কুমিল্লা বিবির বাজারে বিজিবি ও এলাকাবাসীর সাথে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় তিন বিজিবি সদস্য সামান্য আহতসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা পৌঁণে ৭টা থেকে শুরু হওয়া এ সংঘর্ষ দফায় দফায় চলতে থাকে রাত সাড়ে ১০টা পর্যন্ত।
আহতদের পরিচয় পাওয়া যায়নি।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ইফতারের আগে অজ্ঞাত এক চোরাকারবারী সিএনজি চালিত অটোরিকশা যোগে ভারতীয় আমদানী নিষিদ্ধ শাড়ি নেয়ার সময় বিজিবির ২ সদস্য তাকে আটকায়। বিজিরি ওই সদস্যদের সাথে ধস্তাধস্তি করে চোরাকারবারী পালিয়ে যায়। এসময় বিজিরি দুই সদস্যের উপর আক্রমণও করে ওই চোরাকারবারী।
এ খবর বিবিরবাজার বিজিবি ক্যাম্পে পৌঁছলে ওই ক্যাম্প থেকে অতিরিক্ত বিজিবি সদস্য এসে বিবির বাজারে অভিযান চালায়। তারা ওই এলাকার যোবায়ের ও মিজান নামে দুই নিরীহ ছেলেকে আটক করে নিয়ে যায়। এসময় বিজিবি সদস্যরা ওই দুই ছেলেকে শারীরিক নির্যাতনও করে।
এ ঘটনা দেখে এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে ওই দুই ছেলেকে ছাড়িয়ে আনতে বিজিবির সাথে দ্বন্দ্বে জড়ায়। এসময় বিজিবি ও এলাকাবাসীর মধ্যে কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তিন বিজিবি সদস্যসহ অন্তত ১০ জন আহত হয়।
এ বিষয়ে বিজিবি বিবির বাজার কোম্পানী কমান্ডার আবদুল কুদ্দুস বিজিবির তিন সদস্য সামান্য আহতের কথা স্বীকার করে বলেন, চোরাকারবারীদের ধরতে গেলে এলাকাবাসীর বাধাঁর মুখে ধাক্কা ধাক্কি হয়েছে।

















































