ট নিয়ে সবার ওপরে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১১। ৯৯ পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ড রয়েছে চতুর্থ স্থানে। সমান ৯৭ পয়েন্ট নিয়ে পাঁচ ও ছয়ে রয়েছে যথাক্রমে ভারত ও ইংল্যান্ড। পাকিস্তানের কাছে সিরিজ হেরে ৪ পয়েন্ট খুইয়ে সাতে নেমে গেছে শ্রীলংকা, রংকানদের রেটিং পয়েন্ট ৯২। এছাড়া অষ্টম, নবম ও দশম স্থানে রয়েছে যথাক্রমে ওয়েস্ট ইন্ডিজ, বাংলাদেশ ও জিম্বাবুয়ে।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি