রবিবার,১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ


কার্ডিফ টেস্ট, চার দিনেই জিতে গেল ইংল্যান্ড


পূর্বাশা বিডি ২৪.কম :
১২.০৭.২০১৫

England_762056295

ডেস্ক রিপোর্টঃ

ছুটির দিন, কার্ডিফের সোফিয়া গার্ডেনে কাল সকাল থেকেই তিল ধারণের ঠাঁই নেই। অপেক্ষাটা ইংল্যান্ডের জয়ের। সারা দিন ধরেই উৎসব করেছে দর্শকেরা। ইংল্যান্ডের প্রতিটি বলের সঙ্গেই সঙ্গেই গ্যালারি থেকে গর্জন উঠেছে, বার্মি আর্মি বন জোভির ‘লিভিং অন আ প্রেয়ার’ গানের কোরাস তুলেছে। এই কোরাস এখন লম্বা হবে। চতুর্থ দিনেই কার্ডিফ টেস্টটা ১৬৯ রানে জিতে সিরিজে এগিয়ে গেল ইংল্যান্ড (১-০)। অস্ট্রেলিয়া থেকে গত অ্যাশেজে ‘হোয়াইটওয়াশ’ হয়ে আসা ইংল্যান্ড নিজেরাই কি এবারের অ্যাশেজে এমন সূচনা আশা করেছিল?
পরশু নাথান লায়ন আশার গান শুনিয়ে গিয়েছিলেন, অস্ট্রেলিয়ার পক্ষে ইতিহাস গড়ে জেতা সম্ভব! কাল যতই সময় গড়িয়েছে, সেই আশা একটু একটু করে দূরে সরে গেছে। প্রথম উইকেটটা তৃতীয় ওভারেই ইংল্যান্ড প্রায় পেয়েই গিয়েছিল। অ্যান্ডারসনের বলে স্লিপে ক্রিস রজার্সের ক্যাচটি ফেলে দিয়েছেন জো রুট। ভাগ্য ভালো, সেটার জন্য বেশি আফসোস করতে হয়নি। ১০ রান করেই ব্রডের বলে আউট রজার্স, গড়তে পারলেন না টানা ৮ ইনিংসে ফিফটির রেকর্ড।
ওয়ার্নার-স্মিথ অবশ্য এরপর আশা দেখাতে শুরু করেছিলেন। মনে হচ্ছিল, প্রথম সেশনটা অস্ট্রেলিয়া আর কোনো উইকেট না হারিয়েই পার করে দেবে। প্রথম ইনিংসে যেমন স্টিভ স্মিথকে আউট করে ব্রেক থ্রু এনে দিয়েছিলেন, কালও লাঞ্চের ঠিক আগে ডেভিড ওয়ার্নারের মূল্যবান উইকেটটি তুলে নিয়েছেন মঈন আলী। ৯৭ রানে এই উইকেট পড়ার পরেই হুড়মুড় করে ভেঙে পড়েছে অস্ট্রেলিয়ার ব্যাটিং।
এ যেন প্রথম ইনিংসের ‘দেজা ভু’। নইলে আগের ইনিংসের মতো স্মিথ ঠিক ৩৩ রানেই আউট হবেন কেন? শেন ওয়াটসনও ঠিক একইভাবে এলবিডব্লু হবেন কেন? প্রথম ইনিংসে রিভিউ চেয়ে ব্যর্থ হয়েছিলেন, কালও রিভিউ চেয়ে হতাশ হতে হলো ফর্মে ফিরতে ব্যাকুল অস্ট্রেলিয়ান অলরাউন্ডারকে। তার আগেই অবশ্য অস্ট্রেলিয়ার মিডল অর্ডারে ধস নেমেছে। স্মিথের পর মাইকেল ক্লার্ক ও অ্যাডাম ভোজেস ফিরে গেছেন খুব তাড়াতাড়িই। পরে হাডিনকে কুকের দুর্দান্ত এক ক্যাচ বানিয়েছেন মঈন। ওয়াটসন ফিরে গেছেন ১৫১ রানে। ২৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলা অস্ট্রেলিয়ার পরাজয়ও প্রায় নিশ্চিত তখনই। তারপরও যে অস্ট্রেলিয়া শেষ ৩ উইকেট নিয়ে ৯১ রান তুলল, সেই কৃতিত্ব মিচেল জনসনের। সর্বোচ্চ ৭৭ রান এসেছে তাঁর ব্যাট থেকেই। তথ্যসূত্র: স্টার স্পোর্টস।



এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি